কেক কেটে প্রমাণ করলেন তিনি স্বাধীনতাবিরোধীদের সঙ্গে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, বিরোধীদলীয় নেত্রী ১৫ আগস্ট জাতীয় শোক দিবসে কেক কেটে জন্মদিনের উৎসব পালন করে প্রমাণ করছেন, তিনি দেশের স্বাধীনতা চান না। তিনি মুক্তিযুদ্ধের পরাজিত শক্তির সঙ্গেই আছেন।গতকাল শুক্রবার বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে জাতীয় শোক দিবসের আলোচনা সভায় প্রধানমন্ত্রী এসব কথা বলেন।প্রধানমন্ত্রী বলেন, বিরোধীদলীয় নেত্রী ১৫ আগস্ট জন্মদিন পালন করলেও ওই দিনেই যে তাঁর জন্ম, এমন কোনো প্রমাণ নেই। তাঁর স্বামী জিয়াউর রহমানের সেনাবাহিনীতে চাকরির নথিপত্র ও বিয়ের কাবিননামাসহ কোথাও এই তারিখের কথা নেই।শেখ হাসিনা বলেন, ‘যদি দক্ষতার সঙ্গে দেশ পরিচালনা করতে না পারতাম, তাহলে বিশ্বমন্দার মধ্যেও দেশে বৈদেশিক মুদ্রার রিজার্ভ ১৬ বিলিয়ন ডলারের ওপরে হতো না। বার্ষিক উন্নয়ন প্রকল্পের ৯৬ ভাগ বাস্তবায়ন হতো না। মুদ্রাস্ফীতি ও মূল্যস্ফীতি কমিয়ে প্রবৃদ্ধিও বাড়াতে পারতাম না।’ এ প্রসঙ্গে তিনি কিছুটা আক্ষেপ করে বলেন, ‘তার পরও সমালোচনার শেষ নেই। যাঁরা সমালোচনা করেন, তাঁদের উদ্দেশে বলব, আওয়ামী লীগ ক্ষমতায় না থাকলে কী হবে, সেটাও ভেবে দেখুন।’প্রধানমন্ত্রী বলেন, যখনই যুদ্ধাপরাধীদের বিচার শুরু হয়েছে, তখনই বিএনপি ও জামায়াত-শিবির-হেফাজত মিলে মানুষ পুড়িয়ে হত্যা করছে। তারা শত শত কোরআন শরিফ পুড়িয়েছে, মসজিদে আগুন দিয়েছে। উদ্দেশ্য, যুদ্ধাপরাধীদের বিচার বন্ধ করা। যেভাবে জিয়াউর রহমান যুদ্ধাপরাধীদের রক্ষা করেছিলেন, একইভাবে তাঁর স্ত্রীও বিচার বন্ধ করতে চান।১৯৭৫ সালের ১৫ আগস্টের ঘটনায় স্বজন হারানোর কথা তুলে আবেগাপ্লুত হয়ে প্রধানমন্ত্রী বলেন, সন্তান হিসেবে বাবার স্নেহ ও আদর যতটা না পেয়েছি, বাংলার মানুষ তার চেয়েও বেশি জাতির পিতার ভালোবাসা, স্নেহ ও আদর পেয়েছে। সারাটি জীবন তিনি এ দেশের মানুষের জন্যই উৎসর্গ করেছিলেন।সৈয়দা সাজেদা চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় আরও বক্তব্য দেন আমির হোসেন আমু, সৈয়দ আশরাফুল ইসলাম, সুরঞ্জিত সেনগুপ্ত, মতিয়া চৌধুরী, আবদুল লতিফ সিদ্দিকী, মোহাম্মদ নাসিম প্রমুখ। সভা পরিচালনা করেন হাছান মাহমুদ ও অসীম কুমার উকিল।তাদের সঙ্গে সংলাপ নয়: আলোচনা সভায় আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলাম বলেন, যারা বঙ্গবন্ধুর শাহাদাতবার্ষিকীতে জন্মদিনের নামে কেক কেটে ফুর্তি করে, তাদের সঙ্গে কোনো আলোচনা, সংলাপ ও আপস নেই। শেখ হাসিনা তাঁর পিতার হত্যার দিনে ভুয়া জন্মদিনের কেক কেটে উল্লাস করা মেনে নিতে পারেন না।সৈয়দ আশরাফ বলেন, কার সঙ্গে কিসের সংলাপ? তাদের সঙ্গে সংলাপ কখনো সম্ভব নয়। তাদের সঙ্গে কোনো আলোচনা বা সমঝোতা সম্ভব নয়। রাজনৈতিক বাস্তবতায় অনেক কিছু বলা যায়। এটা (জন্মদিন) রাজনীতি নয়। তিনি বলেন, ‘তারা (বিএনপি) আমাদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছে। সে যুদ্ধ হলো শেখ হাসিনাকে হত্যা করে পৃথিবী থেকে তাঁকে মুছে দেওয়া এবং আওয়ামী লীগকে বাংলার বুক থেকে নিশ্চিহ্ন করে দেওয়া। কিন্তু তাদের এ ষড়যন্ত্র সফল হবে না।বিএনপির প্রতি ইঙ্গিত করে সৈয়দ আশরাফ বলেন, আওয়ামী লীগ তাদের শতভাগ ঘৃণা করে। তাদের সঙ্গে কোনো আলোচনা হবে না। দেশের অভ্যন্তরীণ বিষয়ে বিদেশি দূতাবাসের খবরদারির কঠোর সমালোচনা করে স্থানীয় সরকারমন্ত্রী বলেন, ‘যারা সবক দেয়, তারা খালেদা জিয়ার জন্মদিন নিয়ে কোনো বিবৃতি দেয়নি। রাষ্ট্রদূতদের সঙ্গে প্রতিনিয়ত আমার কথা হয়। তারা কী চায়, তা আমার জানা আছে।’