কেক কেটে ফুর্তি করাদের সঙ্গে কিসের সংলাপ: আশরাফ

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও স্থানীয় সরকারমন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম বলেছেন, ‘যারা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শাহাদাত বার্ষিকীতে কেক কেটে ফুর্তি করে, তাদের সঙ্গে আপস হবে না।’ বিরোধী দলের প্রতি ইঙ্গিত করে তিনি বলেন, ‘তাদের সঙ্গে কিসের সংলাপ। তাদের সঙ্গে কি সংলাপ করা আমাদের পক্ষে সম্ভব?’
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শাহাদাত বার্ষিকী উপলক্ষে আজ শুক্রবার আওয়ামী লীগ আয়োজিত স্মরণসভায় স্থানীয় সরকারমন্ত্রী এসব কথা বলেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপস্থিতিতে তিনি আরও বলেন, ‘১৫ আগস্টে জাতীয় শোকের দিনে যারা জন্মদিনের নামে ফুর্তি করে, তাদের সঙ্গে কোনো সংলাপ বা সমঝোতায় যাবে না সরকার।’
রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে জাতীয় শোক দিবসের এই স্মরণসভায় আরও উপস্থিত ছিলেন সংসদ উপনেতা সৈয়দা সাজেদা চৌধুরী, আওয়ামী লীগের উপদেষ্টা ও সভাপতিমণ্ডলীর সদস্যরাসহ দলের নেতা-কর্মীরা।