এক শতাংশ জমির ওপর জানালাবিহীন একখানা ছোট ঘর। এ ঘরেই কোনো রকমে বাস করে আসছিলেন পেট্রলবোমায় নিহত ট্রাকচালকের সহকারী পিন্টু মণ্ডলের (৩২) স্ত্রী সাথী খাতুন ও তাঁদের আড়াই বছরের ছেলে সিয়াম। ঘরটি গত শনিবার বিকেলের ঝড়ে উড়ে গেছে। পিন্টুর স্ত্রী-সন্তানের বেঁচে থাকার আর কোনো অবলম্বন নেই। তাঁদের বাড়ি রাজশাহীর চারঘাট উপজেলার টাঙন মধ্যপাড়া গ্রামে।
ঋণ নিয়ে কোনো রকমে একটি ঘর তুলেছিলেন পবার মোল্লা ডাইং এলাকার বাসিন্দা ট্রাকচালকের সহকারী শহীদুল ইসলাম। সপ্তাহে ঋণের কিস্তি ছিল ৭০০ টাকা। বাধ্য হয়ে অবরোধের মধ্যেও কাজে নেমেছিলেন। পেট্রলবোমায় পুড়ে আট দিন লড়াই করে মারা যান তিনি। শনিবারের ঝড়ে ঋণের টাকায় গড়া ওই ঘরটিও বিধ্বস্ত হয়েছে। এখন খেয়ে না-খেয়ে দিন পার করছেন তাঁর মা, স্ত্রী ও দুই সন্তান।
পিন্টু মণ্ডল: অবরোধের মধ্যে কাজ না থাকায় ঋণ করে সংসার চলছিল তাঁর। এর মধ্যে ছেলে সিয়ামও অসুস্থ হয়ে পড়ে। পিন্টু যে চালকের সহকারী ছিলেন, তিনি অবরোধের মধ্যে গাড়ি চালাননি। কোনো উপায় না দেখে পিন্টু গত ৪ ফেব্রুয়ারি অন্য এক চালকের সহকারী হয়ে ট্রাকে উঠেছিলেন। ৫ ফেব্রুয়ারি রাতে পণ্য নিয়ে চট্টগ্রামে যাওয়ার পথে পুঠিয়া বেলপুকর এলাকায় পৌঁছালে দুর্বৃত্তদের ছোড়া পেট্রলবোমা তাঁর বুকের ওপরে এসে পড়ে। সারা শরীরে আগুন ধরে যায়। বাঁচার জন্য ট্রাক থেকে লাফও দিয়েছিলেন। কিন্তু বাঁচতে পারেননি।
পিন্টুর স্ত্রী সাথীর (২২) বাবা মানসিক প্রতিবন্ধী। মা শহরের মেসে কাজ করেন। সাথী বলেন, বাড়ি থেকে বের হওয়ার সময় পিন্টু বারবার ফিরে তাকাচ্ছিলেন। ওই দৃশ্য তিনি কিছুতেই ভুলতে পারছেন না। তিনি বলেন, স্বামীর মৃত্যুর পর সহায়তা পাওয়া সামান্য অর্থও শেষ হয়ে আসছে। এখন বাচ্চাটাকে নিয়ে কোথায় দাঁড়াবেন ভেবে পাচ্ছেন না।
শহীদুল ইসলাম: কয়েকটি টিন কিনে কোনো রকমে একটি ঘর তুলতে একটি সংস্থা থেকে ১৫ হাজার টাকা ঋণ নিয়েছিলেন তিনি। ওই টাকা শোধ করতে অপর একটি সংস্থা থেকে তাঁকে পুনরায় ঋণ নিতে হয়। সপ্তাহে কিস্তি দিতে হয় ৭০০ টাকা। অবরোধ শুরু হওয়ার পর কাজ না থাকায় কিস্তি দিতে পারেননি তিনি। একপর্যায়ে পরিবারের খাওয়া-পরাও বন্ধের উপক্রম হয়। উপায় না দেখে ট্রাকচালকের সঙ্গে বের হন তিনি। গত ২ ফেব্রুয়ারি রাতে রাজশাহী নগরের মোল্লাপাড়া এলাকার লিলি সিনেমা হলের পাশে তাঁদের ট্রাকে পেট্রলবোমা ছোড়ে দুর্বৃত্তরা। আট দিন হাসপাতালে থাকার পর মারা যান তিনি।
গত রোববার শহীদুলের বাড়িতে গিয়ে দেখা গেছে, ঋণের টাকায় গড়া ঘরটি ঝড়ে উড়ে গেছে। ছেলেকে সঙ্গে নিয়ে শহীদুলের স্ত্রী মাঞ্জুরা বেগম সেই ঘর ঠিক করার চেষ্টা করছেন। মাঞ্জুরা বলেন, তাঁর স্বামীর মৃত্যুর পর স্থানীয় সাংসদসহ জনপ্রতিনিধিরা বেঁচে থাকার জন্য প্রয়োজনীয় অর্থ-সহায়তা ও ছেলের চাকরি দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিলেন। এখন তাঁদের কোনো খোঁজ নেই।