কেডিএ হটানোর দাবিতে রাজপথ অবরোধ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যশোরের অভয়নগর উপজেলার নওয়াপাড়া পৌর এলাকা থেকে খুলনা উন্নয়ন কর্তৃপক্ষকে (কেডিএ) হটানোর দাবিতে নওয়াপাড়ায় যশোর-খুলনা মহাসড়ক অবরোধ কর্মসূচি পালন করেছে কেডিএ হটাও সংগ্রাম কমিটি। গতকাল সোমবার বেলা ১১টা থেকে দুপুর ১২টা পর্যন্ত¦এই অবরোধ কর্মসূচি পালন করা হয়।
অবরোধ চলাকালে কমিটির আহ্বায়ক দেবব্রত দাসের সভাপতিত্বে নওয়াপাড়ার নূরবাগে এক সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে ২৫ নভেম্বরের মধ্যে নওয়াপাড়া পৌর এলাকা থেকে কেডিএর অবাস্তব ও উচ্চাভিলাষী উন্নয়ন পরিকল্পনা বাতিল না করা হলে কঠিন আন্দোলন কর্মসূচি ঘোষণা করা হবে বলে হুঁশিয়ারি করা হয়।
প্রসঙ্গত, কেডিএ নওয়াপাড়া পৌর এলাকায় তাদের মহাপরিকল্পনার মধ্যে নয়টি জনবসতিপূর্ণ ওয়ার্ডের মধ্যে একটি স্টেডিয়াম, ট্রাক টার্মিনাল, শিশুপার্ক, শিল্পশ্রমিকদের জন্য ক্লিনিক, নিউ টাউনসহ বেশ কয়েকটি অবকাঠামো নির্মাণের পরিকল্পনা করেছে। কেডিএর ভূমি অধিগ্রহণ সিদ্ধান্তের প্রতিবাদে ইতিমধ্যে কেডিএ হটাও সংগ্রাম কমিটি নওয়াপাড়া পৌরসভার প্রতিটি ওয়ার্ডে গণসংযোগ, মতবিনিময়, বিক্ষোভ মিছিল, পথসভা, সমাবেশ, স্মারকলিপি পেশসহ নানা কর্মসূচি পালন করেছে।