কেটে ফেলা হচ্ছে আট হাজার গাছ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নোয়াখালীর সাতটি সড়কে সামাজিক বনায়নের আট হাজার গাছ একসঙ্গে কেটে ফেলার উদ্যোগ নিয়েছে বন বিভাগ। জেলার তিন উপজেলায় বিভিন্ন জাতের গাছ কাটার কাজ এরই মধ্যে শুরু হয়ে গেছে। একসঙ্গে এত গাছ কেটে ফেললে তা পরিবেশের ওপর বিরূপ প্রভাব ফেলবে বলে পরিবেশবাদী ও সচেতন নাগরিকেরা আশঙ্কা করছেন। বিভাগীয় বন কর্মকর্তা শাহ-ই-আলম দাবি করেন, সামাজিক বনায়নের ওইসব গাছ সরকারি নীতিমালা অনুযায়ী (১০ বছর পর সামাজিক বনায়নের গাছ কাটা যাবে) বিক্রির উদ্যোগ নেওয়া হয়েছে। বিক্রি টাকার ৫০ শতাংশ উপকারভোগীদের মধ্যে বিতরণ করা হবে। পাশাপাশি যেসব সড়কের গাছ কাটা হবে, সেসব সড়কে দ্রুত নতুন করে বনায়ন করা হবে।বেসরকারি সংস্থা পার্টিসিপেটরি রিসার্চ অ্যান্ড অ্যাকশন নেটওয়ার্কের নির্বাহী প্রধান নুরুল আলম মাসুদ প্রথম আলোকে বলেন, ‘বৈশ্বিক উষ্ণতা হ্রাসের জন্য যেখানে বেশি করে গাছ লাগানো উচিত, সেখানে একসঙ্গে এতগুলো গাছ কেটে ফেলা মোটেই ঠিক কাজ হতে পারে না। তা ছাড়া এখন তো গাছ লাগানোর মৌসুম, কাটার নয়। পরিপক্ব হলেও একসঙ্গে এত গাছ না কেটে ছোট ভাগে ভাগ করে কাটলে, তা পরিবেশ রক্ষায় সহায়ক হবে।’ গত ২৪ মে সংবাদপত্রে প্রকাশিত বিজ্ঞপ্তি অনুসারে, নোয়াখালী রেঞ্জের ১৯৯৪-৯৫ সালে সৃজিত সুলতাননগর থেকে দক্ষিণ ওয়াপদা বাজার পর্যন্ত ৪ কিলোমিটার সড়কের এক হাজার ৬৭৯টি, ১৯৯৬-৯৭ সালে সৃজিত আটকপালিয়া থেকে পাঙ্খারবাজার-ছিদ্দিক মেম্বার মসজিদ পর্যন্ত ছয় কিলোমিটার সড়কের দুই হাজার ৫০৩টি এবং কোম্পানীগঞ্জ রেঞ্জে ১৯৯৫-৯৬ সালে সৃজিত চাপরাশিরহাট থেকে বামনী সড়ক পর্যন্ত ৪ দশমিক ৫ কিলোমিটার সড়কের ৮৩১টি গাছ বিক্রির জন্য দরদাতা আহ্বান করা হয়। একই বিজ্ঞপ্তিতে বেগমগঞ্জ বীজতলা কেন্দ্রের আওতাধীন ১৯৯৬-৯৭ সালে সৃজিত চৌমুহনী-লক্ষ্মীপুর সড়কের পলোয়ান বাড়ির ব্রিজ থেকে চন্দ্রগঞ্জ পূর্ববাজার পর্যন্ত এক কিলোমিটারের ২৯৭টি, ১৯৯৯-২০০০ সালে সৃজিত নোয়াখালী পুরাতন কলেজ থেকে ছয়ানী সড়কে পাঁচ কিলোমিটারে এক হাজার ২৮৯টি, বাংলাবাজার থেকে আমিশাপাড়া সড়কে সাত কিলোমিটারে এক হাজার ১১টি এবং রাজগঞ্জ থেকে ছয়ানী সড়কে দুই কিলোমিটারে ৪০১টি গাছ বিক্রির দরপত্র আহ্বান করা হয়। দরপত্রে অংশগ্রহণকারীদের মধ্য থেকে গত ১৮ জুন সর্বোচ্চ দরদাতাদের চূড়ান্ত করা হয়। ৪৪৬টি লটে অনুষ্ঠিত দরপত্রে ৪০২ জন দরদাতা অংশ নেন। এর মধ্যে একজন দরদাতা একসঙ্গে ১৭টি লটের জন্য সর্বোচ্চ দরদাতাও নির্বাচিত হন বলে জানা গেছে। সাতটি সড়কে সর্বমোট বিক্রি হয়েছে দুই কোটি ৩৪ লাখ ৮ হাজার ৬৮২ টাকার গাছ। সরেজমিনে বেগমগঞ্জের রাজগঞ্জ-ছয়ানী সড়কে দেখা যায়, শ্রমিকেরা একের পর এক গাছ কাটার কাজে ব্যস্ত। যেখানেই একটি গাছ কাটা শেষ হয়েছে, সেই জায়গাতেই সৃষ্টি হয়েছে শূন্যতা। কথা হয় স্থানীয় বাসিন্দা কৃষক সাহেব উল্লার সঙ্গে। তিনি বলেন, ‘রাস্তার ধারের সারি সারি গাছগুলো দেখতে কী সুন্দরই না লাগত। মাঠে কাজ করতে গিয়ে যখন রোধে হাঁপিয়ে উঠতাম, তখন এসে এই গাছগুলোর তলায় বসলে স্বস্তি পেতাম। আমাদের স্বস্তি যেন তাঁদের (বন বিভাগের) ভালো লাগছিল না; তাই গাছগুলো কেটে ফেলা হচ্ছে।’ কলেজছাত্র আমির হোসেন বলেন, ‘গাছ পরিবেশের বন্ধু। একসঙ্গে এত বন্ধুকে হত্যা করার এমন হঠকারী সিদ্ধান্ত কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। এ সিদ্ধান্ত পরিবর্তন হওয়া দরকার। সরকারের টাকা কতভাবেই না বেহাত ও অপচয় হয়। সে টাকা এসব বাগানের উপকারভোগীদের দিলে যুগের পর যুগ একটি গাছ থাকতে পারে। তাতে আমাদের পরিবেশও রক্ষা হবে।’