কেউ দেখছে না ম্যুরালটি

আজিমপুর থেকে নিউমার্কেট আসার পথে মোড়ে নিউমার্কেটের দিকে তাকালে একটি বটগাছ চোখে পড়বে। ভালো করে খেয়াল করলে গাছটির পেছনে হকারদের পণ্যের ফাঁকফোকর ভেদ করে দেয়ালে কিছু আঁকিবুঁকি দেখা যাবে। কাছে গেলে চোখে পড়বে ম্যুরালটি। হকারদের দখলের কারণে যা প্রায় চোখের আড়ালে চলে গেছে।
নিউমার্কেটের ১ নম্বর গেট থেকে ২ নম্বর গেটের দিকে যেতে মোড়ের দেয়ালের বেশ কিছু অংশজুড়ে ঢাকার বিভিন্ন ঐতিহ্যবাহী স্থানের দৃশ্য দেখা যায়। দূর থেকে চোখে পড়ার সম্ভাবনা খুবই কম। কাছে গিয়ে ওপরে তাকালে কিছু অংশ দেখা যাবে।
গতকাল মঙ্গলবার সকালে গিয়ে দেখা যায়, হকাররা পণ্য সাজাচ্ছেন। নিউমার্কেটের সাপ্তাহিক বন্ধের দিনেও তাঁরা বসেছেন। মো. জাহাঙ্গীর নামের একজন হকারকে ম্যুরালটি সম্পর্কে জিজ্ঞেস করলে বলেন, ‘দেখছি লোকজন আইসা এগুলান বানাইছে।’ তাঁদের পণ্যের জন্য ম্যুরালটি দেখা যাচ্ছে না বললে তিনি বলেন, ‘যারা বানাইছে, হেরা জানে।’
নগর ভবন, লালবাগ কেল্লা, আহসান মঞ্জিল, বায়তুল মোকাররমসহ ঢাকার বিভিন্ন ঐতিহাসিক ও ঐতিহ্যবাহী স্থাপনার দৃশ্য সিরামিকের টুকরা দিয়ে দেয়ালে ফুটিয়ে তোলা হয়েছে। অথচ দৃষ্টিনন্দন এই শিল্পকর্ম আড়ালেই থেকে যাচ্ছে। দেয়ালের সামনে ফুটপাতের পুরোটাই হকারদের দখলে। দেয়ালেও তাঁদের বাহারি পণ্য থরে থরে সাজানো।
সৌন্দর্যবর্ধনের এ কাজ নিউমার্কেট ব্যবসায়ী সমিতি নিজ উদ্যোগে শুরু করেছে। গত রোজার ঈদের পর থেকে এ কাজ শুরু হয়। নিউমার্কেট ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক মাহবুবুল হক প্রথম আলোকে বলেন, ‘মার্কেটের ভেতরে ও বাইরে আমরা সৌন্দর্যবর্ধনের কাজ করছি। কাজ শুরু হয়েছে। পুরোটাতেই আমরা কাজ করব।’ তিনি আরও বলেন, কাজ শেষ হতে ছয় থেকে সাত মাস লাগবে।
তবে পুরোটাই হকারদের দখলে থাকায় দেয়ালের ম্যুরাল কতটুকু দেখা যাবে, জানতে চাইলে মাহবুবুল বলেন, দখলমুক্ত করতে সিটি করপোরেশনকে তাঁরা চিঠি দিয়ে থাকেন। উচ্ছেদ করা হলেও আবার এসে বসেন তাঁরা।
কলেজশিক্ষার্থী আনিকা তাবাসসুম ফুটপাতেই পণ্যের দরদাম করছিলেন। দেয়ালের পেছনে যে একটি ম্যুরাল আছে, তিনি দেখেছেন কি না, জিজ্ঞেস করলে অবাক হন। নিজেই তখন ঘুরে ভালো করে দেখেন। আনিকা বলেন, ‘এমন জায়গায় করছে, যা কেউ দেখবে না। আমি এই দিকেই থাকি। কিন্তু কখনোই তো চোখে পড়েনি।’
ঢাকা নিউমার্কেট দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) অধীন। সৌন্দর্যবর্ধনের কাজ ও অবৈধ দখলদারদের উচ্ছেদ সম্পর্কে ডিএসসিসির রাজস্ব বিভাগ, নগর পরিকল্পনা বিভাগ ও প্রকৌশল বিভাগে খোঁজ করলে এ নিয়ে কেউ কিছু বলতে পারেনি।