কেন ইরফানকে হত্যা করা হলো প্রশ্ন স্ত্রীর
দৃক গ্যালারির প্রশাসনিক কর্মকর্তা ইরফানুল ইসলামের স্ত্রী জোহরা ইরফান বলেছেন, ‘আমি শুধু খুনিদের কাছে জানতে চাই, কেন ইরফানকে হত্যা করা হলো? কী অপরাধ ছিল তাঁর? আমার আর কোনো কিছু চাওয়ার নেই।’
গতকাল শনিবার বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের সামনে ‘সারা দেশে গুম খুন ধর্ষণ রুখো’ শীর্ষক এক মানববন্ধন কর্মসূচিতে জোহরা এ কথা বলেন। গত রোববার দুপুরে ধানমন্ডির ৮ নম্বর সড়কের ডাচ্-বাংলা ব্যাংক থেকে তিন লাখ টাকা তোলার পর নিখোঁজ হন ইরফানুল। বিকালে নারায়ণগঞ্জের লিংক রোড থেকে তাঁর লাশ উদ্ধার করে পুলিশ।
দৃক গ্যালারি ও এর সহযোগী প্রতিষ্ঠান পাঠশালা এই মানববন্ধনের আয়োজন করে। এতে নিহত ইরফানুলের স্ত্রী জোহরা ও ছেলে ইফতেখারুল ইসলাম উপস্থিত ছিলেন। মানববন্ধনে দৃকের কর্মী ও পাঠশালার বর্তমান ও সাবেক শিক্ষার্থীরা অংশ নেন। পাঠশালায় আলোকচিত্র সম্পর্কে পড়ানো ও প্রশিক্ষণ দেওয়া হয়। গণমাধ্যমে কর্মরত ফটোসাংবাদিক, শিক্ষার্থী ও বিভিন্ন আলোকচিত্র বিষয়ক প্রতিষ্ঠানের আলোকচিত্রীরা উপস্থিত ছিলেন।
মানববন্ধনে দৃকের ব্যবস্থাপনা পরিচালক শহিদুল আলম বলেন, ‘নারায়ণগঞ্জ একটি কুখ্যাত জায়গায় পরিণত হয়েছে। সেখানকার কর্ণধারকে সরকার মাথায় তুলে রাখে।’ তিনি বলেন, সাধারণ মানুষের নিরাপত্তা নেই। তিনি খুনিদের গ্রেপ্তার ও শাস্তি দিতে সরকারের প্রতি আহ্বান জানান।
মানববন্ধনে আলোকচিত্রী আবির আবদুল্লাহও বক্তব্য দেন।