কেটেই ফেলা হচ্ছে গাছগুলো

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কেউ গাছের ডালপালা কাটছেন, কেউ গোড়ায় চালাচ্ছেন করাত। এভাবে আগা থেকে গোড়া পর্যন্ত কেটে গাছগুলো ট্রাকে করে সরানো হচ্ছে। সিলেট নগরের রিকাবিবাজার মোড় থেকে মিরের ময়দান এলাকার এই গাছগুলো গতকাল বৃহস্পতিবার কাটা শুরু হয়েছে।
ওই সড়কে বৃক্ষ রোপণ করে ১৯৯৯ সালে বিশ্ব পরিবেশ দিবসে জাতীয় পুরস্কার পেয়েছিল তৎকালীন সিলেট পৌরসভা। এখন সেই সড়ক চওড়া করার জন্যই কেটে ফেলা হচ্ছে গাছগুলো। গত বছরের নভেম্বরে সিটি করপোরেশন গাছ কাটতে নিলাম বিজ্ঞপ্তি দিলে ৯ নভেম্বর প্রথম আলোয় ‘সেই গাছগুলো এখন পথের কাঁটা’ শিরোনামে একটি সচিত্র প্রতিবেদন প্রকাশিত হয়। তখন পরিবেশবাদী সংগঠনের পক্ষ থেকে দাবি উঠেছিল কিছু গাছ রেখে একটি ‘বৃক্ষ লেন’ করার। এটি না করেই শুরু হয়েছে গাছ কাটা।
সিটি করপোরেশন সূত্র জানায়, সম্প্রতি সড়ক বর্ধিত করার কাজ শুরু হলে নিলাম বিজ্ঞপ্তির প্রায় ১০ মাস পর গাছ কাটা শুরু হয়। রিকাবিবাজার মোড় থেকে মিরের ময়দান পর্যন্ত প্রায় ৫০০ মিটার অংশে সড়কের দুই পাশে ২৪৮টি গাছের মধ্যে কাটা পড়বে ১৫১টি। এর মধ্যে ১০৫টি মেহগনি, তিনটি রেইনট্রি, ছয়টি একাশিয়াসহ অন্যান্য জাতের আরও ৩৭টি গাছ রয়েছে।
১৯৯৮ সালে সিলেট পৌরসভার উদ্যোগে বৃক্ষরোপণ মৌসুমে সহস্রাধিক গাছ সড়কের দুই পাশে লাগানো হয়েছিল। এ উদ্যোগ জাতীয় পর্যায়ে প্রশংসিত হওয়ায় ১৯৯৯ সালের বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে ‘বৃক্ষরোপণে প্রাতিষ্ঠানিক পর্যায়ে অবদান’ রাখায় জাতীয় পুরস্কারে ভূষিত হয়েছিল সিলেট পৌরসভা।
নগরের ‘ভিআইপি’ সড়কের রিকাবিবাজার মোড় থেকে মিরের ময়দান হয়ে এই সড়কটি সুবিদবাজারে গিয়ে মিলিত হয়েছে সিলেট-সুনামগঞ্জ সড়কের সঙ্গে। প্রায় আধা কিলোমিটার দীর্ঘ সড়ক দিয়ে তিনটি শিক্ষাপ্রতিষ্ঠান, বেতার বাংলাদেশের সিলেট কেন্দ্র ও সিলেট পুলিশ লাইনসে যাতায়াত করতে হয়। সড়কের পূর্ব দিকে হজরত শাহজালাল (রহ.)-এর দরগাহ হওয়ায় বিকল্প যাতায়াতেও মিরের ময়দান ব্যবহৃত হয়। সড়কটি ১৮ ফুট চওড়া। উভয় দিকে আরও ১২ ফুট করে বাড়ানো হবে। দুই দিকে থাকবে ফুটপাত লেন। প্রায় দুই কোটি টাকা ব্যয়ে প্রকল্পটি বাস্তবায়িত হবে।
সিটি করপোরেশনের ভারপ্রাপ্ত প্রধান প্রকৌশলী নূর আজিজুর রহমান বলেন, গাছগুলো যখন লাগানো হয়েছিল, তখন সড়কটি একটি বাইপাস যোগাযোগ হিসেবে ব্যবহৃত হতো। বর্তমানে এটি মূল সড়কে পরিণত হয়েছে। সড়ক বড় করতে গিয়ে গাছগুলোই প্রধান বাধা হয়ে পড়েছে।
গাছ কাটার নিলাম বিজ্ঞপ্তির পরপরই বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা) সিটি করপোরেশনের মেয়রের কাছে কয়েকটি গাছ রক্ষা করে একটি ‘বৃক্ষ লেন’ করার প্রস্তাব করেছিল। তৎকালীন মেয়র আরিফুল হক চৌধুরী গাছ কাটার সময় এ বিষয়টি বিবেচনা করা হবে বলে জানিয়েছিলেন।
বাপা সিলেটের সাধারণ সম্পাদক আবদুল করিম বলেন, ‘এই গাছগুলো লাগিয়ে যেহেতু একটি জাতীয় পুরস্কার অর্জিত হয়েছিল, তাই পুরস্কারের নিদর্শন হিসেবে অন্তত এক সারিতে থাকা গাছগুলোকে না কেটে একটি বৃক্ষ লেন তৈরি করা যেতে পারে। আমাদের দাবি ছিল, এ ঘোষণা দিয়ে যেন সিটি করপোরেশন গাছ কাটা শুরু করে।’
জানতে চাইলে সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা এনামুল হাবীব প্রথম আলোকে বলেন, সব গাছ কাটা হবে না। কিছু গাছ রক্ষা পাবে। সেখানে বৃক্ষ লেন করা যেতে পারে। এ বিষয়টি প্রকল্প বাস্তবায়নের পর দেখা যেতে পারে।