
গণিতের ভীতি দূর করার আহ্বান জানিয়ে গতকাল শনিবার ডাচ্-বাংলা ব্যাংক-প্রথম আলো গণিত উৎসবের পাঁচটি অঞ্চলের প্রতিযোগিতা অনুষ্ঠিত হলো।

এ উৎসবের আয়োজক বাংলাদেশ গণিত অলিম্পিয়াড কমিটি। উৎসবের পৃষ্ঠপোষক ডাচ্-বাংলা ব্যাংক লিমিটেড এবং সার্বিক ব্যবস্থাপনায় প্রথম আলো। উৎসবের স্লোগান ‘গণিত শেখো, স্বপ্ন দেখো’। অনুষ্ঠান আয়োজনে সহযোগিতা করছে প্রথম আলো বন্ধুসভা। গতকাল রাজশাহী, ঠাকুরগাঁও, ভোলা, পটুয়াখালী ও কক্সবাজার অঞ্চলে উৎসব অনুষ্ঠিত হয়।
উৎসবে বক্তারা বলেন, গণিতকে ভয় করলে চলবে না। গণিত যদি ভালোভাবে আয়ত্ত করা যায়, তাহলে এর চেয়ে সহজ কোনো বিষয় হতে পারে না।
শিক্ষার্থীদের মূল্যায়ন পরীক্ষার পাশাপাশি উৎসবে ছিল কুইজ প্রতিযোগিতা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও প্রশ্নোত্তর পর্ব। ‘শূন্য আবিষ্কারের আগে মানুষ কীভাবে গণনা করত’, ‘মানুষ আঘাত পেলে ভাষা হারিয়ে যায় না কেন’—শিক্ষার্থীদের এমন আরও অনেক বুদ্ধিদীপ্ত জিজ্ঞাসায় জমে ওঠে প্রশ্নোত্তর পর্ব। অতিথিরাও উত্তর দেন উৎসাহ নিয়ে। ভালো প্রশ্নের জন্য ছিল পুরস্কার। শিক্ষার্থীরা মুখস্থ, মিথ্যা ও মাদককে ‘না’ বলার শপথ নেয়।
প্রতিযোগিতায় বিজয়ী সবাইকে সনদ, ক্রেস্ট ও টি-শার্ট দেওয়া হয়। আমন্ত্রণপত্র দেওয়া হয় জাতীয় উৎসবের।

রাজশাহী: রাজশাহী শিক্ষা বোর্ড মডেল স্কুল অ্যান্ড কলেজ মাঠে উৎসবের আয়োজন করা হয়। সকাল নয়টায় উৎসব উদ্বোধন করেন প্রতিষ্ঠানের অধ্যক্ষ মকবুল হোসেন। রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জ, নাটোর, নওগাঁ ও পাবনা জেলার ৬৫টি শিক্ষাপ্রতিষ্ঠানের এক হাজার ১৮ জন শিক্ষার্থী অংশ নেয়। লিখিত পরীক্ষায় বিজয়ী হয় ৫৮ জন।
অতিথি হিসেবে রাজশাহী বিভাগীয় কমিশনার হেলালুদ্দীন আহমদ ও ডাচ্-বাংলা ব্যাংক রাজশাহী শাখার ব্যবস্থাপক আবু আলী মো. আরিফুর রহমান উপস্থিত ছিলেন। শিক্ষার্থীদের নানা প্রশ্নের উত্তর দেন জাতীয় গণিত অলিম্পিয়াড কমিটির সদস্য সুব্রত মজুমদার, রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের পুরকৌশল অনুষদের ডিন ইকবাল মতিন, ফলিত বিজ্ঞান ও প্রকৌশল অনুষদের ডিন শামছুল আলম, বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের গণিত বিভাগের শিক্ষক মল্লিকা মিত্র, প্রথম আলোর সহযোগী সম্পাদক আব্দুল কাইয়ুম ও ইউসেপ স্কুলের শিক্ষক মাসুদ রানা।

ঠাকুরগাঁও: সকাল ১০টায় ঠাকুরগাঁওয়ের ইকো পাঠশালা ও কলেজ মাঠে উৎসবের উদ্বোধন করেন প্রতিষ্ঠানটির চেয়ারম্যান মুহমঞ্চদ শহীদ উজ জামান। তিনি বলেন, ‘গণিতের ভীতি কাটিয়ে গণিতকে ভালোবাসতে হবে। তবেই আমরা বিশ্বে জায়গা করে নিতে পারব।’
ঠাকুরগাঁও ও পঞ্চগড়ের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের সাত শতাধিক শিক্ষার্থী উৎসবে অংশ নেয়। প্রতিযোগিতায় বিজয়ী হয় চারটি বিভাগে মোট ৩০ জন শিক্ষার্থী।
বুয়েটের শিক্ষক ফারসীম মান্নান মোহামঞ্চদী, ডাচ্-বাংলা ব্যাংকের পঞ্চগড় শাখার ব্যবস্থাপক মো. আবু হানিফা, ইকো পাঠশালা ও কলেজের অধ্যক্ষ সেলিমা আখতার ছিলেন অতিথির তালিকায়।
ভোলা: ভোলা টাউন কমিটি মাধ্যমিক বিদ্যালয় (বাংলা স্কুল) প্রাঙ্গণে সকাল নয়টায় উৎসবের উদ্বোধন করেন ওই বিদ্যালয়ের প্রধান শিক্ষক মেহেদী হাসান।
উৎসবে বক্তব্য দেন জেলা প্রশাসক মো. সেলিম রেজা, নাজিউর রহমান কলেজের সাবেক অধ্যক্ষ এম ফারুকুর রহমান, বাংলাবাজার ফাতেমা খানম কলেজের সহকারী অধ্যাপক সুশান্ত মণ্ডল, প্রথম আলো ব্লগের নুরুন্নবী চৌধুরী প্রমুখ। সঞ্চালনা করেন বাংলাদেশ গণিত অলিম্পিয়াডের একাডেমিক কাউন্সিলর মাহমুদুল হাসান।
জেলার পাঁচটি উপজেলার ৩০০ শিক্ষার্থী প্রতিযোগিতায় অংশ নেয়। বিজয়ী হয় ২৫ জন।

পটুয়াখালী: পটুয়াখালী সরকারি বালিকা উচ্চবিদ্যালয়ে সকাল সাড়ে নয়টায় উৎসব উদ্বোধন করেন জেলা প্রশাসক অমিতাভ সরকার। তিনি বলেন, গণিতকে ভয় করলে চলবে না। গণিত যদি ভালোভাবে আয়ত্ত করা যায়, তাহলে এর চেয়ে সহজ কোনো বিষয় হতে পারে না।
পটুয়াখালী ও বরগুনার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের ৩৭৫ শিক্ষার্থী প্রতিযোগিতায় অংশ নেয়। বিজয়ী হয় ২৫ জন।
অতিথি হিসেবে ছিলেন পটুয়াখালী সরকারি বালিকা উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক শংকর কুমার পাল, পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার অ্যান্ড কমিউনিকেশন বিভাগের সহকারী অধ্যাপক মো. কামরুল ইসলাম, ঢাকার ড্যাফোডিল ইউনিভার্সিটির শিক্ষক জাবেদ মোর্শেদ, ডাচ্-বাংলা ব্যাংক পটুয়াখালী শাখার আঞ্চলিক ব্যবস্থাপক মো. হাবিবুর রহমান প্রমুখ।
কক্সবাজার: কক্সবাজার সরকারি বালিকা উচ্চবিদ্যালয় মাঠে উৎসবের উদ্বোধন করেন জেলা প্রশাসক মো. রুহুল আমিন। সকালে অনুষ্ঠিত এই উৎসবে অতিথি ছিলেন কক্সবাজার সরকারি বালিকা উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. নাছির উদ্দিন, ডাচ্-বাংলা ব্যাংক কক্সবাজার শাখার ব্যবস্থাপক মো. হামিদুল আবছার, কক্সবাজার সরকারি উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক রাম মোহন সেন ও বাংলাদেশ গণিত অলিম্পিয়াড কমিটির সাধারণ সম্পাদক মুনির হাসান।
প্রতিযোগিতায় জেলার আটটি উপজেলার ২২টি প্রতিষ্ঠানের ৪৯৩ জন শিক্ষার্থী অংশ নেয়। বিজয়ী ঘোষণা করা হয় ৩০ জনকে।
[প্রতিবেদন তৈরিতে সহায়তা করেছেন আবুল কালাম আজাদ, রাজশাহী; আব্দুল কুদ্দুস, কক্সবাজার; মজিবর রহমান, ঠাকুরগাঁও; শংকর দাস, পটুয়াখালী ও নেয়ামতউল্যাহ, ভোলা]