কেন শীর্ষ দুর্নীতি খাত, জানতে পুলিশের তদন্ত কমিটি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মোহাম্মদ জাবেদ পাটোয়ারী। ফাইল ছবি
মোহাম্মদ জাবেদ পাটোয়ারী। ফাইল ছবি
টিআইবির জরিপে দেশের সর্বোচ্চ দুর্নীতিগ্রস্ত খাত আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। টিআইবির জরিপে এ বাহিনীর নাম ওঠায় বিষয়টি খতিয়ে দেখতে তদন্ত কমিটি গঠন করেছে পুলিশ। টিআইবির জরিপ প্রতিবেদন অনুযায়ী, দুনীতিতে আইনশৃঙ্খলা রক্ষাকারী সংস্থার (৭২.৫ শতাংশ) পরে পাসপোর্ট ও ইমিগ্রেশন অধিদপ্তরের (৬৭.৩ শতাংশ) অবস্থান।


এক জরিপ প্রতিবেদনে দেশের সর্বোচ্চ দুর্নীতিগ্রস্ত খাত হিসেবে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নাম উঠে আসায় বিষয়টি খতিয়ে দেখতে কমিটি গঠন করেছে বাংলাদেশ পুলিশ। 

আজ শনিবার রাজধানীর মিরপুরে পিএসসি কনভেনশন হলে পুলিশ সদস্যদের মেধাবী সন্তানদের মাঝে বৃত্তি প্রদান শেষে সাংবাদিকদের এ কথা জানান পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) মোহাম্মদ জাবেদ পাটোয়ারী।

ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের (টিআইবি) জরিপ প্রতিবেদনে বলা হয়, দেশের সর্বোচ্চ দুর্নীতিগ্রস্ত খাত আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। টিআইবির জরিপ প্রতিবেদন প্রকাশের ১০ দিনের মাথায় শনিবার আইজিপি বলেন, তিনি প্রতিবেদনটি নিজে পড়ে দেখেননি, গণমাধ্যম থেকে এ সম্পর্কে জেনেছেন। পড়ার পর এ বিষয়ে তিনি মন্তব্য করতে পারবেন। তবে আইজিপি বলেন, বিষয়টি খতিয়ে দেখতে পুলিশ সদর দপ্তরে একটি কমিটি গঠন করা হয়েছে।

গত ৩০ আগস্ট প্রকাশিত টিআইবির জরিপ প্রতিবেদন অনুযায়ী, দুনীতিতে আইনশৃঙ্খলা রক্ষাকারী সংস্থার (৭২.৫ শতাংশ) পরে দ্বিতীয় স্থানে পাসপোর্ট ও ইমিগ্রেশন অধিদপ্তর (৬৭.৩ শতাংশ)। এর পরের অবস্থান বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ বিআরটিএর (৬৫.৪) শতাংশ।

নির্বাচন নিয়ে এক প্রশ্নের জবাবে জাবেদ পাটোয়ারী বলেন, আসন্ন জাতীয় নির্বাচনকে কেন্দ্র করে আন্দোলনের নামে যেকোনো অরাজকতা, বিশৃঙ্খলা ও অন্তর্ঘাত সৃষ্টি এবং দেশ অস্থিতিশীল করার চেষ্টা করা হলে সহ্য করা হবে না। পুলিশ যেকোনো পরিস্থিত মোকাবিলায় সক্ষম, এ কথা জানিয়ে তিনি বলেন, তাঁদের পর্যাপ্ত প্রস্তুতি রয়েছে এবং সব ধরনের পরিস্থিতি মোকাবিলায় প্রস্তুতি নিচ্ছেন।

বিএনপি নেতাদের গ্রেপ্তার নিয়ে প্রশ্নের জবাবে আইজিপি বলেন, বিএনপির সদস্যদের গ্রেপ্তারের সঙ্গে নির্বাচনের কোনো সম্পর্ক নেই। যাঁরা বিভিন্ন মামলায় অভিযুক্ত বা যাঁদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা রয়েছে, তাঁদের শুধু গ্রেপ্তার করছে পুলিশ।