
বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) শিক্ষকদের আবাসিক এলাকায় বেড়ে উঠা একটি পুরোনো গাছ কেটে ফেলছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। পরিবেশবাদীরা গাছটি না কাটার আহ্বান জানিয়েছেন। তবে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ বলছে, গাছটি ঝুঁকিপূর্ণ হওয়ায় কেটে ফেলা হচ্ছে।
গত রোববার সরেজমিনে দেখা যায়, ঢাকা বিশ্ববিদ্যালয়ের জগন্নাথ হলের মূল ফটকের বিপরীত পাশে বুয়েট শিক্ষকদের আবাসিক এলাকার দেয়ালের সঙ্গে লাগোয়া ওই গাছটি। ইতিমধ্যে এর অধিকাংশ ডাল কেটে ফেলা হয়েছে। চূড়ায় থাকা কিছু ডাল কাটার প্রস্তুতি নিচ্ছেন কাঠুরিয়ারা।
গাছ কাটার তত্ত্বাবধানে থাকা সেলিম বলেন, গাছটি কেটে কাঠ বানিয়ে বুয়েট কর্তৃপক্ষকে তাঁরা বুঝিয়ে দেবেন। এ বাবদ তাঁর সঙ্গে দুই লক্ষাধিক টাকার চুক্তি হয়েছে। গত বৃহস্পতিবার গাছ কাটার প্রতিবাদে ওই স্থানে প্রতিবাদ সমাবেশ করে বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা), নিরাপদ ডেভেলপমেন্ট ফাউন্ডেশন, পরিবেশ বাঁচাও আন্দোলন (পবা) ও জলাধার রক্ষা আন্দোলনসহ পরিবেশবাদীদের বিভিন্ন সংগঠন। সমাবেশে বক্তারা বলেন, কোনো কারণ ছাড়াই শত বছরের পুরোনো গাছ কাটা পরিবেশ, ঐতিহ্য ও স্বাভাবিক মানসিকতার পরিপন্থী।
বুয়েটের রেজিস্ট্রার এ কে এম মাসুদ প্রথম আলোকে বলেন, বেশ কিছুদিন আগে ঝড়ে সেখানকার আরেকটি গাছটি পড়ে একটি ভবনের কিছু অংশ ভেঙে যায়। এরপর বিশ্ববিদ্যালয়ের প্রকৌশল বিভাগ পরীক্ষা-নিরীক্ষা করে এই গাছটিকেও ঝুঁকিপূর্ণ বলে মত দেয়। তারা বলেছে, গাছটির ভেতরের কিছু অংশ ফাঁপা হয়ে যাচ্ছে। গাছটির পাশেই একদিকে শিক্ষকদের আবাসিক ভবন এবং অন্যদিকে রাস্তা রয়েছে। যেকোনো সময় বড় দুর্ঘটনা ঘটতে পারে। তাই গাছটি কেটে ফেলা হচ্ছে।