কেউ পিছিয়ে থাকবে না : পরিকল্পনামন্ত্রী

পরিকল্পনামন্ত্রী আ হ ম মুস্তফা কামাল বলেছেন, কাউকে বাদ দিয়ে উন্নয়ন নয়, কেউ পিছিয়ে থাকবে না। সবাইকে নিয়ে এগিয়ে যেতে হবে। গরিব মানুষের সামাজিক সুরক্ষার সব কাজ সরকার একা করতে পারবে না। এ জন্য বেসরকারি সংগঠনগুলোকে প্রকল্প নিয়ে আসার আহ্বান জানান তিনি।
আজ রোববার প্রথম আলো আয়োজিত ‘সামাজিক নিরাপত্তা কৌশল ও বাজেট ২০১৬’ শীর্ষক গোলটেবিল বৈঠকে পরিকল্পনামন্ত্রী এসব কথা বলেন। কারওয়ান বাজারের প্রথম আলো কার্যালয়ে এ গোলটেবিল অনুষ্ঠিত হয়। তৃণমূল পর্যায়ে সামাজিক সুরক্ষা কর্মসূচিগুলো তদারকিতে বেসরকারি খাতের অংশগ্রহণের বিস্তৃত সুযোগ তৈরির সুপারিশ করেন বৈঠকে অংশ নেওয়া অনেক বক্তা।
গোলটেবিল আয়োজনে সহযোগিতা করেছে জাতীয় সামাজিক সুরক্ষা ফোরাম (এনএফএসপি), মানুষের জন্য ফাউন্ডেশন ও যুক্তরাজ্যের দাতা সংস্থা ডিএফআইডি।
বৈঠকে বক্তারা বলেন, ভূমিষ্ঠ হওয়ার আগ থেকে বৃদ্ধ হওয়া পর্যন্ত জীবনচক্রভিত্তিক সামাজিক সুরক্ষা কৌশল হওয়া উচিত। এ ছাড়া সামাজিক সুরক্ষা কর্মসূচিকে দাতব্য হিসেবে বিবেচনা না করে বিনিয়োগ হিসেবে দেখতে হবে। এ জন্য শিক্ষা ও স্বাস্থ্য খাতে বেশি বরাদ্দ দেওয়ার সুপারিশ করেন তাঁরা।
সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা ও আহ্বায়ক রাশেদা কে চৌধূরী বলেন, সামাজিক সুরক্ষা কর্মসূচিগুলো তদারকির জন্য সুশীল সমাজকে সম্পৃক্ত করা হলে সরকারের হাতই শক্তিশালী হবে। তিনি শিক্ষাপ্রতিষ্ঠানে ‘মিড ডে মিল’ চালুর সুপারিশ করেন। তাঁর মতে, শুধু আয় দিয়ে নয়, সার্বিক দিক থেকে দারিদ্র্য মাপা উচিত। দারিদ্র্যের বহুমাত্রিকতা দেখতে হবে।
এনএফএসপির কো-কনভেনর ও মানুষের জন্য ফাউন্ডেশনের পরিচালক তোফায়েল আহমেদ বলেন, সামাজিক সুরক্ষা কৌশলে জীবনচক্রভিত্তিক হওয়া উচিত। সবার জন্য পেনশনের ব্যবস্থা রাখার সুপারিশ করে তিনি বলেন, শুধু সরকারি কর্মকর্তা-কর্মচারীদের পেনশনের জন্য বছরে ১৮ হাজার কোটি টাকা খরচ হয়। এ-জাতীয় সামাজিক নিরাপত্তা কৌশল অন্যায় নয়, যদি সবার জন্য পেনশন থাকত। তিনি মনে করেন, যাঁরা কর দেন, তাঁদের জন্য সীমিত পরিসরে হলেও পেনশনের ব্যবস্থা করা উচিত।
গোলটেবিল বৈঠকে মূল প্রবন্ধ উপস্থাপন করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের অধ্যাপক এম এম আকাশ। তিনি বলেন, সামাজিক নিরাপত্তায় শুধু মোট ব্যয় বাড়ালেই হবে না, দরিদ্রদের পক্ষে ব্যয় বাড়াতে হবে। এ জন্য সামাজিক নিরাপত্তা বাজেটের অভ্যন্তরেও ব্যয়বিন্যাস বদলানোর উদ্যোগ নিতে হবে।
মূল প্রবন্ধে আরও বলা হয়, বর্তমানে দারিদ্র্য আয়রেখার নিচে বসবাসকারী লোকের স্বীকৃত ন্যূনতম সংখ্যা চার কোটি। দারিদ্র্যরেখার ঊর্ধ্বে কিন্তু খুব বেশি ঊর্ধ্বে নয় এবং যেকোনো সময় ধাক্কা খেয়ে নিচে নেমে যেতে পারেন—এমন নাজুক দরিদ্রদের সংখ্যা যোগ করলে মোট সংখ্যা ৮ থেকে ১১ কোটি হতে পারে।
প্রথম আলোর সহযোগী সম্পাদক আব্দুল কাইয়ুমের সঞ্চালনায় অনুষ্ঠানে আরও বক্তব্য দেন এনএফএসপির কো-কনভেনর ও মানুষের জন্য ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক শাহীন আনাম, বেসরকারি সংস্থা এডিডি ইন্টারন্যাশনালের কান্ট্রি ডিরেক্টর শফিকুল ইসলাম, কারিতাস বাংলাদেশের নির্বাহী পরিচালক বেনেডিক্ট আলো ডি রোজারিও, ডিএফআইডির দারিদ্র্য ও সামাজিক নিরাপত্তা উপদেষ্টা নাভেদ চৌধুরী, ইউএনডিপির দারিদ্র্য দূরীকরণ বিভাগের প্রধান ও অ্যাসিস্ট্যান্ট কান্ট্রি ডিরেক্টর পলাশ কান্তি দাস, ইউএনডিপির জ্যেষ্ঠ কর্মসূচি উপদেষ্টা গোরান জনসন, এনজিও ফোরাম ফর পাবলিক হেলথের নির্বাহী পরিচালক এস এম এ রশিদ, পরিকল্পনা কমিশনের সাধারণ অর্থনীতি বিভাগের (জিইডি) উপপ্রধান ফায়জুল ইসলাম, অস্ট্রেলিয়া দূতাবাসের জ্যেষ্ঠ কর্মসূচি ব্যবস্থাপক শাশ্বতি বিপ্লব, বিশ্বখাদ্য কর্মসূচির ঊর্ধ্বতন কর্মসূচি কর্মকর্তা আরেফিন আক্তার, বেসরকারি গবেষণা সংস্থা সেন্টার ফর পলিসি ডায়ালগের (সিপিডি) গবেষক তৌফিকুল ইসলাম খান প্রমুখ।