কেটে ফেলা হলো 'ডুবরাস্তা'

সিলেটের জাফলংয়ে ডাউকি নদীর বুক চিরে প্রভাবশালী পাথর ব্যবসায়ীদের ট্রাক চলাচলে বসানো ‘ডুবরাস্তা’র কিছু অংশ অবশেষে কেটে ফেলা হয়েছে। গত বুধবার পরিবেশ অধিদপ্তর, সিলেট বিভাগীয় কার্যালয়ের একটি দল ঘটনাস্থলে গিয়ে পানির নিচের ওই রাস্তার কিছু অংশ কেটে ফেলে। এরপর গত বৃহস্পতিবার থেকে এ রাস্তা দিয়ে কোনো ট্রাক চলাচল করতে পারছে না।
এলাকার অনেকে জানান, সিলেটের গোয়াইনঘাট উপজেলার পর্যটনকেন্দ্র জাফলং দিয়ে প্রবহমাণ সীমান্ত নদী ডাউকির বুকে ২০১১ সালে একটি অবৈধ সেতু নির্মাণ করেন প্রভাবশালী পাথর ব্যবসায়ীরা। পরে এই অবৈধ সেতু দিয়ে ট্রাক চলাচল করতে থাকে। এরপর বেলার একটি রিটের পরিপ্রেক্ষিতে ওই বছরই উচ্চ আদালতের নির্দেশে ওই সেতু দিয়ে পাথর ব্যবসায়ীদের ট্রাক চলাচল বন্ধ হয়ে যায়। কিন্তু দুই বছর পর চলতি শুষ্ক মৌসুমের শুরুতে ওই ব্যবসায়ীরা আবার সেতু এলাকায় ডুব রাস্তা চালু করেন।

এ ঘটনায় গত ৬ ফেব্রুয়ারি প্রথম আলোয় ‘ডাউকি নদীতে ডুব রাস্তা’ শিরোনামে একটি সচিত্র প্রতিবেদন প্রকাশ হয়। পরদিন একই বিষয়ে নিবন্ধ প্রকাশিত হলে পরিবেশ অধিদপ্তর নদীর স্বাভাবিক পানির প্রবাহ রক্ষায় উদ্যোগী হয়।
পরিবেশ অধিদপ্তর থেকে জানা যায়, প্রতিবেদনের সূত্র ধরে সরেজমিনে তদন্ত করে ডুব রাস্তার সত্যতা মেলে। পরে গোয়াইনঘাট ইউএনওর ভারপ্রাপ্ত দায়িত্বে থাকা কোম্পানীগঞ্জের ইউএনওকে নিয়ে বুধবার এই অভিযান চালানো হয়।
অভিযানে অংশ নেওয়া পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক মোস্তাফিজুর রহমান বলেন, ‘আমরা তদন্ত করে দেখেছি, ডুবরাস্তাটি শ্রমিকেরাই বানিয়েছিলেন। এ জন্য নির্দিষ্ট করে কাউকে চিহ্নিত করা সম্ভব হয়নি। তবে ভবিষ্যতের জন্য শ্রমিকদের সতর্ক করে দেওয়া হয়েছে।’