কেউ পিছিয়ে পড়বে না নীতিতে এসডিজি বাস্তবায়ন করছে সরকার
বাংলাদেশের উন্নয়নে গৃহীত সপ্তম পঞ্চবার্ষিকী পরিকল্পনায় (২০১৬-২০) টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রার (এসডিজি) ধারাবাহিকভাবে একীভূত করা হয়েছে। ‘কেউ পিছিয়ে পড়বে না’ নীতিকে সামনে রেখে সরকার এ পরিকল্পনায় পরিবেশ সুরক্ষার যথাযথ পদ্ধতি গ্রহণ করে ন্যায়সংগত ও অর্থনৈতিক প্রবৃদ্ধি অর্জনে কাজ করছে।
আজ বুধবার সকালে পল্লী কর্ম–সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ) মিলনায়তনে ‘বাংলাদেশে এসডিজি বাস্তবায়ন : অগ্রগতি এবং ভবিষ্যৎ পরিকল্পনা’বিষয়ক সেমিনারে আলোচকেরা এসব কথা বলেন। সেমিনারে মূল প্রবন্ধ পাঠ করেন প্রধানমন্ত্রীর কার্যালয়ের গভর্ন্যান্স ইনোভেশন ইউনিটের (জিআইইউ) মহাপরিচালক মো. আবদুল হালিম।
মূল প্রবন্ধে বলা হয়, বর্তমান সরকার সপ্তম পঞ্চবার্ষিকী পরিকল্পনায় পরিবেশ সুরক্ষার যথাযথ পদ্ধতি গ্রহণ করে ন্যায়সংগত ও ব্যাপক অর্থনৈতিক প্রবৃদ্ধি অর্জনে কাজ করছে। সপ্তম পঞ্চবার্ষিকী পরিকল্পনা ২০৩০ সালের মধ্যে এসডিজি বাস্তবায়ন এবং আরও দুটি পঞ্চবার্ষিকী পরিকল্পনার ভিত্তি তৈরি করেছে।
এ ছাড়া বাংলাদেশ সপ্তম পঞ্চবার্ষিকী পরিকল্পনায় ইতিমধ্যে এসডিজির ১৬৯টি টার্গেট অন্তর্ভুক্ত করেছে। এগুলোর মধ্যে ৫৬টি বাংলাদেশের পরিকল্পনার সঙ্গে ভালোভাবে মিলে যায়। বাকি ১০৩টি আংশিকভাবে মেলে। পক্ষান্তরে, ১১টি টার্গেট বাংলাদেশে বাস্তবায়নযোগ্য নয়।
পররাষ্ট্রসচিব শহীদুল হক বলেন, ‘বাংলাদেশ এমডিজিতে (সহস্রাব্দ উন্নয়ন লক্ষ্যমাত্রা) সাফল্য অর্জন করেছে। এসডিজিতে ২০৩০ সাল পর্যন্ত আমরা দেশের উন্নয়নে কী কী উদ্যোগ গ্রহণ করব, তা সবাই মিলে আলোচনা করে ঠিক করা হয়েছে। সেসব পরিকল্পনা বিস্তারিতভাবে এসডিজিতে অন্তর্ভুক্ত করা হয়েছে। এমডিজির ধারাবাহিকতায় এসডিজিতেও সাফল্য অর্জন করবে।’
পিকেএসএফের চেয়ারম্যান কাজী খলীকুজ্জমান বলেন, এসডিজির দর্শনভিত্তিক লক্ষ্যমাত্রাগুলো বাস্তবায়নে সরকার তার প্রতিশ্রুতি অনুযায়ী কাজ করছে কি না, তা জানাতে এই সেমিনার। সরকারের উন্নয়নমূলক কাজগুলোর বিষয়ে জনগণকে জানানোও আজকের লক্ষ্য। নব্বইয়ের দশকে ক্ষুদ্র ঋণদান সংস্থাগুলো যে লক্ষ্য নিয়ে কাজ শুরু করেছিল, সেগুলো এখন কেবল ঋণদানে সীমাবদ্ধ নয়। এগুলো এখন উন্নয়ন সহযোগী সংস্থা। এসব সংস্থা শিক্ষা, স্বাস্থ্য, জীবনমান, কর্মসংস্থান, প্রশিক্ষণ গ্রহণ করার ক্ষেত্রে ঋণ দিচ্ছে।
সেমিনারে সভাপতিত্ব করেন পিকেএসএফের চেয়ারম্যান কাজী খলীকুজ্জমান। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পররাষ্ট্রসচিব মো. শহীদুল হক।