কেউ গ্রেপ্তার না হওয়ায় হতাশ দীপনের বাবা
২১ দিন পেরিয়ে গেলেও জাগৃতি প্রকাশনীর স্বত্বাধিকারী ফয়সল আরেফিন ওরফে দীপন হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত কেউ গ্রেপ্তার হয়নি। এই ঘটনায় হতাশা প্রকাশ করেছেন দীপনের বাবা ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের অধ্যাপক আবুল কাসেম ফজলুল হক।
রাজধানীর বাংলাবাজারে আজ শনিবার এক স্মরণসভায় আবুল কাসেম এই হতাশার কথা জানান। বাংলাদেশ পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতি এই স্মরণসভার আয়োজন করে।
স্মরণসভায় আবুল কাসেম বলেন, ‘আমি প্রথমে বলেছিলাম, বিচার চাই না। কিন্তু দীপনের স্ত্রী তো মামলা করেছেন। অথচ ২১ দিনেও পুলিশ কাউকে গ্রেপ্তার করতে পারল না। আমি এ নিয়ে হতাশ’।
স্মরণসভায় সভাপতিত্ব করেন পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতির সভাপতি আলমগীর শিকদার। বক্তব্য দেন শ্রাবণ প্রকাশনীর স্বত্বাধিকারী রবিন আহসান ও পলল প্রকাশনীর খান মাহবুব।
ফয়সল আরেফিনকে গত ৩১ অক্টোবর শাহবাগের আজিজ সুপার মার্কেটে কুপিয়ে হত্যা করা হয়। ওই ঘটনায় অজ্ঞাতদের বিরুদ্ধে মামলা করেন তাঁর স্ত্রী রাজিয়া রহমান। গোয়েন্দা পুলিশ (ডিবি) মামলাটি তদন্ত করছে। তবে এই ঘটনায় এখনো কেউ গ্রেপ্তার হয়নি।