কেউ না খেয়ে থাকবে না

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
‘খাদ্যবান্ধব কর্মসূচি’র আওতায় ১০ টাকা কেজি দামে দরিদ্রদের মধ্যে চাল বিতরণ করছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। গতকাল কুড়িগ্রামের চিলমারী উপজেলার থানার হাট এ ইউ উচ্চবিদ্যালয় মাঠে এ কর্মসূচির উদ্বোধন করেন প্রধানমন্ত্রী l ছবি: ফোকাস বাংলা
‘খাদ্যবান্ধব কর্মসূচি’র আওতায় ১০ টাকা কেজি দামে দরিদ্রদের মধ্যে চাল বিতরণ করছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। গতকাল কুড়িগ্রামের চিলমারী উপজেলার থানার হাট এ ইউ উচ্চবিদ্যালয় মাঠে এ কর্মসূচির উদ্বোধন করেন প্রধানমন্ত্রী l ছবি: ফোকাস বাংলা

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, তাঁর সরকার বৃহত্তর রংপুরে ‘মঙ্গা’ শব্দটা আর যেন শুনতে না হয়, সেই লক্ষ্যে কাজ করছে। এই অঞ্চলে আর কোনো দুর্ভিক্ষ বা মঙ্গা থাকবে না। তিনি বলেন, ‘এ দেশের একজন মানুষও না খেয়ে থাকবে না। যারা গৃহহীন তারা ঘর পাবে। কেউ বিনা চিকিৎসায় মরবে না। সব ছেলেমেয়ে লেখাপড়ার সুযোগ পাবে।’
গতকাল বুধবার কুড়িগ্রামের চিলমারীতে ‘খাদ্যবান্ধব কর্মসূচি’র উদ্বোধন উপলক্ষে আয়োজিত সুধীসমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। হতদরিদ্রদের মধ্যে ‘ফেয়ারপ্রাইস কার্ড’ ও ১০ টাকা কেজি দরে ৩০ কেজি করে চাল বিতরণের মধ্য দিয়ে প্রধানমন্ত্রী আনুষ্ঠানিকভাবে খাদ্যবান্ধব কর্মসূচির উদ্বোধন করেন।
প্রধানমন্ত্রী বলেন, ‘আমাকে বাংলার মানুষ সুযোগ দিলে দেশের সব দুঃখী মানুষের মুখে খাদ্য তুলে দিতে চাই। কুড়িগ্রামে দীর্ঘস্থায়ী বন্যা ও নদীভাঙনে যারা গৃহহারা হয়েছে, তাদের জমি দেব। ঘরবাড়ি দেব। যারা দরিদ্র-ক্ষুধার্ত, তাদের মুখে অন্ন তুলে দেওয়ার ব্যবস্থা করব।’
প্রধানমন্ত্রী বেলা ১১টায় সভাস্থলে উপস্থিত হন। এর আগে তাঁকে বহনকারী হেলিকপ্টারটি চিলমারী হেলিপ্যাডে অবতরণ করে। উপজেলার থানার হাট এ ইউ পাইলট উচ্চবিদ্যালয় মাঠের সমাবেশে প্রায় ১০ হাজার মানুষের সংকুলান হলেও লক্ষাধিক মানুষ বাইরে দাঁড়িয়ে প্রধানমন্ত্রীর বক্তব্য শোনেন।
জঙ্গিবাদ প্রসঙ্গে প্রধানমন্ত্রী বলেন, যারা মানুষ খুন করে তারা ইসলামের লোক হতে পারে না। এদের সম্পর্কে সজাগ হতে হবে। যুবসমাজ যাতে বিপথে না যায়, সে জন্য সন্তানদের প্রতি নজর রাখতে ও তাদের কথা শুনতে বাবা-মা, শিক্ষক, নির্বাচিত প্রতিনিধি সবার কাছে আবেদন জানান শেখ হাসিনা।
খাদ্যমন্ত্রী অ্যাডভোকেট মো. কামরুল ইসলামের সভাপতিত্বে সমাবেশে আরও বক্তব্য দেন বিশেষ অতিথি কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী, সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূর, স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মশিউর রহমান, সমাজকল্যাণ প্রতিমন্ত্রী নুরুজ্জামান আহমেদ, চিলমারী উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি শওকত আলী সরকার বীর বিক্রম প্রমুখ। স্বাগত বক্তব্য দেন খাদ্য মন্ত্রণালয়ের সচিব এ এম বদরুদ্দোজা।
খাদ্য মন্ত্রণালয় ও কুড়িগ্রাম জেলা প্রশাসনের উদ্যোগে আয়োজিত এ অনুষ্ঠানে প্রধানমন্ত্রী আরও বলেন, চিলমারী থেকে পায়রা সমুদ্রবন্দর পর্যন্ত যোগাযোগব্যবস্থা উন্নত করা হবে। দ্বিতীয় ধরলা সেতু ও রাস্তা নির্মাণে কাজ করা হচ্ছে।
ঢাকায় যুক্তরাষ্ট্রের দূতাবাসে দেশটির পররাষ্ট্রমন্ত্রী জন কেরির সঙ্গে বিএনপির নেত্রী খালেদা জিয়ার দেখা করার সমালোচনা করে কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী বলেন, ‘গ্রামে প্রবাদ আছে ঠকলে বাপকেও বলতে নাই। আপনারা ঠকেছেন। এখন কেরিকে বলে লাভ কী।’
সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূর বলেন, ‘মুই বাহে তোমার মানুষ, বাড়ি মোর নীলফামারী। মোর হিংসা হয়, এক বছরে প্রধানমন্ত্রী কুড়িগ্রামে দুবার আসল। আর আমি গত আট বছরে একবারও প্রধানমন্ত্রীকে নীলফামারীতে নিতে পারি নাই। কারণ প্রধানমন্ত্রী শেখ হাসিনা কুড়িগ্রামের মানুষকে ভালোবাসে। মঙ্গা দূর করাই ছিল তাঁর লক্ষ্য। কুড়িগ্রাম তথা রংপুর অঞ্চলের মঙ্গা এখন জাদুঘরে। এ কৃতিত্ব প্রধানমন্ত্রী শেখ হাসিনার।’
খাদ্যমন্ত্রী মো. কামরুল ইসলাম বলেন, ‘শেখ হাসিনার বাংলাদেশ, ক্ষুধা হবে নিরুদ্দেশ’—এই স্লোগান সামনে রেখে দারিদ্র্যমুক্ত বাংলাদেশ গড়ার কাজ চলছে।
হতদরিদ্র মানুষের জন্য চালু হওয়া এই পল্লি রেশনিং কার্যক্রমের আওতায় সারা দেশের ৫০ লাখ পরিবারকে ১০ টাকা কেজি দরে চাল দেওয়া হবে। খেত-খামারে কাজ থাকে না এমন পাঁচ মাস সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, মার্চ ও এপ্রিলে সরকারের এই খাদ্যবান্ধব কর্মসূচি চলবে। কুড়িগ্রামের নয় উপজেলার ১ লাখ ২৫ হাজার ২৭৯ পরিবার এ সুবিধার আওতায় আসবে।