কেডিএর জায়গায় আ.লীগ নেতার ১৬ দোকান

খুলনা মহানগরের শিরোমণি বাজার এলাকায় খুলনা উন্নয়ন কর্তৃপক্ষের (কেডিএ) জায়গায় থানা আওয়ামী লীগের কার্যালয় ও ১৬টি দোকান বানিয়েছেন আওয়ামী লীগের এক নেতা। তিনি খুলনা জেলা আওয়ামী লীগের সদস্য ও ফুলতলা উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান শেখ আকরাম হোসেন।
আকরাম হোসেন দোকানগুলো থেকে মাসে মাসে ভাড়া তুলছেন। তিনি রাজনৈতিক কোটায় কেডিএর পরিচালনা পর্ষদের সদস্য হওয়ায় কেডিএ এ ব্যাপারে কোনো ব্যবস্থা নিচ্ছে না।
কেডিএ সূত্রে জানা গেছে, তারা কাউকে ওই জমি বরাদ্দ দেয়নি। তবে কেডিএ কর্মকর্তা ও কর্মচারী কল্যাণ সমিতি দুই বছরের জন্য আকরাম হোসেনকে ওই জমি রক্ষণাবেক্ষণের জন্য দিয়েছিল। কথা ছিল, সেখানে কোনো স্থায়ী স্থাপনা করা যাবে না। কিন্তু আকরাম হোসেন সেখানে আওয়ামী লীগের কার্যালয় ও ১৬টি দোকান তৈরি করেন। তিনি দোকান বরাদ্দের জন্য এক লাখ টাকা করে নিয়েছেন এবং মাসে দোকানপ্রতি তিন-চার হাজার টাকা ভাড়া তুলছেন।
জানতে চাইলে কেডিএর জ্যেষ্ঠ বৈষয়িক কর্মকর্তা মাসুদুর রহমান প্রথম আলোকে বলেন, ‘আকরাম সাহেব যে জায়গায় দোকান করেছেন সেটি কেডিএর। বৈধভাবে কাউকে জমি দেওয়া যায় না বলে কেডিএ কর্মকর্তা ও কর্মচারী কল্যাণ সমিতির পক্ষ থেকে আন-অফিশিয়ালভাবে তাঁকে ওই জায়গা দেওয়া হয়।’ এভাবে কাউকে জায়গা দেওয়া যায় কি না, জানতে চাইলে তিনি ক্ষুব্ধ হয়ে বলেন, ‘আপনি এটি নিয়ে নিউজ করেন।’
স্থানীয় লোকজনের সঙ্গে কথা বলে জানা যায়, একসময়ে জাতীয় পার্টির সঙ্গে যুক্ত আকরাম হোসেন ২০০৯ সালে আওয়ামী লীগ সরকার গঠন করলে এই দলে যোগ দেন। সাবেক প্রতিমন্ত্রী মন্নুজান সুফিয়ানের ঘনিষ্ঠ হিসেবে পরিচিত আকরাম বছর দুয়েক আগে রাজনৈতিক কোটায় কেডিএর পরিচালনা পর্ষদের সদস্য হন। তিনি শিরোমণিতে কেডিএ আবাসিক সংযোগ সড়কের উত্তর পাশে খানজাহান আলী থানা আওয়ামী লীগ ও ৩৪ নম্বর শিরোমণি ওয়ার্ড আওয়ামী লীগের কার্যালয় করেন। পরে তিনি সেখানে পর্যায়ক্রমে ১৬টি দোকান নির্মাণ করেন। এই স্থাপনাগুলোর চারপাশে পাকা দেয়াল ও ওপরে টিন। কেডিএ কর্মকর্তা ও কর্মচারী কল্যাণ সমিতি তাঁকে ওই জায়গা রক্ষণাবেক্ষণের দায়িত্ব দেয়।
সরেজমিনে ওই এলাকায় গিয়ে দেখা যায়, কেডিএ আবাসিক সংযোগ সড়কের শুরুতে একটি ওষুধের দোকান। এ ছাড়া মিষ্টির দোকান, হোটেল—সব মিলিয়ে ১৬টি দোকান। দোকানগুলোর পরই থানা ও ওয়ার্ড আওয়ামী লীগের কার্যালয়। সেখানে থাকা রূপসী বাংলা হোটেলের এক কর্মচারী বলেন, ‘এই দোকান (হোটেল) আকরাম সাহেবের। আমরা মাসে চার হাজার টাকা ভাড়া দিই।’ নাম প্রকাশে অনিচ্ছুক একটি দোকানের মালিক বলেন, ‘দোকান নেওয়ার সময় এক লাখ টাকা দেওয়া লাগছে। এখন ভাড়া দিই তিন হাজার টাকা।’ থানা আওয়ামী লীগের একটি কার্যালয় থাকার পরও শিরোমনিতে কেডিএর জায়গায় আরেকটি কার্যালয় করায় খানজাহান আলী থানা আওয়ামী লীগের বেশ কয়েকজন নেতা ক্ষুব্ধ। তাঁরা বলেছেন, ওই জায়গার দখল টিকিয়ে রাখতেই আকরাম হোসেন সেখানে আওয়ামী লীগের আরেকটি কার্যালয় করেছেন। কারণ, যশোর-খুলনা সড়কের পাশে স্বাধীনতার পরপর করা থানা আওয়ামী লীগের পুরোনো কার্যালয় এখনো রয়েছে। থানা আওয়ামী লীগের দুটি কার্যালয় কেন—জানতে চাইলে খানজাহান আলী থানা আওয়ামী লীগের সভাপতি বেগ লিয়াকত আলী প্রথম আলোকে বলেন, ‘যশোর-খুলনা সড়কের পাশে আমাদের আদি কার্যালয়েই নেতা-কর্মীরা যান। কেডিএর জায়গায় আকরাম হোসেন যে কার্যালয় করেছেন সেখানে দু-চারজন বাদে অন্য নেতা-কর্মীরা যান না।’ কেডিএ কর্মকর্তা ও কর্মচারী কল্যাণ সমিতি সূত্র জানায়, বছর দুয়েক আগে সমিতির পক্ষ থেকে একটি চিঠির মাধ্যমে আকরাম হোসেনকে ১৫ ফুট বাই ১৫০ ফুট জায়গা রক্ষণাবেক্ষণ কাজের জন্য দেওয়া হয়। এ জন্য তিনি সমিতিতে এক লাখ টাকা দেন। পরে ওই জায়গায় তিনি স্থাপনা নির্মাণ করেন। তবে কেডিএ থেকে নকশার অনুমোদন এবং অনুমতি না নেননি। জানতে চাইলে সমিতির সভাপতি ও কেডিএর পরিদর্শন কর্মকর্তা (অডিট অফিসার) মামুনূল আবেদিন বলেন, ‘বরাদ্দ নয়, আমরা আকরাম সাহেবকে একটি চিঠি দিয়ে ওই জায়গা সাময়িক রক্ষণাবেক্ষণ করতে বলেছি। তবে তিনি যদি ভবন তৈরি করে থাকেন, তা তিনি নিজের দায়িত্বে করেছেন। এর জন্য সমিতি দায়ী নয়।’ কেডিএর জায়গায় দোকান ও দলীয় কার্যালয় নির্মাণ প্রসঙ্গে আকরাম হোসেন বলেন, ‘আমার ভবন নির্মাণের বৈধ কাগজপত্র রয়েছে।’ সমিতি তো বলছে আপনাকে রক্ষণাবেক্ষণের জন্য ওই জায়গা দেওয়া হয়েছে, এ কথা জানালে তিনি বলেন, ‘আমি কীভাবে নিয়েছি তা কেডিএতে গিয়ে দেখেন।’ কেডিএর জায়গায় দলীয় কার্যালয় ও দোকান নির্মাণ হলেও ব্যবস্থা নেওয়া হচ্ছে না কেন, জানতে চাইলে কেডিএর চেয়ারম্যান ব্রিগেডিয়ার জেনারেল মো. শামসুল আলম খান প্রথম আলোকে বলেন, ‘কেডিএ থেকে বরাদ্দ দিলে পরে আর সেই জমি ফিরে পাওয়া যায় না। নানা জটিলতা তৈরি হয়। তাই কেডিএ ওই জায়গা বরাদ্দ দেয়নি। তবে কেডিএ কর্মকর্তা ও কর্মচারী কল্যাণ সমিতির পক্ষ থেকে বরাদ্দ দেওয়া হয়েছিল। কিন্তু সেখানে যদি কোনো পাকা স্থাপনা করা হয়, তাহলে সেটা অবৈধ। দুই বছরের জন্য ওই জায়গা তাঁকে রক্ষণাবেক্ষণ করতে দেওয়া হয়েছিল। এ বছরের এপ্রিলে দুই বছর শেষ হবে। এরপর আমরা ব্যবস্থা নেব।’