কেটে নেওয়া হচ্ছে ফসলি জমির মাটি, প্রতিকার নেই

নওগাঁর বদলগাছি উপজেলার কসবা গ্রামের ফসলি মাঠ থেকে মাটি কেটে নেওয়ার যেন উৎসব চলছে। এই মাটি কেটে বিক্রি করা হচ্ছে ইটভাটায়। এতে মাঠের উঁচু জমিগুলোতে ধস দেখা দিয়েছে। এভাবে ফসলি মাঠ থেকে মাটি কাটা অব্যাহত থাকলে গোটা ফসলি মাঠটিই জলাশয়ে পরিণত হওয়ার আশঙ্কা প্রকাশ করছেন কৃষকেরা।
গতকাল রোববার কসবা গ্রামে গিয়ে দেখা যায়, গ্রামের ফসলি মাঠের ৮-১০টি স্থানে বিশাল অংশজুড়ে গভীর করে মাটি কাটার কাজ চলছে। অন্তত ১০-১১টি ট্রাক্টর মাঠ থেকে মাটি নিয়ে যাচ্ছে। অবাধে ট্রাক্টর চলাচল করায় সাগরপুর থেকে কসবা গ্রাম পর্যন্ত প্রায় এক কিলোমিটার রাস্তাও ক্ষতিগ্রস্ত হয়েছে।
এর আগে ৩ নভেম্বর কসবা মাঠে গেলে মাটি কাটার তদারকিতে ব্যস্ত এক ব্যক্তি গণমাধ্যমকর্মীদের দেখে হাতে থাকা একটি টালি খাতা ফেলে দৌড়ে মাঠ ছেড়ে যান। খাতাটি তুলে দেখা গেল, সেখানে ফসলি মাঠের মাটি বিক্রির হিসাব লিপিবদ্ধ। প্রতি ট্রাক্টর মাটি ১২০ টাকায় বিক্রি করা হচ্ছে বলে লেখা রয়েছে। ওই খাতায় গত দুই বছরে ৩ হাজার ৩২২ ট্রাক্টর মাটি বিক্রির হিসাব পাওয়া যায়। ওই মাঠে মাটি নেওয়ার জন্য অপেক্ষায় থাকা একটি ট্রাক্টরের চালক নাম না প্রকাশের শর্তে বলেন, ‘আমার বাড়ি আক্কেলপুর পৌর শহরের শান্তা মহল্লায়। জমির মালিক তাঁর জমিটি একজনকে ইজারা দিয়েছেন। ইজারাদার প্রতি ট্রাক্টর মাটি ১২০ টাকা দাম নিচ্ছেন। ইটভাটার মালিকেরা প্রতি ট্রাক্টর মাটি ৫৫০ টাকায় কিনছেন। প্রতিদিন গড়ে একটি ট্রাক্টর ৮-১০টি ট্রিপ দিচ্ছে।’
কসবা গ্রামের পচার মোড়ে গিয়ে দেখা গেল, সেখানে একটি বৈদ্যুতিক খুঁটির পাশ থেকে গভীর করে মাটি কেটে নেওয়া হয়েছে। বৈদ্যুতিক খুঁটির পাশের মাটি আলগা হওয়ায় সেটি ঝুঁকির মুখে রয়েছে। সেখান থেকে ৫০ গজ দূরে ফসলি জমি থেকে মাটি কেটে ট্রাক্টরে করে নিয়ে যাওয়া হচ্ছে। মাটি কেটে নেওয়ার কারণে সেই স্থানটি খালে পরিণিত হয়েছে। পাড়ে থাকা বসতবাড়িগুলো মাটি ধসের হুমকিতে রয়েছে।
কসবা গ্রামের বাসিন্দা নুর ইসলাম বলেন, দুই বছর আগে থেকে কসবা ফসলি মাঠটি থেকে মাটি বিক্রি শুরু হয়। শান্তি গোপাল, মোতাহার, এরাবদুল, সুখরীসহ ১০-১২ জন জমির মালিক তাঁদের জমি বালু ও মাটি ব্যবসায়ীদের কাছে ইজারা দিয়েছেন। এসব ব্যবসায়ী ফসলি জমির মাটি কেটে ইটভাটার মালিকদের কাছে বিক্রি করছেন। প্রতিদিন ৬০-৭০টি ট্রাক্টর এসব মাটি নিয়েছে। প্রতিদিন গড়ে ৭০০-৮০০ ট্রাক্টর মাটি কেটে নেওয়া হচ্ছে। গভীর করে মাটি কেটে নেওয়ায় এখন তাঁদের উঁচু ফসলি জমি ধসে পড়ছে।
একই গ্রামের বাসিন্দা নুর ইসলাম বলেন, মাটি সরিয়ে নিতে অবাধে ট্রাক্টর চলাচল করায় গ্রামের সড়কটি নষ্ট হয়েছে। ফসলি মাঠের মাটি কেটে বিক্রি বন্ধ করতে তাঁরা স্থানীয় প্রশাসন ও জনপ্রতিনিধিদের জানিয়েছিলেন। কিন্তু তাঁরা কোনো ব্যবস্থা নেননি।
শিমুল নামের এক বালু ও মাটি ব্যবসায়ী বলেন, জমিতে ফসল হয় না। তাই জমির মালিকেরা মাটি বিক্রি করছেন। এতে ফসল চাষের চেয়ে বেশি লাভবান হচ্ছেন তাঁরা।
এভাবে ফসলি মাঠের মাটি কেটে নেওয়ায় জমির শ্রেণিও পরিবর্তন হচ্ছে।
বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষের বদলগাছি কার্যালয়ের উপসহকারী প্রকৌশলী হারুনুর রশিদ বলেন, ‘বরেন্দ্র উন্নয়ন কর্তৃপক্ষ সাগরপুর গ্রাম থেকে কসবা গ্রাম পর্যন্ত ৮০০ মিটার সড়ক পাকা করার কাজ করছে। মাটি উত্তোলনকাজে অবাধে ট্রাক্টর চলাচল করায় সড়কটি ভেঙে গেছে। ইউএনওকে বিষয়টি জানিয়েছি।’
বদলগাছির হুসাইন শওকত বলেন, কসবা গ্রামে ফসলি মাঠের মাটি কেটে বিক্রি করা হচ্ছে এ খবর পেয়ে সেখানে সহকারী কমিশনারকে (ভূমি) ব্যবস্থা নিতে বলা হয়েছে।
বদলগাছির সহকারী কমিশনার (ভূমি) সুজিত দেবনাথ বলেন, ‘কসবা গ্রামের ফসলি মাঠ থেকে মাটি কাটার কাজে নিয়োজিত লোকজনকে সতর্ক করে এসেছি।’