কেউই দায় নিতে চায় না

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বৃষ্টিতে জলাবদ্ধতা। প্রথম আলো ফাইল ছবি
বৃষ্টিতে জলাবদ্ধতা। প্রথম আলো ফাইল ছবি

রাজধানীতে বৃষ্টি হলে ঢাকা ওয়াসা শুধু ম্যানহোলের ঢাকনা খুলে এবং নিষ্কাশন পাম্প চালু করেই দায়িত্ব শেষ করছে। আর বিভিন্ন সড়কে সিটি করপোরেশনের আওতায় সংস্কারকাজের কারণে বৃষ্টির পানি নামার পথগুলোও (ক্যাচপিট) বন্ধ বা নষ্ট হয়ে গেছে। এ কারণেই মাঝারি ধরনের বৃষ্টি হলে তলিয়ে যাচ্ছে রাজধানী ঢাকা শহর। কিন্তু দুই কর্তৃকক্ষের কেউই দায় নিতে চায় না। কেবল একে অন্যকে দোষ দিচ্ছে।

গত জুলাইয়ে কয়েক দফা বৃষ্টিতে সৃষ্ট জলাবদ্ধতায় ঢাকা শহর কার্যত অচল হয়ে পড়েছিল। এরপর সরকারের নানা সংস্থার পক্ষ থেকে জলাবদ্ধতা নিরসনে নানা প্রতিশ্রুতিও ছিল। কিন্তু নগরীর খাল, বক্স কালভার্ট ও গভীর নর্দমা পরিষ্কারে তেমন কোনো কাজ হয়নি।

গত ১ আগস্ট স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী খন্দকার মোশাররফ হোসেনের সভাপতিত্বে এক সভায় জলাবদ্ধতা নিরসনে সমন্বিতভাবে কাজ করতে বিদ্যমান আইনগুলো পর্যালোচনার জন্য একটি কমিটি গঠন করা হয়েছিল। এক মাসের মধ্যে এ-বিষয়ক প্রতিবেদন দেওয়ার কথা থাকলেও সেটা হয়নি।

এ বিষয়ে কমিটির প্রধান ও স্থানীয় সরকার বিভাগের অতিরিক্ত সচিব নাসরীন আকতার গতকাল প্রথম আলোকে বলেন, ‘আমরা প্রতিবেদন দেওয়ার জন্য আরও সময় চেয়েছি। এ বিষয়ে ইতিমধ্যে কমিটির তিনটি বৈঠক হয়েছে।’

সরেজমিনে দেখা গেছে, সেগুনবাগিচা খাল, মান্ডা খাল, বাসাবো খাল, নড়াই খাল, রামচন্দ্রপুর খাল, কল্যাণপুর খাল ময়লা-আবর্জনায় পরিপূর্ণ।

ঢাকা ওয়াসার ড্রেনেজ বিভাগের তত্ত্বাবধায়ক প্রকৌশলী নুরুল ইসলাম প্রথম আলোকে বলেন, ‘জলাবদ্ধতা দূর করতে প্রায় দেড় মাস আসলেই বিশেষ কোনো কাজ করা যায়নি। খালগুলো বছরে একবারের বেশি পরিষ্কার করা হয় না। প্রতিদিনের গৃহস্থালির ও অন্যান্য বর্জ্য সিটি করপোরেশন ঠিকমতো না সরানোয় এসব খাল এক মাসের মধ্যে আবার ভরাট হয়ে যায়। একই কারণে গভীর নর্দমা ও বক্স কালভার্ট বন্ধ হয়ে যায়।

গতকাল পানি নিষ্কাশন করতে ওয়াসার জনপথ (গোপীবাগ), রামপুরা, কল্যাণপুর পাম্পস্টেশনের সব পাম্প চালু করা হয়। রাস্তার ম্যানহোলের ঢাকনাও তুলে দেওয়া হয়েছে।

এ বিষয়ে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) অতিরিক্ত প্রধান প্রকৌশলী মো. আসাদুজ্জামান প্রথম আলোকে বলেন, সিটি করপোরেশনের বর্জ্যের কারণে খাল ও নর্দমা-কালভার্ট বন্ধ হয়ে যাওয়ার অভিযোগ ঠিক না। বরং ওয়াসাই নিয়মিত পরিষ্কার করে না। তাদের পাম্পস্টেশনগুলোর ক্ষমতাও বাড়ানো উচিত।

গতকাল বাংলাদেশ ব্যাংকের পেছনে কালভার্ট রোড এলাকায় গিয়ে দেখা যায়, শিহাব অটোমোবাইল নামের একটি মোটর গ্যারেজের সামনে রাস্তায় একটি চতুষ্কোণ ম্যানহোল টিনের ঘেরা দেওয়া রয়েছে। সেখানে টাঙানো সাইনবোর্ডে ওয়াসার সতর্কবাণী, ‘সাবধান, ম্যানহোলের কাভার খোলা, বক্স কালভার্ট ক্লিনিং কাজ চলিতেছে। সাময়িক অসুবিধার জন্য দুঃখিত’।

শিহাব অটোমোবাইলসহ আশপাশের দোকানপাটের লোকজন বলেন, পাঁচ দিন আগে এই ঘেরাও দেওয়া হয়েছে, কিন্তু এক দিনও ভেতরে ময়লা পরিষ্কার করতে দেখেননি তাঁরা।

গতকালের বৃষ্টির পর ধানমন্ডি ২৭ নম্বর সড়ক এলাকার পানি নামতে চার ঘণ্টারও বেশি সময় নেয়। ঢাকা ওয়াসা এখানে জলাবদ্ধতার জন্য উত্তর সিটি করপোরেশনকে (ডিএনসিসি) দায়ী করেছে। ওয়াসার পরামর্শক এ কে এম শহীদউদ্দিন প্রথম আলোকে বলেন, সেখানে সিটি করপোরেশনের নর্দমা ও ফুটপাত সংস্কারের কারণে ওয়াসার গভীর নর্দমার সঙ্গে যুক্ত ২০টি ক্যাচপিট (যেটি পানি ধারণ করে নর্দমায় পৌঁছে দেয়) বন্ধ হয়ে গেছে। নগরীর আরও অনেক এলাকায় এমন অবস্থা আছে বলে দাবি করেন তিনি।

তবে ডিএনসিসি বিষয়টি অস্বীকার করেছে। ডিএনসিসির অতিরিক্ত প্রধান প্রকৌশলী সৈয়দ কুদরতউল্লাহ বলেন, ‘ক্যাচপিটগুলো আমাদের কাজের কারণে বন্ধ হয়নি, বরং আমরা বৃষ্টির পানি যাওয়ার জন্য খোলা নর্দমা তৈরি করেছি। নইলে জলাবদ্ধতা আরও স্থায়ী হতো।’

বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক পানি ব্যবস্থাপনা বিশেষজ্ঞ মো. মুজিবুর রহমান প্রথম আলোকে বলেন, যে কারণেই হোক, ক্যাচপিট বন্ধ হওয়ার বিষয় রোধ করা দরকার। ক্যাচপিট বন্ধ হওয়া মানে নিষ্কাশনব্যবস্থা একরকম অচল হয়ে যাওয়া।