কেউ পদ পুনরুদ্ধারে কেউ ধরে রাখতে লড়াইয়ের মাঠে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নাগেশ্বরী পৌরসভায় মেয়র পদ পুনরুদ্ধারে কোমর বেঁধে মাঠে নেমেছেন আওয়ামী লীগ প্রার্থী মোহাম্মদ হোসেন ফাকু। পদ ধরে রাখতে প্রচারে কমতি নেই জাতীয় পার্টির প্রার্থী আবদুর রহমানের। বিএনপির প্রার্থী আদম আলীকে জেতাতে তাঁর নেতা–কর্মীরাও মাঠ চষে বেড়াচ্ছেন। অন্য প্রার্থীরা রাতদিন পরিশ্রম করছেন। নির্বাচন ঘিরে মেয়র, কাউন্সিলরদের মাইকিং, পোস্টার, প্রচারে এখন মুখরিত নাগেশ্বরী।
নাগেশ্বরী পৌরসভায় মেয়র পদে ছয়জন, কাউন্সিলর পদে ৪৯ ও সংরক্ষিত নারী কাউন্সিলর পদে ১৮ জন নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন। মেয়র পদে প্রার্থীরা হলেন আওয়ামী লীগের মোহাম্মদ হোসেন ফাকু, বিএনপির আদম আলী ও জাতীয় পার্টির আবদুর রহমান মিয়া, ইসলামী শাসনতন্ত্র আন্দোলনের রফিকুল ইসলাম, স্বতন্ত্র প্রার্থী আবদুল ওহাব ও আবদুল আজিজ।
গতকাল সোমবার সকাল থেকে বিকেল পর্যন্ত নাগেশ্বরী পৌরসভার নয়টি ওয়ার্ড ঘুরে দেখা যায়, কনকনে শীত ও কুয়াশার মধ্যে মেয়র ও কাউন্সিলর প্রার্থীদের পদচারণ। পোস্টারে ছেয়ে গেছে নয়টি ওয়ার্ডের অলিগলি, গ্রামগঞ্জ। মাইকিংয়ের শব্দে কান রাখা দায়। পায়রাডাঙ্গায় এসে ঢুকতেই কানে ভেসে এল মাইকের শব্দ। ধুমছে চলছিল মাইকিং ‘ফাকু ভাইয়ের সালাম নিন/নৌকা মার্কায় ভোট দিন’, ‘আল্লাহ যদি থাকে সহায়/ফাকু ভাইয়ের হবে জয়’ ইত্যাদি স্লোগান।
একটি মুদি দোকানের সামনে মানুষের ভিড় দেখা গেল। আবদুল কাদের নামের একজন কৃষক পরিচয় পেয়ে বললেন, ‘বোঝেন না ভাইজান, ভোটের সময় সবাই হাউকাউ করে। কার মনোত কী আছে কাঁয় কইবে।’
জাতীয় পার্টির সমর্থক সুশান্ত ভট্টাচার্য বলেন, এখানে জাতীয় পার্টির, আওয়ামী লীগ সমানে চলছে। বিএনপিও আছে।
এখান থেকে নাগেশ্বরী বাজারে এসে দেখা হয় বিএনপির প্রার্থী আদম আলীর। গতকাল রোববার হাটের দিন হওয়ায় তিনি সমর্থকদের নিয়ে প্রচারণায় নেমেছেন হাটে। কোনো অভিযোগ আছে কি না জানতে চাইলে বলেন, না কোনো সমস্যা নেই।
৭ নম্বর ওয়ার্ডের কাচারী পায়রাডাঙ্গায় দেখা হয় আওয়ামী লীগ প্রার্থী মোহাম্মদ হোসেন ওরফে ফাকুর সঙ্গে। তিনি বলেন, ‘আমি নাগেশ্বরী পৌরসভার প্রথম চেয়ারম্যান ছিলাম। অনেক উন্নয়ন করেছি। এবার জনগণ সমর্থন দিলে তাদের সেবায় কাজ করে যাব।’
৬ নম্বর ওয়ার্ডে কাউন্সিলর প্রার্থী মমিনুলের গলা বসে গেছে। ভাঙা কণ্ঠে তিনি বলেন, ‘ভাইজান যে ঠান্ডা আর মানুষের সঙ্গে কথা বলতে বলতে এ অবস্থা। প্রচারণা চালিয়ে যাচ্ছি। বাকি আল্লাহর ইচ্ছা।’
স্বতন্ত্র প্রার্থী আবদুল আজিজ দলবলসহ নারকেলগাছ নিয়ে প্রচারণা চালাচ্ছিলেন ২ নম্বর ওয়ার্ডে। তিনি বলেন, ‘আমি দীর্ঘদিন থেকে মাঠে আছি। মানুষের সেবায় কাজ করে যাচ্ছি। তাদের দোয়া আছে।’