কেডিএর প্লটের দরপত্র জমা দিতে বাধা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

৪১টি প্লট বরাদ্দের জন্য খুলনা উন্নয়ন কর্তৃপক্ষের চাওয়া দরপত্র জমা দিতে এসে পুলিশের সামনেই শতাধিক যুবকের বাধার মুখে পড়েছেন দরদাতারা। তাঁদের কাছে নির্দিষ্ট কোনো প্লটের দরপত্র থাকলে তা কেড়ে নেওয়ার অভিযোগ পাওয়া গেছে। গতকাল মঙ্গলবার সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত এ ঘটনা ঘটে।খুলনা উন্নয়ন কর্তৃপক্ষ (কেডিএ) সূত্রে জানা গেছে, নগরের এম এ বারী সড়কে ২০টি প্লট, আউটার বাইপাসে প্রথম পর্যায়ে চারটি, মজগুন্নি প্রধান সড়ক বয়রায় তিনটি, জলিল সরণি রায়ের মহল অংশে ১১টি ও মজগুন্নি বাস্তুহারা এলাকার তিনটিসহ মোট ৪১টি প্লটের বিপরীতে ৬৯১টি শিডিউল বিক্রি হয়। আর সেসব দরপত্র জমা দেওয়ার শেষ সময় ছিল গতকাল দুপুর ১২টা পর্যন্ত। কিন্তু দরপত্র জমা দিতে গেলে তাঁদের সবাইকে তল্লাশি করা হয়। ঘটনা জানতে এই প্রতিবেদক সরেজমিনে কেডিএ ভবনে ঢুকতে গেলে বেশ কয়েকজন যুবক এগিয়ে এসে এই প্রতিবেদককে জিজ্ঞাসা করে ‘টেন্ডার জমা দিতে এসেছি কি না?’ ‘না’ বলায় তারা এ প্রতিবেদককে বাধা দেয়নি। তখন ভেতরে ঢুকে একপাশে দাঁড়াতেই দেখা গেল পরিপাটি এক যুবক খান রিজভী হাসান হাতে একটা খাম নিয়ে ভবনে ঢোকার সময় ১৫-২০ জন যুবক তাঁকে ঘিরে ধরে হাতের খামটি কেড়ে নেয়। তারা খাম খুলে প্লট নম্বর দেখে তাঁকে ছেড়ে দেয়। কিছু সময় পর ফিরে এসে বিমর্ষ ওই যুবক এ প্রতিবেদককে বলেন, ‘ভবনের ওপরে ওঠার সময় পুলিশের সামনেই সিঁড়িতে আরও কয়েকজন যুবক তাঁর খাম তল্লাশি করেছে। সচিবের কক্ষের বাইরে ও ভেতরে ওদের লোক দাঁড়িয়ে চেক করেছে। আমরা কোন দেশে আছি।’ এক নারী ভবনে ঢুকতে চাইলে যুবকেরা তাঁকে জিজ্ঞাসাবাদ শেষে ছেড়ে দেয়। ভবনে ঢোকার প্রধান ফটকের মুখে ১৫ থেকে ২০ জন যুবক, সিঁড়িতে ছয়-সাতজন, দোতলায় সচিবের কক্ষের সামনে পুলিশের উপস্থিতিতে ১০-১৫ জন যুবক বিশেষ ভঙ্গিতে ঘোরাফেরা করে। পাশে অফিসের ভেতরে নিয়ে কর্মচারীদের সামনেও দরপত্র তল্লাশি করা হয়। পুলিশের মতো কর্মচারীরাও এ সময় নিশ্চুপ ছিলেন।খুলনার সোনাডাঙ্গা থানার উপপরিদর্শক (এসআই) সাইদুর রহমানের কাছে টেন্ডারে বাধা দেওয়া প্রসঙ্গে জানতে চাইলে তিনি বলেন, ‘আমার কাছে কেউ কোনো অভিযোগ করেনি।’ বাধা দেওয়ার আসল কারণ জানতে চাওয়া হয় অফিসের ও বাধাদানকারী দুজনের কাছে। নাম প্রকাশ না করার শর্তে তাঁরা বলেন, ‘মজগুন্নি প্রধান সড়কে আট কাঠা জমির ৪৩ নম্বর প্লটটি সবচেয়ে কম দামে পেতে চান প্রধানমন্ত্রীর চাচাতো ভাই শেখ রুবেল। ওই প্লটটির বিপরীতে অন্য কেউ যেন দরপত্র জমা দিতে না পারে, সে জন্যই ওই যুবকেরা সবাইকে তল্লাশি করছে।’নাম প্রকাশে অনিচ্ছুক ফুলতলার আওয়ামী লীগের এক প্রভাবশালী নেতা কেডিএর দোতলায় দাঁড়িয়ে এই প্রতিবেদককে বলেন, ‘রয়্যাল ফ্যামিলির লোকদের এভাবে রাস্তায় নেমে বাধা দিতে হবে কেন? চেয়ারম্যানকে বললেই তো প্লটের ব্যবস্থা হতো।’অভিযোগ সম্পর্কে জানতে শেখ রুবেলের মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি বলেন, ‘বিষয়টি শুনেছি। আমি ব্যবসা করে খাই। এসব টেন্ডারবাজিতে আমি নেই। আমার নাম ভাঙিয়ে কারা এসব করছে, সে ব্যাপারে খোঁজ নিতে স্থানীয় আওয়ামী লীগের নেতাদের বলেছি। আশা করি ওদের শনাক্ত করে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করতে পারব।’ কেডিএর সচিব কাজী ফাইজুর রহমান দরপত্র দাখিলে বাধাদান প্রসঙ্গে বলেন, ‘কেউ আমার কাছে কোনো অভিযোগ করেনি। আলোচিত ৪৩ নম্বর প্লটটি কে পেয়েছেন, জানতে চাইলে তিনি বলেন, এখনো যাচাই-বাছাই চলছে। পরে সিদ্ধান্ত হবে।’