কেটি গার্ডনার: দেশি মনে বিশ্বায়ন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশ নিয়ে যুক্তরাজ্যের লন্ডন স্কুল অব ইকোনমিক্সের অধ্যাপক নৃবিজ্ঞানী কেটি গার্ডনারের আগ্রহ বহু দিনের। তাঁর কাজের মূল ক্ষেত্র বিশ্বায়ন, অভিবাসন এবং বাংলাদেশের আর্থসামাজিক পরিস্থিতিতে এর প্রভাব। তিনি যুক্তরাজ্যের বাংলাদেশি অভিবাসীদের নিয়ে গবেষণা শুরু করেন আশির দশকের শেষ দিকে। ১৯৯৫ সালে প্রকাশিত তাঁর গবেষণাভিত্তিক বই গ্লোবাল মাইগ্রেশন, লোকাল লাইভ্স্: ট্রাভেল অ্যান্ড ট্রান্সফরমেশন ইন রুরাল বাংলাদেশ অভিবাসন-সংক্রান্ত একটি আকর নৃবৈজ্ঞানিক বই হিসেবে পৃথিবীর বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে পাঠ্য। বাংলাদেশের সিলেট অঞ্চলের একটি প্রত্যন্ত গ্রামে এক বছরের অধিক সময় বসবাসের ব্যক্তিগত অভিজ্ঞতা নিয়ে তার একটি চমৎকার বই রয়েছে সংস অব দ্য রিভার এজ নামে। এই বইটিও দক্ষিণ এশীয় নৃবিজ্ঞান বিষয়ে একটি জরুরি বই।

পরবর্তীকালে কেটি লন্ডন-প্রবাসী বাংলাদেশিদের জীবনের ওপরও গবেষণা করেন। এ বিষয়ে তাঁর গুরুত্বপূর্ণ বই ২০০২ সালে প্রকাশিত এইজ ন্যারেটিভ অ্যান্ড মাইগ্রেশন: দ্য লাইফ কোর্স অ্যান্ড লাইফ হিস্টরিজ অব বাংলাদেশি এলডার্স্ ইন লন্ডন। বাংলাদেশের সিলেট অঞ্চলের মানুষদের নিয়েই তাঁর কাজ মূলত। কারণ যুক্তরাজ্যের বাংলাদেশি অভিবাসীদের নব্বই শতাংশের বেশি এসেছেন সিলেট থেকে। তিনি অভিবাসনের সঙ্গে মানুষের জীবনের নানা মাত্রা যেমন পরিবার, ভূমি, ধর্ম ইত্যাদির সম্পর্ক পর্যালোচনা করেছেন। অভিবাসনের কারণে বাংলাদেশের একটি বিশেষ ভূখণ্ডের সামাজিক, সাংস্কৃতিক, অর্থনৈতিক জীবনে কী ধরনের পরিবর্তন এসেছে, তার ব্যাখ্যা দিয়েছেন। তিনি দেখিয়েছেন কীভাবে স্থানীয় আদর্শিক ধারা ক্রমশ ভিন্ন সংস্কৃতির ছোঁয়ায় ব্যক্তির ভেতর আত্মবিবর্তন ঘটায়। বিভিন্ন উদাহরণের ভেতর দিয়ে তুলে ধরেছেন কীভাবে মানুষ বিদেশের প্রভাবে তার ‘দেশ’ ধারণাটিকে পুনর্নির্মাণ করে। একইভাবে কীভাবে ‘দেশ’ ধারণার প্রভাব ‘বিদেশ’ ধারণাটিকেও বদলায়।

পরে কেটি তাঁর আগ্রহের জায়গা খানিকটা পরিবর্তন করেছেন। তিনি উন্নয়ন ভাবনাকে নৃবৈজ্ঞানিক প্রেক্ষিত থেকে বিবেচনা করে গবেষণা পরিচালনা করেছেন। এ ক্ষেত্রেও তাঁর ভাবনার কেন্দ্রে বাংলাদেশ। এ বিষয়ে তাঁর উল্লেখযোগ্য বই ১৯৯৬ সালে প্রকাশিত অ্যান্থ্রপলজি, ডেভেলপমেন্ট অ্যান্ড দ্য পোস্টমডার্ন চ্যালেঞ্জ। বিশ্ব অর্থব্যবস্থার সঙ্গে বাংলাদেশের যোগাযোগের সংকটগুলো নিয়ে তাঁর সাম্প্রতিক বই ডিসকরড্যান্ট ডেভেলপমেন্ট, গ্লোবাল ক্যাপিটালিজম অ্যান্ড স্ট্রাগল ফর কানেকশন ইন বাংলাদেশ (২০১২)। এ ছাড়া বাংলাদেশের অভিবাসী, বাংলাদেশের উন্নয়ন বিষয়ে তাঁর অসংখ্য গবেষণা প্রবন্ধ রয়েছে।

সম্প্রতি তিনি লন্ডনে অবস্থিত বাংলাদেশি শিশুদের জীবন নিয়েও গবেষণা করেছেন। বাংলাদেশি শিশুদের আঁকা চিত্রকলার মধ্য দিয়ে তিনি তাদের জীবনভাবনা বোঝার চেষ্টা করেছেন। বর্তমানে তিনি সিলেটের বিবিয়ানা অঞ্চলে বহুজাতিক কোম্পানি কর্তৃক গ্যাস উত্তোলনের রাজনৈতিক, সামাজিক ও উন্নয়ন-সাংক্রান্ত বিতর্ক নিয়ে একটি গবেষণা পরিচালনা করছেন।

গবেষণাকর্মের বাইরে কেটি গার্ডনার একজন ঔপন্যাসিকও। তাঁর চারটি উপন্যাস প্রকাশিত হয়েছে।

পাপড়ীন নাহার: পোস্ট-ডক্টোরাল রিসার্চ ফেলো, ডারহাম বিশ্ববিদ্যালয়, যুক্তরাজ্য