ঈদুল আজহার পর দিনাজপুরে মোটা ও মাঝারি মানের চালের দাম কেজিপ্রতি গড়ে দুই থেকে তিন টাকা বেড়েছে। এ জন্য খুচরা বিক্রেতারা দায়ী করেছেন মিলমালিকদের। আর মিলমালিকেরা বলছেন, হরতাল, বৈরী আবহাওয়া এবং বাজারে ধানের সরবরাহ না থাকায় চালের দাম বেড়ে গেছে। দিনাজপুরের বিভিন্ন বাজার ঘুরে এসব তথ্য জানা গেছে।
জেলার সবচেয়ে বড় ধান ও চালের পাইকারি বাজার পুলহাট এলাকার বেঙ্গল অটোরাইস মিলের মালিক জাহাঙ্গীর হোসেন জানান, ১৫ দিন আগে ৫০ কেজি ওজনের প্রতি বস্তা মিনিকেট চাল দুই হাজার ১০০ টাকা ছিল। এখন তা বেড়ে হয়েছে দুই হাজার ২০০ টাকা। ব্রি ২৮ চাল এক হাজার ৮০০ থেকে এক হাজার ৮৮০, ব্রি ২৯ চাল এক হাজার ৭০০ থেকে এক হাজার ৮৮০, নাজিরশাইল দুই হাজার ১০০ থেকে দুই হাজার ২৫০ টাকা দরে বিক্রি হচ্ছে।
শহরের বাহাদুর বাজারের খুচরা চাল বিক্রেতা মাসুম আলী জানান, ঈদের পর থেকে নিম্ন ও মাঝারি আয়ের মানুষ যেসব চাল খায় সেগুলোর দাম কেজিপ্রতি দুই থেকে তিন টাকা বেড়েছে। বাজারে প্রতি কেজি হাইব্রিড চাল ২৮ থেকে ৩০ টাকা, গুটি স্বর্ণ ৩০ থেকে ৩২, ২৮ জাতের চাল ৩৫ থেকে ৩৮ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। চালের দাম বৃদ্ধির জন্য এই খুচরা বিক্রেতা মিলমালিকদের মওজুতদারিকে দায়ী করেন।
দিনাজপুরের বিভিন্ন এলাকার ধান-চাল ব্যবসার সঙ্গে জড়িত একাধিক ক্ষুদ্র ও মাঝারি ব্যবসায়ী অভিযোগ করেন, ভরা মৌসুমে কিনে রাখা হাজার হাজার বস্তা ধান ও চাল এখন গুদামে মজুত করে রেখেছেন মিলমালিকেরা। এখন আর তাঁরা চাল বানাচ্ছেন না। বরং মজুত করা ধান দেশের বিভিন্ন মোকামে বিক্রি করে কোটি কোটি টাকা রোজগার করছেন। তবে জেলার অটোরাইস মিলমালিক আবুল হোসেন পাটোয়ারী বলেন, এ বছর বর্ষাকাল দীর্ঘস্থায়ী হয়েছে। তাই জমিতে পানি থাকায় ধান পাকতে অন্য বছরের চেয়ে কমপক্ষে ২০ দিন বেশি লেগেছে। এসব কারণে চালের দাম কিছুটা বেড়েছে।
দিনাজপুর চালকল মালিক গ্রুপের সাধারণ সম্পাদক রেজা হুমায়ুন ফারুক চৌধুরী শামীম বলেন, এই সময়টাতে বাজারে ধান থাকে না। তার ওপর বৈরী আবহাওয়া। অন্যদিকে হরতালের কারণে বেশির ভাগ চালকল বন্ধ থাকায় চালের উৎপাদন কমে গেছে। তাই দাম বেড়েছে।
জেলা খাদ্যনিয়ন্ত্রক আনোয়ার হোসেন বলেন, বোরো সংগ্রহের শেষ দিন ছিল গত বৃহস্পতিবার। তাই বাজারে মোটা চালের ওপর বেশি চাপ পড়েছে। তা ছাড়া হরতাল ও অবরোধে অন্য জায়গার সঙ্গে এ জেলার ধান-চালের আমদানি-রপ্তানি হয়নি। এদিকে আমন ধান উঠতে আরও ১৫ দিন বাকি। তাই চালের বাজার কিছুটা বাড়তি। খাদ্য বিভাগের তথ্যানুযায়ী, বাজারে মোটা ও মাঝারি চালের দাম মণপ্রতি ৩০ টাকা বেড়েছে বলে দাবি করেন তিনি।