কেউই আইনের চেয়ে বড় নয়: তুরিন আফরোজ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
তুরিন আফরোজ
তুরিন আফরোজ

একাত্তরে মানবতাবিরোধী অপরাধী সালাউদ্দিন কাদের (সাকা) চৌধুরী ও জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল আলী আহসান মোহাম্মাদ মুজাহিদের দুটি মামলাতেই রাষ্ট্রপক্ষের কৌঁসুলি ছিলেন তুরিন আফরোজ। তিনি এ দুটি মামলার আইনগত যুক্তি-তর্ক উপস্থাপন করেছেন।
দুজনের মৃত্যুদণ্ড কার্যকর হওয়ার পর আজ রোববার এই আইনজীবী এক সাক্ষাৎ​কারে প্রথম আলোকে বলেন, এই রায় কার্যকরের মধ্য দিয়ে তাঁদের দম্ভ যেমন চূর্ণ হলো, তেমনি এ দেশের আইন প্রমাণ করল, কেউই আইনের চেয়ে বড় নয়।
তুরিন আফরোজ বলেন, একাত্তরের ২২ এপ্রিল জামালপুরে মুজাহিদ ঘোষণা দিয়েছিলেন, আলবদর একটি নাম, আলবদর একটি বিস্ময়, আলবদর মুক্তিযোদ্ধাদের কাছে সাক্ষাৎ আজরাইল। ঠিক একইভাবে আলবদরের নেতা হিসেবে একাত্তরের ১৬ ডিসেম্বর শহীদের রক্তের ওপর দাঁড়িয়ে আলবদরদের উদ্দেশে শেষ ভাষণ দেন মুজাহিদ। এটি থেকেই প্রমাণিত হয়, আলবদরদের প্রতি তাঁর নেতৃত্ব কতটা শক্ত। উর্দুতে লেখা আলবদর বই থেকে এসব প্রমাণ পাওয়া গেছে।
তুরিন বলেন, ‘মুজাহিদের মামলাটি নিয়ে কাজ করার সময় আমাকে উর্দু শিখতে হয়েছে। মুজাহিদের নেতৃত্বের দায়টি ট্রাইব্যুনালে প্রমাণিত করতে পেরেছিলাম এটাই আমার সফলতা। এই দায়ের জন্যই পরবর্তীতে উচ্চ আদালতেও মুজাহিদ দণ্ডিত হয়েছেন।’
সাকা চৌধুরীর ফাঁসি কার্যকর হওয়ার বিষয়ে রাষ্ট্রপক্ষের এই কৌঁসুলি বলেন, দেশে হিন্দুদের নিধনের কালো অধ্যায় তৈরি করেছিলেন সাকা চৌধুরী। বিচার চলার সময় সব সময় সাকা কটূক্তি আর বাঁকা হাসি হেসে নিজেকে আইনের ঊর্ধ্বে প্রমাণ করতে চেয়েছিলেন। কিন্তু আইনের হাত যে তার থেকেও অনেক অনেক বড়, তা প্রমাণিত হয়েছে। তার ফাঁসির মধ্য দিয়ে সেই দম্ভ চূর্ণ হয়ে গেছে। একজন আইনজীবী হিসেবে এটাই সবচেয়ে বড় পাওয়া যে, এই রায় কার্যকরের মাধ্যমে দেশে আবারও আইনের শাসন প্রতিষ্ঠিত হয়েছে।