কেনা খাবারের সাড়ে পাঁচ শতাংশ অপচয় হয়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মোট কেনা খাদ্যের সাড়ে ৫ শতাংশ অপচয় হয়। এর মধ্যে খাদ্য সংগ্রহ ও প্রস্তুতের সময় ৩ শতাংশ, খাবার প্রস্তুত থেকে পরিবেশনের সময় ১ দশমিক ৪ শতাংশ এবং খাবারের থালা থেকে অপচয় হয় ১ দশমিক ১ শতাংশ।

বরিশালের ছয়টি ইউনিয়ন ও বরিশাল সিটি করপোরেশনের দুটি ওয়ার্ডের ৫৪০টি খানার ওপর করা এক জরিপে এই তথ্য উঠে এসেছে। বাংলাদেশ উন্নয়ন গবেষণা প্রতিষ্ঠানের (বিআইডিএস) সিনিয়র রিসার্চ ফেলো নাজনীন আহমেদ ও ইকবাল আহমেদের তত্ত্বাবধানে গবেষণাটি হয়েছে। গতকাল বুধবার রাজধানীর সিরডাপ মিলনায়তনে খাদ্য অধিকার বাংলাদেশ ও ক্রিশ্চিয়ান এইড আয়োজিত জাতীয় সেমিনারে নাজনীন আহমেদ গবেষণার ফল তুলে ধরেন।

‘খাদ্যনিরাপত্তার জন্য দায়িত্বশীল খাদ্যাভ্যাস: ব্যক্তি ও রাষ্ট্রের ভূমিকা’ শীর্ষক ওই সেমিনারে নাজনীন আহমেদ বলেন, বাংলাদেশে নানাভাবে খাদ্যের অপচয় হলেও তা এখনো উন্নত দেশগুলোর চেয়ে কম। প্রতিবছর পৃথিবীতে মোট উৎপাদিত খাদ্যের ১২০ কোটি টন খাদ্যই নষ্ট হয়। প্রতিবছর ধনী দেশগুলো যে পরিমাণে খাদ্য নষ্ট করে, তা আফ্রিকার সাব-সাহারার দেশগুলোর মোট খাদ্য উৎপাদনের চেয়ে বেশি।

সেমিনারে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের পুষ্টি ও খাদ্যবিজ্ঞান ইনস্টিটিউটের অধ্যাপক খুরশীদ জাহান, খাদ্যমন্ত্রী কামরুল ইসলাম, খাদ্য অধিকার বাংলাদেশের ভাইস চেয়ারম্যান খোন্দকার ইব্রাহীম খালেদ, নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের চেয়ারম্যান মো. মাহফুজুল হক, খাদ্য অধিকার বাংলাদেশের সদস্যসচিব মহসিন আলী, খাদ্য অধিকার আন্দোলনের ভাইস চেয়ারম্যান মুহম্মদ হিলালউদ্দীন, ক্রিশ্চিয়ান এইডের প্রকল্প পরিচালক সঞ্জীব বিশ্বাস।