কেউ পানি পায় না, কারও অতিরিক্ত বিল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চট্টগ্রাম
চট্টগ্রাম

বিল পরিশোধ করেও পানি পান না কেউ। কারও অভিযোগ অতিরিক্ত বিল নিয়ে। পাইপ ফেটে ওয়াসার পানি অপচয় হচ্ছে কোথাও। এমন নানা অভিযোগ উঠে এসেছে চট্টগ্রাম ওয়াসা নিয়ে গণশুনানিতে। নানা অভিযোগ তুলে ধরে গ্রাহকেরা ওয়াসার সেবার মান বাড়ানোর দাবি জানান।
গতকাল বুধবার সকাল ১০টায় বিদ্যুৎ ভবনের বিজয় হলে এই গণশুনানি আয়োজন করে দুর্নীতি দমন কমিশন (দুদক)। এতে ওয়াসার ৫৩ জন গ্রাহক উপস্থিত থেকে নানা অভিযোগ তুলে ধরেন।

গণশুনানিতে নগরের আগ্রাবাদ, হালিশহর, দক্ষিণ কাট্টলী, বন্দর, বাকলিয়া, রেয়াজউদ্দিন বাজার, লালখানবাজার চাঁনমারী রোড, পাঁচলাইশ, দামপাড়া, মেহেদীবাগ শহীদ মির্জা লেন, বায়েজিদ, খুলশীসহ বিভিন্ন এলাকার গ্রাহকেরা ওয়াসার সেবার মান নিয়ে নানা অভিযোগ তুলে ধরেন। গণশুনানির আগের দিন ভুক্তভোগী গ্রাহকদের কাছ থেকে অভিযোগ নেওয়ার জন্য ওয়াসা চত্বরে একটি বুথ বসিয়েছিল দুদক চট্টগ্রামের সমন্বিত কার্যালয়। এতে নগরের বিভিন্ন এলাকার গ্রাহকেরা নানা অভিযোগ লিখিত আকারে জমা দেন।
অভিযোগের জবাব দেন ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী এ কে এম ফজলুল্লাহ, উপব্যবস্থাপনা পরিচালক (প্রকৌশল) রতন কুমার সরকার ও উপব্যবস্থাপনা পরিচালক (অর্থ) বিশ্বজিৎ ভট্টাচার্য্য।

ওয়াসার কর্মকর্তারা বলেন, ওয়াসা সব সময় গ্রাহকদের সমস্যাগুলো সমাধানের জন্য নিরলসভাবে চেষ্টা চালিয়ে যাচ্ছে। যেসব এলাকায় পানির স্বল্পতা রয়েছে তা আগামী জুন মাসের মধ্যে সমাধান হয়ে যাবে বলে গ্রাহকদের আশ্বাস দেন তাঁরা।

গণশুনানিতে প্রধান অতিথির বক্তব্য দেন দুদক কমিশনার নাসির উদ্দিন আহমেদ। গণশুনানি সঞ্চালনা করেন দুদক চট্টগ্রামের বিভাগীয় পরিচালক আকতার হোসেন।
দুদক কমিশনার নাসির উদ্দিন আহমেদ চট্টগ্রাম ওয়াসার গ্রাহকদের বিল প্রদানে আরও স্বচ্ছতা, সরকারি সব সংস্থার সঙ্গে সমন্বয় করে রাস্তা খোঁড়াখুঁড়িসহ গ্রাহক সেবার মান বৃদ্ধিতে আরও সচেষ্ট হওয়ার আহ্বান জানান। তিনি বলেন, সংবিধান অনুসারে মৌলিক অধিকার হিসেবে জনগণের পানির অধিকার নিশ্চিত করতে হবে। জনগণের সুবিধার জন্য একটি হেল্প লাইন চালু করার পরামর্শ দেন তিনি। এ ছাড়া ‘আমি এবং আমার আফিস দুর্নীতিমুক্ত’ এই স্লোগানটি অফিসের বিভিন্ন স্থানে লাগাতে পরামর্শ দেন।

গণশুনানিতে মহানগর দুর্নীতি প্রতিরোধ কমিটির সদস্য খালেকুজ্জামান, উইমেন চেম্বারের ভাইস চেয়ারম্যান আবিদা মুস্তফা, টিআইবি চট্টগ্রামের আঞ্চলিক ব্যবস্থাপক তৌহিদুল ইসলাম, ক্যাবের সভাপতি নাজের হোসেন বক্তব্য দেন।