কেটে নেওয়া মাথা উদ্ধার হয়নি আটক ৫

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ময়মনসিংহের গফরগাঁওয়ে সশস্ত্র ডাকাতদলের হামলায় নিহত যুবলীগের নেতা মেহেদী হাসান ইলিয়াসের গলা থেকে কেটে নেওয়া মাথা এখনো উদ্ধার করতে পারেনি পুলিশ। এ ঘটনায় মামলা না হলেও পুলিশ ঘটনায় জড়িত সন্দেহে উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে পাঁচজনকে আটক করে থানায় জিজ্ঞাসাবাদ করছে। আটক ব্যক্তিরা হলো দত্তেরবাজার ইউনিয়নের বিরই গ্রামের নয়ন মিয়া (২৬), জামাল উদ্দিন (১৮); পাগলা টেকপাড়া গ্রামের নাজিম উদ্দিন (৪৫); আমারতুর টেক গ্রামের আবদুল গনি (৫০) ও নিগুয়ারী ইউনিয়নের তললী গ্রামের মজনু খাঁ (১৮)। গফরগাঁও সার্কেলের সহকারী পুলিশ সুপার হায়াতুর রহমান খান মামলা নিতে বিলম্বের বিষয়ে বলেন, ‘নিহতের পরিবারে আতঙ্ক কাটাতে আমরা সর্বাত্মক চেষ্টা করছি। এলাকাবাসীর মধ্যে বিরাজমান আতঙ্ক দূর করতে কুরচাই প্রাইমারি স্কুলে অস্থায়ী পুলিশ ক্যাম্প স্থাপন করা হয়েছে।’ অপরদিকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ময়নাতদন্ত শেষে গতকাল নিহত মেহেদী হাসান ইলিয়াসের মাথাবিহীন লাশ উপজেলার কুরচাই হাইস্কুল মাঠে জানাজা শেষে পারিবারিক গোরস্থানে দাফন করা হয়েছে। গফরগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওমর ফারুক জানান, নিহতের খণ্ডিত মাথা উদ্ধারে জোর চেষ্টা চলছে।