প্রথম আলোর ফরিদপুর প্রতিনিধি পান্না বালাকে লাঞ্ছনার ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন আইনপ্রণেতা, জনপ্রতিনিধি, ব্যবসায়ী, রাজনৈতিক নেতাসহ বিভিন্ন শ্রেণী-পেশার লোক।এদিকে লাঞ্ছনার ঘটনার দুই দিন পেরিয়ে গেলেও অভিযোগ ওঠা জেলা আওয়ামী লীগের সহ-দপ্তর সম্পাদক কে এম খায়রুদ্দীন ওরফে মিরাজ ও তাঁর সহযোগীদের গ্রেপ্তার করতে পারেনি পুলিশ। এতে সুধীমহল ও সাংবাদিকদের মধ্যে উদ্বেগের সৃষ্টি হয়েছে।এ ব্যাপারে জেলার অতিরিক্ত পুলিশ সুপার বিজয় বসাক গতকাল প্রথম আলোকে বলেন, সাংবাদিক লাঞ্ছিত হওয়ার ঘটনায় ফরিদপুর প্রেসক্লাবের দেওয়া স্মারকলিপি সাধারণ ডায়েরি হিসেবে গণ্য করা হয়েছে। পুলিশ লাঞ্ছনাকারীদের বিরুদ্ধে আইনগত পদক্ষেপ নেওয়ার কার্যক্রম শুরু করেছে।একই ধরনের বক্তব্য দিয়ে ফরিদপুর কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নূরে আলম সিদ্দিকী বলেন, ‘একজন সাংবাদিককে লাঞ্ছনার ঘটনাটি সহজভাবে দেখার সুযোগ নেই। আমরা এ বিষয়টি অত্যন্ত গুরুত্বের সঙ্গে নিয়েছি।’নিন্দা ও প্রতিবাদ জানালেন যাঁরা: ফরিদপুর-১ (বোয়ালমারী, আলফাডাঙ্গা ও মধুখালী) আসনে ক্ষমতাসীন আওয়ামী লীগের সাংসদ আবদুর রহমান, ওই আসনে বিএনপির সাবেক সাংসদ শাহ মো. আবু জাফর, ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এফবিসিসিআইয়ের সভাপতি ও দৈনিক সমকাল-এর প্রকাশক এ কে আজাদ, দৈনিক সমকাল-এর ব্যবস্থাপনা সম্পাদক আবু সাইদ খান, আওয়ামী লীগের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য বিপুল ঘোষ, জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ও জেলা চকবাজার বণিক সমিতির সভাপতি মুক্তিযোদ্ধা সৈয়দ মাসুদ হোসেন, ফরিদপুর প্রেসক্লাবের সভাপতি কবিরুল ইসলাম সিদ্দিকী ও সাধারণ সম্পাদক আরিফ ইসলামসহ বিশিষ্ট ব্যক্তিরা সাংবাদিক পান্না বালাকে লাঞ্ছনার ঘটনার নিন্দা ও ক্ষোভ প্রকাশ করে এর প্রতিবাদ জানিয়েছেন। মিরাজের অস্বীকার: আওয়ামী লীগ নেতা কে এম খায়রুদ্দীন ওরফে মিরাজ সাংবাদিক পান্না বালাকে লাঞ্ছিত করেননি বলে দাবি করেছেন। গতকাল রাতে তিনি প্রথম আলোকে বলেন, ‘আমার রাজনৈতিক জীবনে কাউকে চড়ও দিইনি, লাঞ্ছিত করিনি। শুক্রবার সন্ধ্যায় কে বা কারা পান্না বালাকে লাঞ্ছিত করেছে জানি না। আমি বরং তাঁকে রক্ষা করতে গিয়েছিলাম।’পান্না বালাকে লাঞ্ছিত করার কারণ জানতে চাইলে মিরাজ বলেন, ‘শ্রমমন্ত্রীর জনসভা নিয়ে প্রতিবেদন করায় নেতা-কর্মীদের কেউ ক্ষুব্ধ হয়ে পান্না বালাকে গালাগাল করতে পারে।’শুধু নাম ব্যবহারের অনুরোধ: শ্রমমন্ত্রী খন্দকার মোশাররফ হোসেনের ভাই খন্দকার মোহতেশাম হোসেন সংবাদে তাঁর নাম ব্যবহারের ক্ষেত্রে ‘শ্রমমন্ত্রীর ভাই’ বা ‘সমাজসেবক’ শব্দ ব্যবহার না করে শুধু তাঁর নাম ব্যবহারের অনুরোধ করেছেন। গতকাল দুপুরে তিনি এ অনুরোধ করেন।‘রাস্তা বন্ধ রেখে শ্রমমন্ত্রীর জনসভা’ শিরোনামে গত শুক্রবার প্রথম আলোয় সংবাদ প্রকাশের জেরে ওই দিন সন্ধ্যায় ফরিদপুর শহরে আয়োজিত একটি অনুষ্ঠান প্রাঙ্গণে সাংবাদিক পান্না বালাকে লাঞ্ছিত করেন আওয়ামী লীগের নেতা মিরাজ ও তাঁর সহযোগীরা। ওই ঘটনার প্রতিবাদ জানিয়ে ফরিদপুর প্রেসক্লাব গত শনিবার দুপুরে দোষী ব্যক্তিদের ৪৮ ঘণ্টার মধ্যে গ্রেপ্তারের দাবি জানিয়ে জেলা প্রশাসক ও পুলিশ সুপারের কাছে সঞ্চারকলিপি দেয়। আজ সোমবার দুপুর ১২টার দিকে ওই সময় শেষ হওয়ার কথা।