কেউ দুর্নীতি করলে গুলি করে জেলে যাব: ভূমিমন্ত্রী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভূমিমন্ত্রী শামসুর রহমান শরীফ বলেছেন, কেউ দুর্নীতি করলে তাকে গুলি করে প্রয়োজনে জেলে যাবেন তিনি। পাবনার ঈশ্বরদীতে গতকাল বৃহস্পতিবার এক মতবিনিময় সভায় মন্ত্রী এ কথা বলেন।
মন্ত্রিত্ব পাওয়ার পর শামসুর রহমান শরীফ গতকালই প্রথম ঈশ্বরদী প্রশাসন, জনপ্রতিনিধি ও সরকারি কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভায় মিলিত হন। সেখানে তিনি বলেন, ‘আমি দুর্নীতি করব না। আমার আশপাশে যারা থাকে, তাদের মধ্যে যদি কেউ দুর্নীতি করে, তবে তাকে গুলি করে প্রয়োজনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নিকট গিয়ে আত্মসমর্পণ করে জেলে যাব।’
উপজেলা নির্বাহী কর্মকর্তা সানোয়ার হোসেনের সভাপতিত্বে সভায় পাবনা-৪ আসনের এই সাংসদ আরও বলেন, ঈশ্বরদীতে কোনো বোমাবাজি, সন্ত্রাসী কর্মকাণ্ড চলবে না। প্রতিটি ঘরে বিদ্যুৎ পৌঁছে দেওয়া হবে। পাশাপাশি ঈশ্বরদী-আটঘরিয়ার প্রতি দুই কিলোমিটারের মধ্যে একটি করে প্রাথমিক বিদ্যালয়, প্রতি পাঁচ কিলোমিটারের মধ্যে একটি করে উচ্চবিদ্যালয় ও প্রতিটি ইউনিয়নে একটি করে কলেজ প্রতিষ্ঠা করা হবে।
উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত এ সভায় অন্যদের মধ্যে উপজেলা পরিষদের চেয়ারম্যান নুরুজ্জামান বিশ্বাস, ভাইস চেয়ারম্যান বশির আহমেদ, সহকারী পুলিশ সুপার শাহ্ নূর আলম পাটোয়ারী, ঈশ্বরদী থানার ওসি বিমান কুমার দাশ প্রমুখ বক্তব্য দেন।