কেন রে এত কষ্টের হাঁটুজল?
এক মাস ধরে ডেমরার ডগাই এলাকার আলমা বেগমের ঘরে হাঁটুপানি। এলাকার রাস্তায় আরও বেশি পানি। তাই তাঁর ছেলেমেয়ে এক মাস ধরে স্কুল যাচ্ছে না। ঘরের ভেতর দুর্গন্ধে ভরা পানিতে তাঁদের বাস। হাঁটুজল ভেঙে আলমা গিয়েছিলেন ডগাই বাজারে। বেলা দুইটার দিকে বাড়িতে ফেরার পথে আলমা বেগম বলছিলেন, এভাবে কোনো মানুষ বসবাস করতে পারে না। এক মাস পানির মধ্যে বসবাস করা সম্ভব? অসুখ-বিসুখ লেগেই আছে।

আজ শনিবার সরেজমিন রাজধানীর যাত্রাবাড়ী, ডেমরা ও নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ এলাকা ঘুরে দেখা গেল, অধিকাংশ এলাকায় এক মাস ধরে পানি। ঘরে ঘরে দুর্গন্ধময় পানি জমেছে। হাঁটুজলে ডুবেছে রাস্তাঘাট। এলাকার লোকজন ঠিকমতো চলাফেরা করতে পারছেন না। স্কুলে যেতে পারছে না ছাত্রছাত্রী। অনেকের মূলবান জিনিস পানিতে নষ্ট হয়ে গেছে। আরও নষ্ট হয়ে যাচ্ছে ঘরের মূল্যবান আসবাব। ডায়রিয়া, জ্বর, চর্মরোগসহ বিভিন্ন রোগের প্রকোপ বেড়েছে এলাকায়। সাপসহ বিভিন্ন কীটপতঙ্গ ঘরে ঢুকে পড়ায় আতঙ্কে এলাকার লোকজন। ঘরে তালা মেরে বহু বাড়িওয়ালা এলাকা ছেড়েছে। ভাড়াটেরাও বাসা ছেড়ে অন্যত্র চলে যাচ্ছেন। পানিবন্দী এসব এলাকার লাখো মানুষের জীবন দুর্বিষহ হয়ে উঠেছে। এলাকাবাসীর ভাষ্য, এই পানিবন্দী জীবন আর সহ্য হচ্ছে না।

এসব এলাকার জলাবদ্ধতার কারণ অনুসন্ধান করতে গিয়ে জানা গেল, যাত্রাবাড়ী, ডেমরা ও সিদ্ধিরগঞ্জের অধিকাংশ খাল ময়লা-আবর্জনা ফেলে ভরাট করে ফেলা হয়েছে। অতিরিক্ত বৃষ্টির হলে পানি সরতে পারছে না। যে কারণে পানি জমে জমে এলাকাগুলোতে জলাবদ্ধ হয়ে পড়েছে। আবার অনেক এলাকার খাল দখল করে সেখানে নির্মাণ করা হয়েছে দোকানপাট, ঘরবাড়ি। এতে এলাকার পানি আর খাল দিয়ে পানি সরতে পারছে না। খালগুলোর এমন অবস্থার কারণে মূলত এই জলাবদ্ধতা। এসব এলাকার পানি বিভিন্ন খাল দিয়ে গিয়ে জমা হয় নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের শিমরাইলে। সেখানে আছে পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) ডিএনডি পাম্পহাউস। পানি সেচের জন্য আছে চারটি পাম্প। এসব পানি সেচ দিয়ে ফেলা হয় নারায়ণগঞ্জের শীতলক্ষ্যা নদীতে।
আজ শনিবার পাউবোর ঢাকা নারায়ণগঞ্জ ডেমরা সেচ প্রকল্পের নির্বাহী প্রকৌশলী মো. আবু তালেব প্রথম আলোকে বলেন, ‘১৯৪৫ সালে চারটি পাম্প বসানো হয়েছিল। তখনকার উদ্দেশ্য ছিল কৃষিজমিতে সেচ দেওয়া। এত বছরে এসব এলাকায় যত ঘরবাড়ি হয়েছে, কলকারখানা হয়েছে, এগুলোর তরল বর্জ্য অপসারণে যে সক্ষমতা দরকার, তা আমাদের নেই। এর সঙ্গে যখন বৃষ্টির পানি যোগ হয়, তখন আমাদের আরও বেশি সমস্যা হয়। যে পরিমাণ পানি এখানে আসছে, তা সরানো সম্ভব হচ্ছে না। যে কারণে এলাকায় জলাবদ্ধতা তৈরি হচ্ছে। মানুষ ভোগান্তির মধ্যে পড়ছে।’

ঢাকা নারায়ণগঞ্জ ডেমরা সেচ প্রকল্পে গিয়ে দেখা গেল, পানি সেচের চারটি পাম্পের মধ্যে তিনটি পাম্প সচল রয়েছে। এর বাইরে আরও কয়েকটি ছোট পাম্প চালু রয়েছে। খালের তিনটি জায়গায় আবর্জনা ঠেকানোর জন্য বেড়া দেওয়া হয়েছে। পাম্পের কাছেই আরও পাঁচ থেকে সাতজন লোক সার্বক্ষণিক ময়লা-আবর্জনা পরিষ্কার করছেন। এরপরও বিভিন্ন পলিথিন সেখানে জমা হচ্ছে।
সেচ প্রকল্পের কর্মকর্তা আবদুল জব্বার প্রথম আলোকে বলেন, ‘এপ্রিলে এবার বৃষ্টি শুরু হয়। যে কারণে আমরা এবার এপ্রিল মাসের শেষ সপ্তাহে পাম্প চালু করতে হয়েছে। পানিনিষ্কাশনের জন্য অন্যান্য বছর জুন-জুলাই মাসে পাম্প চালু করা হয়ে থাকে। অতিরিক্ত বৃষ্টির কারণে পানির লেবেলও অনেক বেশি। কাজেই ডিএনডি পাম্পহাউসের যে ক্ষমতা, সেই ক্ষমতার চার গুণের বেশি পানি জমা হয়।’
ডেমরার ট্যাংরা এলাকায় ভাড়া থাকেন আবদুস সালাম। তাঁদের ঘরে হাঁটুপানি। সালাম বলছিলেন, এক মাসে এ বাসার নয়জন ভাড়াটে চলে গেছে। পানির মধ্যে আর কত দিন থাকা যায়? দেখা গেল, ডেমরার সারুলিয়া ইউনিয়নের ট্যাংরা এলাকার প্রায় সব বাড়িঘরে পানি উঠেছে। রাস্তায় হাঁটুর ওপরে পানি। একইভাবে ডেমরার বামৈল, রসুলনগর ও ডগাই এলাকাতেও এক মাস ধরে মানুষ পানিবন্দী। যাত্রাবাড়ীর রহমত পুরসহ বিভিন্ন এলাকার মানুষ পানিবন্দী। সিদ্ধিরগঞ্জের নিমাই কাঁসারীসহ ৩ নম্বর ওয়ার্ডের বেশির ভাগ এলাকায় পানিতে জলাবদ্ধতা তৈরি হয়েছে।

এসব এলাকার পানি জমে থাকার কারণ জানতে চাইলে এসব এলাকার লোকজন বলছেন, পানি সরার কোনো জায়গা নেই। যাত্রাবাড়ীর মাতুয়াইল ইউনিয়ন পরিষদের সদস্য মমিনুল হক বলেন, পানিনিষ্কাশনের কোনো ব্যবস্থা নেই। এক মাসের বেশি সময় ধরে এলাকার লোক পানির মধ্যে আছে। কেবল এই জনপ্রতিনিধিই নন, ডেমরার মাতুয়াইল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শহীদুল ইসলাম বলেন, খাল দখল করে বানানো হয়েছে দোকানপাট-ঘরবাড়ি। খালে ফেলা হয় বাসাবাড়ির সব আবর্জনা। বৃষ্টি হলে আর পানি খাল দিয়ে যেতে পারছে না।
লাখো মানুষের জলাবদ্ধতা ব্যাপারে জানতে চাইলে পাউবোর মহাপরিচালক মো. মাহফুজুর রহমান প্রথম আলোকে বলেন, এসব এলাকায় অপরিকল্পিতভাবে বাড়িঘর ও কল-কলকারখানা তৈরি হয়েছে। এতে খালগুলো বন্ধ হয়ে গেছে। খালগুলো যদি সচল থাকত, তাহলে এলাকায় পানি জমে থাকত না। পানি সেচের খালে এসে জমা হতো। অবৈধভাবে দখল করা কিছু খাল উচ্ছেদে অভিযান চালানো হবে। যেসব এলাকায় জলাবদ্ধতা হয়েছে, দু-এক দিনের মধ্যে সেখানকার পানিনিষ্কাশনে ছোট ছোট সেচপাম্প লাগানো হবে।
