কেডিএর আবাসন প্রকল্প ঝুলে আছে চার বছর
আবাসন-সংকট নিরসনের লক্ষ্যে খুলনা উন্নয়ন কর্তৃপক্ষ ২০০৭ সালে খুলনা বিশ্ববিদ্যালয়ের পশ্চিম পাশে একটি আধুনিক আবাসন প্রকল্প গড়ার উদ্যোগ নেয়। কিন্তু আজ পর্যন্ত তা বাস্তবায়িত হয়নি। এতে নাগরিক সমাজে বিরূপ প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে।খুলনায় বসবাসরত তেরখাদা উপজেলার চাকরিজীবী এস এম মুজিবর রহমান বলেন, ‘পেশার কারণে দীর্ঘদিন ধরে পরিবার নিয়ে খুলনায় ভাড়া বাসায় থাকতে হচ্ছে। কিন্তু বাচ্চাদের নিয়ে মাথা গোঁজার একটা জায়গা করতে পারিনি। কেডিএ (খুলনা উন্নয়ন কর্তৃপক্ষ) থেকেও কোনো ব্যবস্থা হচ্ছে না।’কেডিএ সূত্রে জানা গেছে, ১৯৬১ সালে প্রতিষ্ঠার পর থেকে নয়টি আবাসন প্রকল্পের আওতায় এ পর্যন্ত তিন হাজার ২০০ আবাসিক প্লট বরাদ্দ দেওয়া হয়েছে। আর কোনো আবাসন প্রকল্প নেই জেনেও লোকজন প্লটের আশায় অগ্রিম পাঁচ শতাধিক আবেদন দিয়ে রেখেছে। চাহিদা বিবেচনা করেই খুলনা বিশ্ববিদ্যালয়সংলগ্ন ডুমুরিয়া ও বটিয়াঘাটা উপজেলার সরকারি খাস, ডোবা ও কিছু বিলের জমি মিলে ১০৩ একরে ‘আহসানাবাদ আবাসিক এলাকা উন্নয়ন প্রকল্প’ গ্রহণ করা হয়। ১২০ কোটি টাকা ব্যয়ে ভূমি অধিগ্রহণ, মাটি ভরাট, রাস্তাঘাট, সেতু, নর্দমা, বিদ্যুৎ লাইন তৈরির লক্ষ্যে ২০০৭ সালের ২৫ অক্টোবর গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ে একটি প্রকল্প প্রস্তাব পাঠানো হয়। ওই প্রকল্পে মোট এক হাজার ১০৬টি প্লটের মধ্যে তিন কাঠার প্লট ৭৪৬টি, পাঁচ কাঠার প্লট ২৮৪টি ও ৭৬টি বাণিজ্যিক প্লট থাকবে। এ ছাড়া প্রকল্পে স্কুল, খেলার মাঠ, বিনোদন কেন্দ্রসহ আধুনিক সুযোগ-সুবিধা রাখার কথা রয়েছে। ২০১৩ সালের মধ্যে প্লট বরাদ্দের উপযোগী হওয়ার কথা। কিন্তু এখনো মন্ত্রণালয়ের মাধ্যমে একনেকের প্রয়োজনীয় অনুমোদনই মেলেনি।কেডিএর আহসানাবাদ আবাসিক প্রকল্পের নির্বাহী প্রকৌশলী জি এম মাসুদুর রহমান প্রথম আলোকে বলেন, খুলনায় মানুষের আবাসন-সুবিধা বৃদ্ধির জন্য ২০০৭ সালে আহসানাবাদ আবাসিক প্রকল্প প্রস্তাব পাঠানো হয়। মন্ত্রণালয় থেকে ২০০৯ সালের ১২ অক্টোবর জানানো হয়, ২০ একরের বেশি হওয়ায় প্রকল্পটি একনেক থেকে অনুমোদনের জন্য পাঠানো হয়েছে। এরপর মন্ত্রণালয়ের পরামর্শে সর্বশেষ ২০১০ সালের ১৮ মে সংশোধনী পাঠানো হয়েছে। ২০১১ সালের ৪ মে পূর্ত মন্ত্রণালয় থেকে ছয় সদস্যের একটি কমিটি করে তাদের মতামত চেয়েছে। তাঁরা দেখবেন, কেমন জমি অধিগ্রহণ করা হয়েছে।খুলনা উন্নয়ন সংগ্রাম সমন্বয় কমিটির মহাসচিব শেখ আশরাফ উহ-জামান বলেন, ‘তীব্র আবাসন-সংকট দূর করতে অতিসত্বর আহসানাবাদ আবাসন প্রকল্পটি আধুনিক সুবিধাসহ বাস্তবায়ন করলে খুলনার উন্নয়ন হবে।’কেডিএর পরিকল্পনা কর্মকর্তা প্রকৌশলী মুজিবর রহমান বলেন, প্রস্তাবিত এলাকাটিতে অধিকাংশই ডোবা-বন্ধা ও সরকারি খাসজমি। এ পরিকল্পনা বাস্তবায়ন হলে প্রায় ৫০ হাজার মানুষ নগরে বসবাসের সুযোগ পাবেন।কেডিএর চেয়ারম্যান ব্রিগেডিয়ার জেনারেল হাবিবুর রহমান কামাল প্রথম আলোকে বলেন, ‘আহসানাবাদ আবাসন প্রকল্পটি অনুমোদন করানোর চেষ্টা করছি। ঢাকা থেকে একটা দল জরিপ করে প্রতিবেদন দেওয়ার পরই এ বিষয়ে সিদ্ধান্ত হবে। আর প্রকল্পটি পাস হলে খুলনা তথা দেশের মানুষের তীব্র আবাসন-সংকট নিরসনে বড় ভূমিকা রাখবে।’