সিটি করপোরেশন, পৌরসভাসহ দেশের সব স্থানীয় সরকার নির্বাচনে প্রার্থীদের কেন নিজ রাজনৈতিক দলের প্রতীক বরাদ্দ ও ব্যবহারের সুযোগ দেওয়া হবে না—তা জানতে চেয়ে রুল দিয়েছেন হাইকোর্ট। একই সঙ্গে রাজনৈতিক দলের প্রতীক ও পরিচয় ব্যবহারে নিষেধসংবলিত বিধিগুলো কেন সংবিধানের মৌলিক অধিকারের পরিপন্থী ঘোষণা করা হবে না, আদালত তা-ও জানতে চেয়েছেন।
বিচারপতি কাজী রেজা-উল হক ও বিচারপতি আবু তাহের মো. সাইফুর রহমানের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ গতকাল সোমবার একটি রিট আবেদনের প্রাথমিক শুনানির শেষে এ রুল দেন। প্রধান নির্বাচন কমিশনার, স্থানীয় সরকার সচিব ও আইনসচিবকে দুই সপ্তাহের মধ্যে এ রুলের জবাব দিতে বলা হয়েছে।
নির্বাচন কমিশনে নিবন্ধিত রাজনৈতিক দল বাংলাদেশ সাংস্কৃতিক মুক্তি জোটের পক্ষে মো. আমিনুর রহমানের করা এই রিট আবেদনের পক্ষে আদালতে শুনানি করেন আইনজীবী উজ্জ্বল হোসেন। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল তাপস কুমার বিশ্বাস।
সিটি করপোরেশন, পৌরসভা, উপজেলা ও ইউনিয়ন পরিষদ নির্বাচনের আচরণবিধিমালা অনুসারে, এসব নির্বাচনের পোস্টার বা প্রচারপত্রে প্রার্থী নিজের ছবি ও প্রতীক ছাড়া কোনো রাজনৈতিক দলের নাম বা প্রতীক বা পরিচয় ব্যবহার করতে পারেন না। এ ছাড়া স্থানীয় সরকার নির্বাচনের নিয়ম অনুসারে প্রার্থীরা নির্বাচনে দলীয় প্রতীক ব্যবহার করতে পারেন না। স্থানীয় সরকার নির্বাচনের এসব বিধি সংবিধানের মৌলিক অধিকারের পরিপন্থী বলে রিট আবেদনে উল্লেখ করা হয়।