কেউ স্মরণ রাখেনি সেই কাহিনি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

১৬ ডিসেম্বর, ১৯৭১। সকাল নয়টা ৩০ মিনিট। স্থান: সিলেট নগরের মণিপুরি রাজবাড়ী এলাকা। ছোট্ট একটি টিনশেড ঘর। সেই ঘরের একটি কক্ষে চৌকির ঠিক মধ্যভাগে রাখা রেডিও বাজছিল। রেডিওতে স্বাধীন বাংলা বেতার কেন্দ্র থেকে সম্প্রচারিত পাকিস্তানিদের আত্মসমর্পণের খবর প্রচারিত হচ্ছিল। খবর শুনতে রেডিও ঘিরে জনা দশেক মানুষ জড়ো ছিলেন। রুদ্ধশ্বাসের নয় মাস শেষে মুক্তির আনন্দ সবার মনে। হঠাৎ করেই পাকিস্তানি সেনাদের ক্যাম্প বরাবর ভারতীয় মিত্র বাহিনীর ছোড়া একটি মর্টার শেল লক্ষ্যভ্রষ্ট হয়ে ঘরের সেই কক্ষে গিয়ে পড়ে। মুহূর্তেই কালো ধোঁয়া কুণ্ডলী পাকিয়ে পুরো ঘর অন্ধকার করে ফেলে। ঘরের মেঝে বেয়ে তাজা লাল রক্ত গলির রাস্তা পর্যন্ত গড়িয়ে আসে। চিৎকার-আর্তনাদে ভারী হয়ে ওঠে পরিবেশ। এ ঘটনায় মারা যান একই পরিবারের নয়জন সদস্য।ততক্ষণে বিজয়ের খবর শহরজুড়ে ছড়িয়ে পড়ে। পাড়া-মহল্লায় শুরু হয় আনন্দ-উল্লাস। বিজয়োল্লাসে ভয়াবহ সেই ঘটনা চাপা পড়ে যায়। কিন্তু দীর্ঘ ৪০ বছর ধরে ওই ঘটনায় আহত হওয়া পরিবারের একজন মাত্র সদস্য দুঃসহ স্মৃতি বহন করে চলছেন।বেঁচে যাওয়া গৃহবধূ গীতা এন্দ। বয়স এখন ৬৫। তিনি বলেন, ‘ওই দিন দেশ স্বাধীন হয়। তাই বিজয়ের আনন্দে সব হারানো এক পরিবারের একজন সদস্যের কান্না মুক্তিপাগল মানুষের কানে পৌঁছায়নি। দীর্ঘ ৪০ বছর ধরে এই যন্ত্রণা আমি বহন করে চলেছি। বেদনার স্মৃতি আমাকে এখনো কুরে কুরে খাচ্ছে।’ওই দিন যাঁরা শহীদ হয়েছিলেন তাঁরা হলোন: গীতা এন্দের শ্বশুর সিলেট পৌরসভার অবসরপ্রাপ্ত আবাসিক চিকিৎসক দীগেন্দ্র চন্দ্র এন্দ, শাশুড়ি সুরুচি এন্দ, ভাশুর দেবেন্দু এন্দ, জাল ক্ষণা এন্দ, ভাশুরের ছেলে অপু এন্দ, মেয়ে পম্পা এন্দ, ননদ শিখা এন্দ, শিবানী এন্দ ও ভাশুরের শ্বশুর গোপেশ দাস। তবে অন্য একটি কক্ষে থাকায় প্রাণে বেঁচে যান গীতা এন্দ, তাঁর স্বামী পার্থ সখা এন্দ এবং এক বছর বয়সী ছেলে রনি এন্দ ও ২৯ দিন বয়সী ছেলে টনি এন্দসহ আরও কয়েকজন। তবে পার্থ সখা এন্দ ও গীতা এন্দ মর্টার শেল থেকে বিক্ষিপ্ত স্প্লিন্টারের আঘাতে গুরুতর আহত হয়েছিলেন।সেদিনের ২৯ দিন বয়সী টনি এন্দ এখন সিলেটের নামকরা একজন রবীন্দ্রসংগীতশিল্পী। জাতীয় রবীন্দ্রসংগীত সম্মিলন পরিষদ সিলেটের সম্পাদক (প্রশিক্ষণ) হিসেবে দায়িত্ব পালন করছেন। টনি এন্দ বলেন, ‘বয়সের কারণে আমার কিছুই মনে থাকার কথা নয়। তবে ঘটনায় গুরুতর আহত হয়েও বেঁচে যাওয়া বাবা-মায়ের মুখে অসংখ্যবার সেই ঘটনা শুনেছি। সারা দেশে যখন বিজয়ের আনন্দ, তখন আমাদের পরিবারে মাতম বিরাজ করে।’মুক্তিযুদ্ধের সময় আতঙ্কিত এই পরিবারকে যিনি নিজের বাসায় আশ্রয় দিয়েছিলেন তিনি হলেন আবদুর রহমান চৌধুরী। ৮৬ বছরের বয়স্ক আবদুর রহমান চৌধুরী বর্তমানে নগরের হাউজিং এস্টেট এলাকায় বসবাস করছেন। একজন প্রত্যক্ষদর্শী হিসেবে সেই সময়ের স্মৃতিচারণায় তিনি প্রথম আলোকে বলেন, ‘আমি তখন মণিপুরি রাজবাড়ী এলাকায় থাকতাম। ডা. এন্দ তাঁর পরিবারের সদস্যদের নিয়ে আমাদের বাড়িতে আশ্রয় নিয়েছিলেন। কিন্তু ভাগ্যের কী নির্মম পরিহাস, কয়েকজন ছাড়া সপরিবারে তাঁদের নিহত হতে হলো। ঘটনার পরপর আমরা আটজনকে মির্জাজাঙ্গাল এলাকার এন্দের বাসস্থানে সমাধি দিয়েছিলাম এবং একজনকে চালিবন্দর মহাশ্মশানে দাহ করা হয়েছিল।’কিছুটা ক্ষোভ প্রকাশ করে আবদুর রহমান চৌধুরী বলেন, ‘ঘটনার ৪০ বছর অতিবাহিত হয়েছে। অথচ তাঁরা প্রাপ্য সম্মানটুকুও রাষ্ট্রের কাছ থেকে পাননি। এটা সত্যিই দুঃখজনক।