ঝিনাইদহের মহেশপুরে বীরশ্রেষ্ঠ হামিদুর রহমান মেমোরিয়াল ভবনটি সংস্কার ও যথাযথভাবে সংরক্ষণ কেন করা হবে না, তা জানতে চেয়ে রুল দিয়েছেন হাইকোর্ট।
বিচারপতি কাজী রেজা-উল হক ও বিচারপতি মোহাম্মদ উল্লাহর সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এক রিট আবেদনের প্রাথমিক শুনানি নিয়ে গতকাল সোমবার এ আদেশ দেন। একই সঙ্গে ওই ভবনটির অবস্থা ও গৃহীত পদক্ষেপ জানিয়ে আগামী ২৩ মার্চের মধ্যে প্রতিবেদন দাখিল করতে গৃহায়ণসচিব ও ঝিনাইদহের গৃহায়ণ ও গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলীকে নির্দেশ দেওয়া হয়েছে।
এর আগে ১৯ জানুয়ারি একটি ইংরেজি দৈনিকে ‘ওয়ার হিরো মেমোরিয়াল অন ভারজ অব কলাপস’ শিরোনামে একটি প্রতিবেদন ছাপা হয়। এটি যুক্ত করে ‘সমাজের প্রতি যুবর উদ্যোগ’ নামে একটি মানবাধিকার সংস্থার সভাপতি ইমতিয়াজ আহমেদ রিটটি করেন। আদালতে রিটের পক্ষে শুনানিতে ছিলেন আইনজীবী এ বি এম আলতাফ হোসেন, এ আর এম কামরুজ্জামান কাঁকন ও শুভ্রজিৎ ব্যানার্জী। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল তাপস কুমার বিশ্বাস।
কামরুজ্জামান বলেন, ১৯৮১ সালে সরকার মহেশপুরে বীরশ্রেষ্ঠ হামিদুর রহমান মেমোরিয়াল ভবনটি তৈরি করে। পত্রিকায় প্রকাশিত প্রতিবেদনে দেখা যায়, এটির অবস্থা এখন খুবই জরাজীর্ণ। সংস্কৃতিবিষয়ক সচিব, গৃহায়ণসচিব, প্রত্নতত্ত্ব বিভাগের মহাপরিচালক, ঝিনাইদহের জেলা প্রশাসক, মহেশপুরের উপজেলা নির্বাহী কর্মকর্তাসহ বিবাদীদের চার সপ্তাহের মধ্যে রুলের জবাব দিতে বলা হয়েছে।