কেউ ভিওআইপির সঙ্গে যুক্ত থাকলে দ্রুত সরে আসুন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিটিআরসি কর্মকর্তাদের কেউ অবৈধ আন্তর্জাতিক টেলিযোগাযোগ (ভিওআইপি) ব্যবসার সঙ্গে যুক্ত থাকলে অবিলম্বে তা থেকে ‘সরে যাওয়ার’ পরামর্শ দিয়েছেন নতুন ডাক ও টেলিযোগাযোগমন্ত্রী সাহারা খাতুন।গতকাল মঙ্গলবার বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের (বিটিআরসি) কার্যালয় পরিদর্শনের সময় পরিচিতিমূলক অনুষ্ঠানে এ হুঁশিয়ারি উচ্চারণ করেন নতুন মন্ত্রী। এ সময় তিনি অবৈধ ভিওআইপি ব্যবসায় জড়িত ব্যক্তিদের সম্পর্কে জানতে চান। সাহারা খাতুন বলেন, ‘পত্রপত্রিকায় দেখতে পাচ্ছি, অবৈধ ভিওআইপি নিয়ে লেখা হচ্ছে। সরকার মোটা অঙ্কের রাজস্ব হারাচ্ছে। আমি বিশ্বাস করতে চাই, বিটিআরসির কর্মকর্তা-কর্মচারীরা এর সঙ্গে জড়িত নন। আর কেউ জড়িত থাকলে এখনই সরে আসবেন।’ডিসেম্বর-জানুয়ারিতে থ্রিজি নিলামঅনুষ্ঠানে ডাক ও টেলিযোগাযোগসচিব সুনীল কান্তি বোস বলেন, যেকোনো মূল্যে অবৈধ ভিওআইপি বন্ধ করা হবে। ভিএসপি (ভিওআইপি সার্ভিস প্রোভাইডার) লাইসেন্স প্রক্রিয়াধীন বলেও জানান তিনি। আগামী বছর থেকে বেসরকারি মোবাইল অপারেটররা তৃতীয় প্রজন্মের (থ্রিজি) প্রযুক্তিসেবা চালু করতে পারবে বলে জানান সচিব। তিনি বলেন, থ্রিজি বিষয়ক নিলাম আগামী ডিসেম্বর বা জানুয়ারিতে করার ব্যবস্থা নেওয়া হচ্ছে। বিটিআরসির ভারপ্রাপ্ত চেয়ারম্যান গিয়াসউদ্দিন আহমেদসহ সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও বিটিআরসির ঊর্ধ্বতন কর্মকর্তারা এ সময় উপস্থিত ছিলেন।