কেন ২০ লাখ টাকা ক্ষতিপূরণ পাবেন না জবেদ আলী?
হাইকোর্ট থেকে খালাস পাওয়ার পরও ১৩ বছর কারাগারে আটকে থাকা সাতক্ষীরার জবেদ আলী বিশ্বাসকে (৫৯) কেন ২০ লাখ টাকা ক্ষতিপূরণ দেওয়া হবে না তা জানতে চেয়ে রুল দিয়েছেন হাইকোর্ট।
এক রিট আবেদনের প্রাথমিক শুনানি শেষে বিচারপতি মঈনুল ইসলাম চৌধুরী ও বিচারপতি ইকবাল কবিরের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ আজ মঙ্গলবার এ রুল দেন। স্বরাষ্ট্রসচিব, আইনসচিবসহ বিবাদীদের রুলের জবাব দিতে বলা হয়েছে।
গত ৩ মার্চ প্রথম আলোতে ‘খালাসের রায়ের ১৩ বছর পর কারামুক্ত হলেন জবেদ আলী’ শিরোনোমে প্রকাশিত একটি প্রতিবেদন সংযুক্ত করে রিট আবেদন করা হয়। মানবাধিকার সংস্থা ‘চিলড্রেনস চ্যারিটি ফাউন্ডেশন বাংলাদেশ'-এর পক্ষে রিট আবেদনটি করে আইনজীবী আবদুল হালিম । অাজ তিনি নিজেই রিটের পক্ষে শুনানি করেন।
জবেদ আলী বিশ্বাসের বাড়ি সাতক্ষীরার কলারোয়া উপজেলার কয়লা গ্রামে। স্ত্রী ফরিদা খাতুন মারা যাওয়ার পর তাঁর দুই মেয়ে লিলি (৮) ও রেক্সোনা (৫) জেলার তালা উপজেলার মানিকহার গ্রামে মামা আবুল কাসেমের বাড়িতে থাকত। ১৯৯৪ সালের ৫ সেপ্টেম্বর জবেদ আলী শ্যালকের বাড়িতে বেড়াতে আসেন। ওই দিন লিলি মারা যায়। এ ঘটনায় শ্যালক আবুল কাসেম বিষ খাইয়ে লিলিকে হত্যার অভিযোগ এনে জবেদ আলীর বিরুদ্ধে তালা থানায় হত্যা মামলা করেন। পরদিন পুলিশ তাঁকে গ্রেপ্তার করে। এরপর ওই মামলায় জবেদ আলীর বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দেয় পুলিশ।
সাতক্ষীরার অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক সিরাজুল ইসলাম ২০০১ সালের ১ মার্চ জবেদ আলীকে যাবজ্জীবন কারাদণ্ড ও ৫০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও দুই বছরের কারাদণ্ড দেন। ওই রায়ের বিরুদ্ধে জবেদ আলী হাইকোর্টে জেল আপিল করেন।
২০০৩ সালের ১৯ মার্চ হাইকোর্ট জবেদ আলীকে নির্দোষ ঘোষণা করে বেকসুর খালাস দেন। ২৬ মার্চ হাইকোর্ট থেকে খালাসের আদেশ সাতক্ষীরা অতিরিক্ত দায়রা জজ আদালত-২-এ পৌঁছায়। সাতক্ষীরার তৎকালীন অতিরিক্ত দায়রা জজ হাইকোর্টের আদেশ কারাগারে না পাঠিয়ে তা আদালতের রের্কডরুমে সংরক্ষণের নির্দেশ দেন।
২০০৫ সালে জবেদ আলী খালাস পাওয়ার খবর পেয়ে কারা কর্তৃপক্ষকে জানান। এক যুগেরও বেশি সময় তিনি কারাগারে ছিলেন। খালাসের আদেশ আদালত থেকে কারাগারে পৌঁছাতে ১৩ বছর সময় লেগেছে।