সাতক্ষীরার শ্যামনগর উপজেলায় ভুয়া প্রকল্প কমিটি জমা দিয়ে গ্রামীণ অবকাঠামো রক্ষণাবেক্ষণ (টিআর) প্রকল্পের চাল উত্তোলনসহ ন্যূনতম কাজ না করে বরাদ্দ আত্মসাৎকারী ২২ জনের বিরুদ্ধে গত বুধবার দ্বিতীয়বার চিঠি পাঠানো হয়েছে।উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) জাফর রানা জানান, প্রথম চিঠি পেয়েও কেউ টাকা জমা না দেওয়ায় দ্বিতীয় চিঠি পাঠানো হলো। চিঠিতে সাত দিনের মধ্যে বরাদ্দ চালের মূল্যের সমপরিমাণ টাকা ফেরত দিতে বলা হয়েছে। অন্যথায় দ্বিগুণ মূল্য ফেরতের নির্দেশ দিয়ে তৃতীয় চিঠি পাঠানো হবে। এ ছাড়া আরও অন্তত তিনটি প্রতিষ্ঠানের অনুকূলে বরাদ্দ নিয়ে কোনো কাজ না করায় তাদেরও মূল্য ফেরতের জন্য চিঠি দেওয়া হবে। এর আগে ১৫ জুলাই জাতীয় পার্টির নেতা-কর্মী ও সমর্থক ওই ২২ জনের বিরুদ্ধে প্রথম চিঠি দেওয়া হয়। এঁরা হলেন উপজেলা জাতীয় যুব সংহতির সাধারণ সম্পাদক মো. কামরুজ্জামান, রমজাননগর ইউনিয়ন যুব সংহতির সভাপতি শহিদুল ইসলাম, মনিরুল ইসলাম, সায়েদাতুন্নেছা মুক্তা, পরানপুর এ রউফ মেমোরিয়াল মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবদুল গনি প্রমুখ।১৯ জুলাই ‘শ্যামনগরে ভুয়া প্রকল্প জমা দিয়ে বরাদ্দ তুলে আত্মসাৎ’ শিরোনামে একটি প্রতিবেদন প্রথম আলোয় প্রকাশিত হয়।