কেজিডিসিএলের বকেয়া বিল সাড়ে তিন শ কোটি টাকা
সরকারি-বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠানের কাছে কর্ণফুলী গ্যাস ডিস্ট্রিবিউশন লিমিটেড কোম্পানির (কেজিডিসিএল) পাওনা দাঁড়িয়েছে প্রায় সাড়ে তিন শ কোটি টাকা। মামলাসহ নানা কারণে তাগাদা দিয়েও অনেক প্রতিষ্ঠানের কাছ থেকে অর্থ আদায় করা যাচ্ছে না।
মার্চ মাস পর্যন্ত বেসরকারি প্রতিষ্ঠানের কাছে প্রতিষ্ঠানটির অনাদায়ী বকেয়া ২৬৭ কোটি টাকা ও সরকারি প্রতিষ্ঠানের কাছে ৭৭ কোটি টাকা। এর মধ্যে শিল্পপ্রতিষ্ঠানের সংখ্যা ১২৮টি ও বাণিজ্যিক প্রতিষ্ঠানের সংখ্যা ৮১৩টি।
কেজিডিসিএল সূত্র জানায়, বাণিজ্যিক ও শিল্পের ক্ষেত্রে বিল ইস্যু করার ৬০ দিনের মধ্যে তা পরিশোধ করা না হলে সংযোগ বিচ্ছিন্ন করার নিয়ম আছে৷ সে অনুযায়ী প্রতি মাসেই বেসরকারি শিল্প, বাণিজ্য ও আবাসিক গ্রাহকদের বিল পরিশোধের তাগাদা দেওয়া হচ্ছে। কিন্তু মামলা চলার কারণে অনেকগুলো প্রতিষ্ঠান থেকে বকেয়া আদায় করা যাচ্ছে না। একই কারণে অনেকের সংযোগও বিচ্ছিন্ন করতে পারছে না কর্ণফুলী। বকেয়া ও আর্থিক দণ্ড বিষয়ে উচ্চ ও নিম্ন আদালতে ২৬৯টি মামলা বিচারাধীন আছে৷
জানা গেছে, নূরজাহান গ্রুপের মালিকানাধীন জেসমিন ভেজিটেবল অয়েল লিমিটেড ও মেরিন ভেজিটেবল অয়েল লিমিটেডের কাছে ১৩ মাসের বিল বাবদ প্রায় চার কোটি টাকা পাওনা৷ প্রতিষ্ঠান দুটি গত বছরের সেপ্টেম্বরে গ্যাস বিপণন নিয়মাবিল ২০০৪ চ্যালেঞ্জ করে উচ্চ আদালতে রিট দায়ের করে। মামলার কারণে টাকা আটকে আছে চট্টগ্রামের ইসলামিয়া সল্টের কাছেও। বেসরকারি বিদ্যুৎ কেন্দ্র রিজেন্টও ছয় মাসের বিল পরিশোধ করেনি।
সরকারি প্রতিষ্ঠানের মধ্যে বিল বকেয়ার শীর্ষে আছে কর্ণফুলী পেপার মিল (কেপিএম)। প্রতিষ্ঠানটির কাছে কেজিডিসিএলের ২১ মাসের পাওনা ২৯ কোটি টাকা। বকেয়া টাকা আদায়ে কেপিএমকে ১২ বার চিঠি দিয়েছে কর্ণফুলী। কিন্তু এখনো পর্যন্ত টাকা আদায় সম্ভব হয়নি। সরকারি প্রতিষ্ঠান হওয়ায় কেপিএমের গ্যাস সংযোগও বিচ্ছিন্ন করতে পারছে না কর্ণফুলী। এ ছাড়া আমিন জুট মিলের কাছেও পাওনা হয়েছে চার কোটি ১৮ লাখ টাকা।
তবে বিপুল পরিমাণ বকেয়া প্রতিষ্ঠানের আর্থিক কার্যক্রমে এখনো বিরূপ প্রভাব ফেলছে না বলে দাবি করছেন কেজিডিসিএলের কর্মকর্তারা। তাঁরা বলছেন, গড়ে কর্ণফুলীর মাসিক বিক্রি ১৪৮ কোটি টাকা।
কর্ণফুলীর মহাব্যবস্থাপক (রাজস্ব ও অর্থ) দিজেন্দ্র নাথ দে প্রথম আলোকে বলেন, ‘হাতে গোনা কয়েকটি প্রতিষ্ঠান বাদে বেশির ভাগ প্রতিষ্ঠানেরই বকেয়ার পরিমাণ দু-এক মাসের মতো৷ এতে আমরা উদ্বিগ্ন নই।’
কেজিডিসিএলের ২০১২-১৩-এর বার্ষিক প্রতিবেদন অনুযায়ী, ২০১৩ সালের জুন মাস পর্যন্ত বকেয়ার পরিমাণ ছিল ১৬৭ কোটি ১১ লাখ টাকা। কিন্তু ২০১৪ সালের মার্চ মাসে এসে বকেয়ার পরিমাণ দাঁড়ায় ৩৪৪ কোটি ৯৫ লাখ টাকা। অবশ্য এ বিষয়ে দিজেন্দ্র নাথ জানান, ২৪৫ কোটি টাকার বকেয়া মাথায় নিয়েই বাখরাবাদ থেকে পৃথক হয় কেজিডিসিএল।
বকেয়া বাড়ার বিষয়ে প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক মীর আবদুল মতিন বলেন, ‘বকেয়া আদায়ের জন্য সব ধরনের চেষ্টাই করছি। গত কয়েক মাসে ভিজিল্যান্স কার্যক্রম জোরদার করার পর বকেয়া আদায়ের হার বেড়েছে।’