
সৌদি বাদশাহ সালমানের ছেলে যুবরাজ মোহাম্মদ বিন সালমানের নেতৃত্বে গঠিত দুর্নীতিবিরোধী কমিটি ১১ জন প্রিন্স, চারজন মন্ত্রী ও ডজন খানেক সাবেক মন্ত্রীকে আটক করেছে। এই ধরপাকড়ের পেছনে কী কারণ থাকতে পারে, তা জানতে চেয়ে আজ প্রথম আলোর ফেসবুক পেজে পাঠকদের মতামত চাওয়া হয়। ঘণ্টা দু-একের মধ্যেই দেড় হাজারের বেশি পাঠক তাঁদের প্রতিক্রিয়া জানান, প্রায় এক শ মন্তব্য পড়ে পোস্টটিতে।
ডালিম কুমার রায় ও মো. আকবর এ উদ্যোগকে ভালো কাজ বলছেন। আবার এ সিদ্ধান্তের বিরোধিতা করে মোহাম্মদ কিবরিয়া বাদল, কহিনুর শীলা, সাগর হোসেইনসহ অনেকেই মন্তব্য করেন, সৌদি আরব ভুল পথে হাঁটছে।
আবু জাফর শিশির, পায়ের হোসেন, সায়েক আহমেদ উজ্জ্বল, আনসার উদ্দিন হিরণ, ফরিদ উদ্দিন, নাজমুল ইসলাম শুভ, এন আই সম্রাটের মতো অনেকেই ক্ষমতার দ্বন্দ্ব ও রাজপরিবারের অন্তঃকোন্দলকে এ ঘটনার কারণ হিসেবে দাঁড় করিয়েছেন।
মো. নাজিম খানের মতে, এ বিষয়ে মত দেওয়ার আগে বাদশাহর ছেলের ব্যক্তিত্ব ভালোভাবে পর্যবেক্ষণ করা দরকার। সোহেল রানাও এত দ্রুত কোনো সিদ্ধান্তে যেতে চাননি।
আবদুস সালাম আজাদ, মামুন তরিকুল ও মো. আরহাম এই ধরপাকড়কে ইতিবাচক হিসেবে দেখছেন। তাঁদের মতে, এর উদ্দেশ্য সবাইকে আইনের আওতায় আনা।
সেলিম, দীপ্ত রায়, সরকার আরিফ ও বিবর্ণ নূর এ ঘটনাকে সংস্কারের অংশ হিসেবে আখ্যা দিচ্ছেন। বিবর্ণ নূর লিখেছেন, ‘সৌদি নারীরা এখন মাঠে গিয়ে খেলা দেখবেন, গাড়ি ড্রাইভও করবেন। দেরিতে হলেও তা সৌদি সংস্কারের অংশ, যা বিশ্বে প্রশংসিতই হবে।’
আবদুর রহমানের মতে, এই সংস্কার আরও আগেই দরকার ছিল। দেরিতে হলেও এমন যুগোপযোগী সিদ্ধান্তের জন্য তিনি সৌদি বাদশাহকে ধন্যবাদ জানিয়েছেন।
মুনির হাসানের মতে, ‘এ ঘটনা প্রমাণ করল দেশে গণতন্ত্রের চেয়ে আইনের শাসন বেশি জরুরি।’ সামনে কঠিন সময় আসবে আরববাসীদের জন্য—আশঙ্কা প্রকাশ করেছেন আলমগীর কবির। আবদুল মাজিদ খানের মতে, ‘একটি ধীরগতির সংস্কার প্রয়োজন, বিপ্লব নয়।’
ফকরুল ইসলামের মন্তব্যটি বেশ বিশ্লেষণধর্মী। তিনি লিখেছেন, ‘হুটহাট এ ধরনের পরিবর্তনে বিপদের আশঙ্কা থাকে৷ ভয় হচ্ছে কট্টরপন্থীরা বিপ্লবের চেষ্টা করতে পারে৷ এতে বিদেশিরা সুযোগ নেবে৷ বাদশাহ ফয়সালের কর্মকাণ্ডও প্রশংসিত হয়েছিল। কিন্তু এর জন্য তাঁকে জীবন দিতে হয়৷ আসলে রাজতন্ত্র জনগণের চাহিদামতো সমস্যার সমাধান করে দিতে পারে না৷ সৌদি যুবরাজ যদি সত্যিকারের জনকল্যাণকামী হতেন, তাহলে রাজতন্ত্রকে ব্রিটিশ ধাঁচের নিয়মতান্ত্রিক পর্যায়ে নিয়ে যেতেন। মজলিশ এ সুরার (পার্লামেন্ট) জন্য সাধারণ নির্বাচন দিয়ে দিতেন। ভুটানের যুবরাজ ক্ষমতা পেয়েই এ কাজ করেছিলেন।’