
রাজধানীর মধ্য বাড্ডায় নিজের বাড়িতে পিডিবির সাবেক চেয়ারম্যান মুহম্মদ খিজির খান (৬৫) খুন হওয়ার ঘটনায় জড়িত ব্যক্তিদের কাউকে চার দিন পরও গ্রেপ্তার করতে পারেনি পুলিশ। এমনকি এই হত্যার কারণ ও খুনিরাও চিহ্নিত হয়নি। তদন্তে দৃশ্যমান কোনো অগ্রগতি নেই।
গত সোমবার সন্ধ্যায় পরিবারের সদস্যদের বেঁধে রেখে খিজির খানকে গলা কেটে হত্যা করে পালিয়ে যায় দুর্বৃত্তরা। বাড়ির দোতলায় রহমতিয়া খানকা শরিফের অজুখানায় এই হত্যাকাণ্ড ঘটে। খিজির খান ওই খানকা শরিফের পীর ছিলেন। হত্যার পর সেখান থেকে রক্তমাখা একটি চাপাতি, কয়েকটি গামছা, জটাবাঁধা লম্বা একটি ছদ্ম চুলসহ বেশ কিছু আলামত সংগ্রহ করেন পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) ক্রাইম সিনের সদস্যরা।
এ হত্যার ঘটনায় অজ্ঞাতনামা ছয়-সাতজনকে আসামি করে গত মঙ্গলবার রাতে বাড্ডা থানায় মামলা করেন খিজির খানের ছোট ছেলে আশরাফুল ইসলাম। বুধবার দুপুরের দিকে মামলাটির তদন্ত কর্মকর্তা বাড্ডা থানার উপপরিদর্শক (এসআই) আমিনুল ইসলাম ঘটনাস্থল পরিদর্শন করেন। গতকাল শুক্রবার তিনি প্রথম আলোকে বলেন, এই মামলায় এখনো কাউকে গ্রেপ্তার করা যায়নি।
বাড্ডা থানা-পুলিশের পাশাপাশি সিআইডি ও ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশও এই মামলার ছায়াতদন্ত করছে। ডিবির তদন্ত-সংশ্লিষ্ট একজন ঊর্ধ্বতন কর্মকর্তা বলেন, ঘটনাস্থল বেশ কয়েকবার পরিদর্শন করা হয়েছে। হত্যাকারীদের ঘটনাস্থলে আসতে কিংবা সেখান থেকে বের হতে দেখেছেন এমন কোনো প্রত্যক্ষদর্শীর সন্ধান তাঁরা পাননি। খিজির খানের পারিবারিক, কর্মস্থল, সম্পত্তি ও ধর্মীয় মতাদর্শের বিষয়গুলো বিবেচনায় নিয়ে মামলার তদন্তকাজ চলছে। তবে তদন্তে এখনো তেমন অগ্রগতি হয়নি।
সংগ্রহ করা আলামত পরীক্ষার জন্য সিআইডির পরীক্ষাগারে পাঠানো হয়েছে। সিআইডির বিশেষ পুলিশ সুপার আবদুল্লাহেল বাকী গতকাল প্রথম আলোকে বলেন, আলামত পরীক্ষার প্রতিবেদন এখনো পাওয়া যায়নি।
খিজির খানের পরিবারের সদস্যরা লাশ দাফন শেষে কুষ্টিয়ার ফিলিপনগর গ্রাম থেকে এখনো ঢাকায় ফিরে আসেননি। মুঠোফোনে যোগাযোগ করা হলে মামলার বাদী আশরাফুল ইসলাম প্রথম আলোকে বলেন, তদন্ত কর্মকর্তা ফোনে তাঁর সঙ্গে নিয়মিত যোগাযোগ করছেন। বিভিন্ন তথ্য জানতে চাইছেন। তবে তদন্তে কোনো অগ্রগতি হয়েছে কি না, সে সম্পর্কে কিছু জানাননি। তিনিও জিজ্ঞেস করেন না।