কেন সংরক্ষণ করা হবে না জানতে চেয়ে রুল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঝিনাইদহের মহেশপুরে বীরশ্রেষ্ঠ হামিদুর রহমান মেমোরিয়াল ভবনটি সংস্কার ও যথাযথভাবে কেন সংরক্ষণ করা হবে না তা জানতে চেয়ে রুল দিয়েছেন হাইকোর্ট। পাশাপাশি ওই ভবনটির অবস্থা জানিয়ে আগামী ২৩ মার্চের মধ্যে প্রতিবেদন দাখিল করতে গৃহায়ণ সচিব ও ঝিনাইদহের গৃহায়ণ ও গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলীকে নির্দেশ দেওয়া হয়েছে।

আজ সোমবার বিচারপতি কাজী রেজাউল হক ও বিচারপতি মোহাম্মদ উল্লাহর সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এক রিট আবেদনের প্রাথমিক শুনানি নিয়ে রুলসহ এ আদেশ দেন।

১৯ জানুয়ারি একটি ইংরেজি দৈনিকে ‘ওয়ার হিরো মেমোরিয়াল অন ভারজ অব কলাপস’ শিরোনামে একটি প্রতিবেদন প্রকাশিত হয়। এটি যুক্ত করে গতকাল রোববার ‘সমাজের প্রতি যুবর উদ্যোগ’ নামে একটি মানবাধিকার সংস্থার সভাপতি ইমতিয়াজ আহমেদ রিটটি করেন। আদালতে রিটের পক্ষে শুনানিতে ছিলেন আইনজীবী এ বি এম আলতাফ হোসেন, এ আর এম কামরুজ্জামান কাঁকন ও শুভ্রজিৎ ব্যানার্জী।

পরে কামরুজ্জামান কাঁকন প্রথম আলোকে বলেন, ১৯৮১ সালে সরকার মহেশপুরে বীরশ্রেষ্ঠ হামিদুর রহমান মেমোরিয়াল ভবনটি তৈরি করে। পত্রিকায় প্রকাশিত প্রতিবেদনে দেখা যায়, এটার অবস্থা এখন খুবই জরাজীর্ণ। এ বিষয়ে প্রয়োজনীয় নির্দেশনা চেয়ে রিটটি করা হলে আদালত ওই আদেশ দেন।

সংস্কৃতি-বিষয়ক সচিব, গৃহায়ণ সচিব, প্রত্নতত্ত্ব বিভাগের মহাপরিচালক, ঝিনাইদহের জেলা প্রশাসক, মহেশপুরের উপজেলা নির্বাহী কর্মকর্তাসহ (ইউএনও) বিবাদীদের চার সপ্তাহের মধ্যে রুলের জবাব দিতে বলা হয়েছে বলেও জানান এই আইনজীবী।