মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার কেওলার হাওরের বুক চিরে নির্মাণ করা হচ্ছে রাস্তা। এ কারণে সেখানে মৎস প্রজনন ও পরিবেশের ওপর বিরূপ প্রভাব পড়তে পারে। এ আশঙ্কা করছেন এলাকার মৎস্যজীবী, কৃষকনেতা, কৃষি গবেষক ও কর্মকর্তারা।এই প্রতিবেদকের সঙ্গে আলাপকালে কমলগঞ্জ উপজেলার ভারপ্রাপ্ত মৎস্য কর্মকর্তা মো. আসাদ উল্লাহ বলেন, হাওরে আড়াআড়িভাবে রাস্তা নির্মাণের কারণে মাছের অবাধ চলাচলে বাধা সৃষ্টি হবে এবং হাওর সংকুচিত হয়ে আসবে। এতে মাছের উৎপাদন আরও কমবে এবং নষ্ট হবে জীববৈচিত্র্য।গত ৩১ ডিসেম্বর সরেজমিনে দেখা গেছে, উপজেলার পতনঊষার ইউনিয়নের ধূপাটিলা-হালাবাদি গ্রাম এলাকা থেকে কেওলার হাওরের মধ্যবর্তী লাঘাটা নদী পর্যন্ত রাস্তা নির্মাণে মাটি ভরাটের কাজ চলছে। হাওরের ওই স্থানে রাস্তা নির্মাণের জন্য আগেই প্রাথমিকভাবে কৃষিজমির সমান করে মাটি ভরাট করে রাখা হয়েছিল।খোঁজ নিয়ে জানা গেছে, সম্প্রতি কাজের বিনিময়ে খাদ্য (কাবিখা) প্রকল্পের আওতায় বরাদ্ধ পাওয়া আট মেট্রিক টন চাল দিয়ে শ্রমিক লাগিয়ে সেখানে প্রায় সাড়ে তিন ফুট উঁচু ও ১৮ থেকে ১২ ফুট প্রস্থ রাস্তা নির্মাণের কাজ চলছে। এই প্রকল্পের সভাপতি ইউনিয়ন পরিষদের (ইউপি) স্থানীয় সদস্য আবদুল করিম। তিনি এই কাজের তদারক করছেন।জানতে চাইলে আবদুল করিম বলেন, দুই বছর আগে লাঘাটা নদী থেকে বালু উত্তোলনের জন্য তিনি নিজস্ব অর্থায়নে রাস্তায় মাটি ভরাটের কিছু কাজ করেন। এখন ইউনিয়ন পরিষদের মাধ্যমে কাবিখা প্রকল্পের অর্থায়নে সেখানে মাটি ভরাটের কাজ করছেন। তিনি দাবি করেন, হাওরে চাষাবাদের জন্য কৃষকদের যাতায়াতে এই রাস্তা খুবই গুরুত্বপূর্ণ।তবে কৃষক সংগ্রাম সমিতির মৌলভীবাজার জেলা কমিটির সভাপতি কবি শহীদ সাগ্নিক, পতনঊষারের সমাজসেবক আবদুল হান্নান, ইউপির সাবেক সদস্য আশিক মিয়াসহ অনেকেই জানান, বাস্তবতা বিবেচনায় না নিয়ে অপরিকল্পিতভাবে এই রাস্তা নির্মাণ করা হচ্ছে। এটা পরিবেশের ক্ষতি ডেকে আনবে। তা ছাড়া কেওলার হাওর এই অঞ্চলের পানির ‘রিজার্ভ ট্যাংক’ হিসেবে পরিচিত। অতীতে অল্প বৃষ্টি হলেই সেখানে পানি জমত। পলি-বালি জমে বর্তমানে এমনিতেই হাওরের একটি অংশ ভরাট হয়ে গেছে। তার ওপর অপরিকল্পিতভাবে রাস্তা নির্মাণ করা হলে প্রাকৃতিক এই হাওর সর্বনাশের শেষ পরিণতি প্রত্যক্ষ করবে।কৃষকদের সুবিধার যে ধুয়া তোলা হচ্ছে, তার সঙ্গেও একমত নন স্থানীয় কৃষি গবেষকেরা। তাঁদের মতে, যুগ যুগ ধরে কৃষকেরা সেখানে বোরো চাষ করে আসছেন। আজ পর্যন্ত তাঁদের কোনো সমস্যা হয়নি।শ্রীমঙ্গলের কৃষি গবেষক শাহ আবদুল আজিজ বলেন, এই রাস্তা নির্মাণ অবশ্যই পরিবেশের জন্য ক্ষতির কারণ হবে। হাওরের মধ্য দিয়ে রাস্তা নির্মাণ করলে পলি-বালি জমে এটি ভরাট হয়ে যাবে। তখন সেখানে মাছের আবাসস্থল থাকবে না।কমলগঞ্জ উপজেলা কৃষি কর্মকর্তা শামসুদ্দীন আহমদ মন্তব্য করেন, বর্তমানে পরিবেশ-প্রতিবেশ রক্ষা করেই কাজ করতে হয়। তা ছাড়া রাস্তা নির্মাণের আগে সম্ভাব্যতা যাচাই বা সমীক্ষা করতে হয়। এ ধরনের সমীক্ষা করে রাস্তা নির্মাণ করা হলে তাতে আপত্তি নেই।এ ব্যাপারে কমলগঞ্জ উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. আসাদুজ্জামান বলেন, সম্ভাব্যতার সমীক্ষা করা হয়েছে কি না, তা তাঁর সঠিক জানা নেই। তবে পতনঊষার ইউপির সিদ্ধান্ত মোতাবেক কাবিখার আওতায় কেওলার হাওরের রাস্তা নির্মাণে আট মেট্রিক টন চাল বরাদ্ধ দেওয়া হয়েছে বলে তিনি স্বীকার করেন।উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) প্রকাশ কান্তি চৌধুরী বলেন, ‘তদন্ত করে এ ব্যাপারে যথাযথ ব্যবস্থা নেব।’