কেউ তুললেন সেলফি, কেউ জানলেন দরদাম

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চট্টগ্রাম ভেটেরিনারি অ্যান্ড অ্যানিমেল সায়েন্সেস বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে পশুপাখির প্রদর্শনীতে দর্শনার্থীদের মূল আগ্রহ ছিল ব্লু গোল্ড ম্যাকাও পাখির প্রতি। ছবিটি গতকাল দুপুরে তোলা l প্রথম আলো
চট্টগ্রাম ভেটেরিনারি অ্যান্ড অ্যানিমেল সায়েন্সেস বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে পশুপাখির প্রদর্শনীতে দর্শনার্থীদের মূল আগ্রহ ছিল ব্লু গোল্ড ম্যাকাও পাখির প্রতি। ছবিটি গতকাল দুপুরে তোলা l প্রথম আলো

পাখির সঙ্গে সেলফি তুলতে ব্যস্ত দর্শনার্থীরা। বেশির ভাগের আগ্রহ ব্লু গোল্ড ম্যাকাও, রোজেলা ও আফ্রিকান গ্রে প্যারোট পাখিকে ঘিরে। বয়সে যাঁরা একটু প্রবীণ তাঁরা খোঁজ নিচ্ছিলেন উন্নত জাতের গরু ও ছাগলের দরদাম, উৎপাদন ও প্রতিপালন সম্পর্কে। ভিনদেশি জাতের মোরগ ‘টার্কি’ বাসায় পালা যায় কি না, সে সম্পর্কেও জানতে আগ্রহী ছিলেন অনেকে।
প্রাণিসম্পদ সেবা সপ্তাহের উদ্বোধন উপলক্ষে চট্টগ্রাম ভেটেরিনারি অ্যান্ড অ্যানিমেল সায়েন্সেস বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে গতকাল শনিবার পশুপাখির প্রদর্শনী ও মেলাকে ঘিরে দর্শনার্থীদের আগ্রহ ছিল এমনই।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন গৃহায়ণ ও গণপূর্তমন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন। চট্টগ্রামের জেলা প্রশাসক মো. সামসুল আরেফিনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য গৌতম বুদ্ধ দাশ। বক্তব্য দেন বিভাগীয় প্রাণিসম্পদ দপ্তরের উপপরিচালক এ এইচ এম মনোয়ার হোসেন, প্রাণিসম্পদ দপ্তরের মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা ফরহাদ হোসেন ও জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা মো. রেয়াজুল হক।
অনুষ্ঠানে গৃহায়ণ ও গণপূর্তমন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন বলেন, ‘বিশ্বের অনেক দেশে পয়সা খরচ করে অ্যানাটমি মিউজিয়াম দেখেছি। আপনাদের এখানে (ভেটেরিনারি বিশ্ববিদ্যালয়) জায়গা আছে। একটি অ্যানাটমি পার্ক করেন। যাতে লোকজন এখানে বেড়াতে আসতে পারে।’
দুপুরে মেলায় ঘুরতে আসা জসিম নামের এক তরুণ বলেন, ‘পাখি দেখতে ভালোই লাগছে। ম্যাকাও পাখি আগে কখনো সামনাসামনি দেখিনি। তাই দেখতে এসেছি।’
চিটাগং বার্ড অ্যান্ড ব্রিডার্স অ্যাসোসিয়েশনের স্টলে ছিল দুটি ম্যাকাও পাখি। এই পাখি দুটির মালিক মীর রেজওয়ান হোসাইন বলেন, ঢাকা থেকে তিনি পাখি দুটি সংগ্রহ করেন। এগুলোর এখন বয়স তিন বছর। পাখিগুলো দু-একটি বাংলা শব্দও বলতে পারে।
ফ্রেশ টুডে এগ্রো নামে একটি প্রতিষ্ঠান মেলায় টার্কি এনেছে। এক একটি মোরগের ওজন সাত থেকে আট কেজি। প্রতিষ্ঠানের কর্মকর্তা মো. নুরুন্নবী জানান, তারা বাণিজ্যিক ভিত্তিতে এখন এই মোরগ উৎপাদন করছে। প্রতি জোড়া টার্কির দাম আট হাজার টাকা পর্যন্ত রাখেন তাঁরা।
শুধু পাখি নয়, উন্নত জাতের গরু, ছাগল ও ভেড়াও প্রদর্শনীতে স্থান পেয়েছে। চট্টগ্রাম চিড়িয়াখানাও প্রদর্শনীতে অংশ নিয়েছে। চিড়িয়াখানা কর্তৃপক্ষ মেলায় হাজির করেছে একটি অজগর, দুটি কুমির ও একটি বিদেশি কুকুর।