
প্রথম আলোর প্রতিষ্ঠার ১৫ বছর পূর্তি হলো। এই ১৫ বছরের সাড়ে ১৪ বছর আমি প্রথম আলোর সঙ্গে হেঁটেছি। কেন শুধু প্রথম আলোতেই নিয়মিত লিখি—এ প্রশ্নের মুখোমুখি হতে হয় আমাকে প্রায়ই। আমি নিজেও এ প্রশ্ন নিজেকে করি। সবগুলো জাতীয় দৈনিকের সম্পাদকদের সঙ্গে আমার ঘনিষ্ঠ সম্পর্ক। তাঁদের দাবিও অগ্রাহ্য করার নয়। মাঝে মাঝে লিখি। কেন শুধু প্রথম আলোতেই নিয়মিত? কী চিন্তা ও অনুভূতি প্রকাশের জন্য প্রথম আলোতে লিখি তার একটা অন্তর্বীক্ষণ প্রয়োজন ১৫ বছর পর। কেন লিখি? লিখে কী লাভ? কার লাভ? লেখকের নাকি পত্রিকার? নাকি পাঠকের?
কোন এক সুদূর অতীতে সম্পাদক মতিউর রহমান লেখার আমন্ত্রণ জানিয়েছিলেন। আমার মতো আরও অনেকেই তা জানিয়ে থাকবেন। তার পর থেকে লিখে গেছি অবলীলায়। অনেকটা নিশিতে পাওয়ার মতো! সাড়ে ১৪ বছরে আমি প্রায় পৌনে আট শ রাজনৈতিক নিবন্ধ লিখেছি। তাতে শব্দের সংখ্যা অন্তত সাড়ে ১২ লাখ। কিন্তু ‘নিয়মিত’ শব্দটির যদি আক্ষরিক অর্থ করি তাহলে দাঁড়ায় এই যে, সাড়ে ১৪ বছরে এমন একটি সপ্তাহ নেই যখন আমি লিখিনি। এই সময়ে হাসপাতালে থেকেছি, বিদেশে গিয়েছি মাস খানেকের জন্য, কিন্তু লেখা ঠিকই প্রকাশিত হয়েছে। আমি সাংবাদিকের মতো খুব দ্রুত খন খন করে লিখতে পারি না। রচনাটির জন্য আমাকে বেশ সময় নিয়ে ভাবতে হয়। প্রস্তুতি নিতে হয় ও পরিকল্পনা করতে হয়। প্রথমে পুরো লেখাটি মাথার মধ্যে লিখে ফেলি। প্যারাগ্রাফ পর্যন্ত ঠিক করি। তারপর বসে কাগজে লিখি। চিন্তা ও অনুভূতি প্রকাশে উপযুক্ত শব্দের অনুসন্ধান করি। কোনো শব্দের যথার্থ শব্দ কী হতে পারে তা নিয়ে ভাবি। পাঠকের শব্দটি কেমন লাগবে তা-ও বিবেচনায় রাখি। পাঠকও এক রকম নন। আমার চেয়ে বেশি বিদ্বান পাঠক যেমন অগণিত, তেমনি যে পাঠক গ্রামের তেমাথায় বটগাছের নিচে চা-দোকানে বসে প্রথম আলো পড়েন তিনিও গুরুত্বপূর্ণ পাঠক। তাঁর চেতনার স্তর আমার চেয়ে নিচে—তা মনে করা অনুচিত। তবে প্রতিক্রিয়া থেকে যা বুঝতে পারি তা হলো পাঠকদের মধ্যে তরুণ-তরুণীর সংখ্যাই বেশি। আমার বিরল সৌভাগ্য যে আমার রচনার পাঠকদের মধ্যে একটি বড় অংশ নারী। রাজনৈতিকভাবে টালমাটাল ও অর্থনৈতিকভাবে অস্থির বাংলাদেশকে ভবিষ্যতে সঠিক পথে পরিচালিত করতে যুবসমাজ ও নারীরাই ভরসা—এ প্রত্যয় হয়েছে আমার প্রথম আলোতে লিখতে গিয়ে।
৫০ বছর ধরে লেখালেখি করছি। প্রথম আলোতে লিখতে গিয়ে আমার কিছু বাড়তি অভিজ্ঞতা হয়েছে। উপসম্পাদকীয় নিবন্ধের লেখক যিনিই হোন, লেখাটির মধ্যে সম্পাদকের প্রচ্ছন্ন বা অদৃশ্য উপস্থিতি না থেকে পারে না। সম্পাদকের সম্মতি মানেই তাঁর সম্পৃক্ততা। সম্পাদক যদি সৃষ্টিশীল না হন, মননশীল না হন, রুচির অভাব থাকে তাঁর মধ্যে, তাহলে চাপ দিয়ে বা অনুরোধ করেও মানসম্মত লেখা তিনি পাবেন না। কোনো লেখার জন্য বিব্রত বা বিপন্ন হলে সম্পাদকই হন, আদালতের কাঠগড়ায় দাঁড়ালেও তিনিই দাঁড়ান, সুতরাং কোনো লেখার প্রশংসার ভাগও তাঁকে দিতে হবে।
প্রথম আলোর সুদক্ষ সম্পাদকীয় প্রতিষ্ঠান শুধু নয়, সম্মিলিত কর্মিদলের ভূমিকার প্রশংসা করতে হয়। কম্পোজ, প্রুফ রিডিং, অফিস সহকারী প্রভৃতি বিভাগের কর্মরতদের দায়িত্ববোধ ও আন্তরিকতার প্রকাশ স্বতঃস্ফূর্ত। একদিন কোনো অফিস সহকারীকে ফোনে বললাম, এরপর যেদিন লেখা নিতে আসেন কয়েকটি জেমস ক্লিপ যেন নিয়ে আসেন। আধা ঘণ্টার মধ্যে এক বাক্স জেমস ক্লিপ বাড়িতে পৌঁছে গেল। সেই কাগজে না লিখে পারা যায়?
নিয়মিত লেখকের চেয়ে প্রথম সংখ্যা থেকে আজ পর্যন্ত যাঁরা প্রথম আলো পড়ছেন, তেমন পাঠকের দামও কম নয়। অজস্র লেখার মধ্যে কোন পাঠকের কোন বাক্যটি মনে গেঁথে যাবে তা কেউ বলতে পারে না। রাজনীতিবিদ পঙ্কজ ভট্টাচার্য ও আমি গিয়েছিলাম বরিশালের কয়েকটি সংখ্যালঘু-অধ্যুষিত এলাকায়। ঢাকায় ফেরার পথে কোনো বাজারের কাছে এক গ্রামে গাড়ি থামাই। এক প্রবীণ ভদ্রলোক ও এক মধ্যবয়সী মহিলা দাঁড়িয়ে ছিলেন। আমিই যে ‘সহজিয়া কড়চা’র লেখক তা চিনলেন। বললেন, আমি আপনার সব লেখা পড়েছি। একটা কথা আপনাকে জিজ্ঞাসা করব। পেছনে ফিরে তাঁর স্ত্রীকে বললেন, তুমি ঘরে যাও গিয়া। আমি একটু শঙ্কিত হলাম। কী সেই কথা যা আমাকে বলবেন, কিন্তু তাঁর স্ত্রীর সামনে বলতে চান না।
একটু দূরে পঙ্কজদা কয়েকজনের সঙ্গে কথা বলছিলেন। ভদ্রলোক নিচু স্বরে আমার একটি লেখার উল্লেখ করে যা বললেন তা এই: বিদেশি কোনো জ্যোতির্বিজ্ঞানীকে উদ্ধৃত করে আমি কোনো প্রসঙ্গে লিখেছিলাম মানুষের শরীর থেকেই অঙ্ক ও বিজ্ঞানের সবকিছুর সূচনা। আদিম যুগে মানুষ পশু-পাখি শিকার করে এসে আঙুলের সাহায্যে সংখ্যা বলেছে। নারীর মাসিক রজঃস্রাব সাহায্য করেছে জ্যোতির্বিদ্যাচর্চায়। চাঁদের হ্রাস-বৃদ্ধির সঙ্গে মাসিকের হিসাব রাখতে গিয়েই জ্যোতির্বিজ্ঞানের অনেক জট খুলেছে। রাজনীতি নিয়ে কত মহাকাব্য লিখলাম, তার মধ্যে এই কথাটি এক পাঠকের মনে গেঁথে আছে।
কলামের কারণে কখনো অপ্রীতিকর পরিস্থিতিতে পড়েছি। রক্ত-মাংসের মানুষ কেউই বিরূপ সমালোচনা সহ্য করে না। কখনো ক্ষমতাধর কোনো ব্যক্তির সমালোচনা করি, কিন্তু ব্যক্তিগত বিরূপতা থেকে কারও সম্পর্কে একটি লাইনও লিখিনি।
পদ্মার আকাশে ঘন কালো মেঘ ভেঙে পড়বে বলে মনে হচ্ছে। কাওড়াকান্দি ঘাটে গিয়ে যখন গাড়ি থেকে নেমে দাঁড়ালাম, ফেরি তখন ছেড়ে গেছে নদীর মধ্যে। ওই দিনই আমার কলাম বেরিয়েছিল প্রথম আলোতে। ফেরির চালক বা কেউ তা পড়ছিলেন। আমাকে ঘাটে অসহায়ের মতো দাঁড়িয়ে থাকতে দেখে ফেরি আবার ঘাটে ফিরে এল। আমার গাড়ি তুলল। আমার জন্য দেরি হওয়ায় সবার কাছে ক্ষমা চাইলাম।
কলামের বক্তব্যের কারণে যখন আমি লাঞ্ছিত হয়েছি, তা খুব সহজভাবে গ্রহণ করেছি। ভালোবাসার কাছে সে অপমান কিছুই না। এক স্কুলছাত্রীর ধর্ষণের কথা কাগজে পড়ি। থানা মামলা নেয়নি। গেলাম তার গ্রামে কয়েকজন। ফেরার সময় সন্ধ্যা ঘনিয়ে আসে। মাঠের মধ্যে একদল ছেলে ফুটবল খেলছিল। গাড়ি ছিল দূরে মহাসড়কের ওপর। পার হতে হবে একটি খাল। তাতে হাঁটুপানির বেশি। ছেলেগুলো দৌড়ে এল। প্রথম আলোতে ওরা আমার কলাম পড়ে। আমি খাল পার হব বলে মোজা খুলতে ঝুঁকেছি, অমনি দুটি ছেলে বাধা দিল, ‘স্যার, মোজা খুইলেন না।’ কিছু বলার সুযোগ না দিয়েই ধা করে আমাকে দু-তিনজন উঁচু করে খাল পার করে দেয়। আমার সহযাত্রীরা হাসছিলেন, আমার চোখে পানি আসার জো!
অনেক ক্ষেত্রেই জাতির অধঃপতন ঘটেছে। তার মধ্যেও এ দেশের তরুণদের একটি অংশ কাগজ পড়ে, ভাবে, বিশ্লেষণ করে। প্রথম আলোর এবারের স্লোগান: পথ হারাবে না বাংলাদেশ। শত অনাচার ও বিভ্রান্তির মধ্যেও যুবসমাজই বাংলাদেশকে পথভ্রষ্ট হতে দেবে না—এই কামনা করি।
সৈয়দ আবুল মকসুদ: গবেষক, প্রাবন্ধিক ও কলাম লেখক