কেটে ফেলা হবে ৩৩০টি নিমগাছ!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দিনাজপুরের বীরগঞ্জ উপজেলার এক ইউপি চেয়ারম্যান সামাজিক বনায়নের ৩৩০টি নিমগাছ নিলামে বিক্রি করে দিয়েছেন। চুক্তি অনুযায়ী গাছগুলো ১৫ বছর পর কাটার কথা। কিন্তু ওই ইউপি চেয়ারম্যান একক সিদ্ধান্তে ছয় বছর বয়সী গাছগুলো কাটার নির্দেশ দিয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে।বীরগঞ্জের উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হাসান মারুফ বলছেন, ‘এ ক্ষেত্রে সরকারি আইন পুরোপুরি লঙ্ঘন করা হয়েছে।’ উপজেলার শতগ্রাম ইউনিয়নের বাসিন্দাদের সঙ্গে কথা বলে জানা গেছে, ২০০৫ সালে ইউনিয়নের রাঙ্গালীপাড়া গ্রামের বিভিন্ন রাস্তায় সাত শতাধিক নিমগাছ লাগানো হয়। গ্রামের স্বল্প আয়ের নারী-পুরুষের সমন্বয়ে উপকারভোগী ব্যক্তিদের মাধ্যমে ওই গাছ লাগানো হয়। চুক্তি অনুযায়ী ১৫ বছর পর গাছগুলো কেটে আবার নতুন গাছ লাগানোর কথা। কিন্তু ছয় বছর যেতে না যেতেই ইউপি চেয়ারম্যান কুতুবউদ্দিন আহমেদ গাছগুলো কাটার সব প্রক্রিয়া সম্পন্ন করেছেন।রাঙ্গালীপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. ফজলুর রহমান বলেন, গ্রামের রাস্তার দুই ধারে নিমগাছগুলোর ছায়া, হাওয়া পরিবেশ রক্ষায় অনেক সহায়ক। উপজেলা বন বিভাগের সংশ্লিষ্ট রেঞ্জার মধু রায় প্রথম আলোকে বলেন, ‘আইন অনুযায়ী, কোনো ইউপি চেয়ারম্যান একক সিদ্ধান্তে রাস্তায় লাগানো গাছ এভাবে কাটতে পারেন না।’ গাছগুলো কাটা থেকে বিরত থাকার জন্য তিনি সংশ্লিষ্ট চেয়ারম্যানকে অনুরোধ জানিয়েছেন। উপজেলা সামাজিক বনায়ন কমিটির সভাপতি ও ইউএনও হাসান মারুফ বলেন, আইন অনুযায়ী সংশ্লিষ্ট ইউনিয়নের চেয়ারম্যান তথা পরিষদ এবং উপকারভোগী ব্যক্তিরা গাছ কাটার আগে উপজেলা সামাজিক বনায়ন কমিটির সভাপতি হিসেবে তাঁর কাছে লিখিত অনুমতি চাইবেন। উপজেলা কমিটি গাছ কাটার উপযোগিতা যাচাই এবং মূল্য নির্ধারণের জন্য বন বিভাগের কর্মকর্তাকে দায়িত্ব দেবে। এরপর যে গাছগুলো কাটার উপযোগী সেগুলো চিহ্নিত এবং সম্ভাব্য মূল্য নির্ধারণ করা হবে। তারপর প্রকাশ্যে নিলামে চিহ্নিত গাছ বিক্রির অনুমতি দেওয়া হবে। কিন্তু শতগ্রাম ইউপির চেয়ারম্যান রাস্তার গাছ কাটার জন্য তাঁর কাছে লিখিত বা মৌখিক কোনো আবেদন করেননি বলে ইউএনও জানিয়েছেন। ৩নং শতগ্রাম ইউপির চেয়ারম্যান মো. কুতুবউদ্দিন নিলামে গাছ বিক্রির সত্যতা স্বীকার করে বলেন, ‘গাছগুলোর বয়স ছয় বছর হয়েছে। ভিতরে পিঁপড়া ধরে গাছের সার খেয়ে ফেলছে। তাই পরিষদের সিদ্ধান্ত অনুযায়ী ৩৩০টি গাছ কাটার উদ্যোগ নেওয়া হয়েছে। বিক্রির আগে মাইকিং করা হয়েছে। গত ২৮ আগস্ট ইউনিয়ন পরিষদ কার্যালয়ে প্রকাশ্যে নিলাম ডাকা হয়েছে। মোট ৪৮ জন ব্যবসায়ী নিলামে অংশ নিয়েছিলেন। সর্বোচ্চ দুই লাখ ১৪ হাজার টাকায় আবদুর রশিদ নামে এক ব্যবসায়ী গাছগুলো ডেকে নিয়েছেন। তাঁকে গাছ কাটার আদেশ দেওয়া হয়েছে।’ এ ক্ষেত্রে বন বিভাগ বা ইউএনওর কোনো অনুমতি নেওয়া হয়নি বলে স্বীকার করেছেন তিনি।