
পটুয়াখালীতে ঈদের বাজার জমে উঠেছে। দিন যতই ঘনিয়ে আসছে ততই ভিড় বাড়ছে শহরের বিপণিবিতানগুলোতে। তৈরি পোশাক, কাপড়চোপড়, পাদুকার ও প্রসাধনীর দোকানগুলোতে কেনাকাটা করতে গ্রামের মানুষজন ছুটে আসছেন। শিশু, বৃদ্ধা আর যুবক-যুবতীদের কোলাহলে বিপণিবিতানগুলো ঈদ আনন্দের আগাম বার্তা ছড়াচ্ছে।
এবারের ঈদে হালফ্যাশনের নামীদামি কাপড়, তৈরি পোশাক, নতুন ডিজাইনের জুতা, আকর্ষণীয় প্রসাধনীসহ বিভিন্ন মালামাল আমদানি করেছেন দোকানিরা। ক্রেতাদের আকর্ষণ বাড়াতে তাঁরা নতুনত্বের আবির্ভাব ঘটানোর চেষ্টা চালিয়েছেন। যে যত বৈচিত্র্য তুলে ধরতে পারছেন, সেখানেই তত ভিড় বেশি। সবচেয়ে বেশি ভিড় কাপড়চোপড় আর জুতার দোকানে। স্বল্প আয়ের মানুষেরা যাচ্ছেন পার্কপাড়া ও পুরোনো টাউন হলের বারান্দার মার্কেটে সাধ্য অনুযায়ী কেনাকাটা করতে। তবে শখ করে গয়না কিনতে মানুষ যাচ্ছেন কম সোনার দোকানে। তাই কোনো জৌলুশ নেই জুয়েলারিগুলোতে।
শহরের নতুনবাজার, আদালতপাড়া, নিউমার্কেট, পুলিশ মার্কেট, পার্কপাড়া, পোস্ট অফিস রোডসহ বিভিন্ন মার্কেট ঘুরে দেখা গেছে, এবারের ঈদবাজারে তরুণ-তরুণীদের কাছে ব্যাপক আকর্ষণীয় ভারতীয় সিনেমা বাহুবলী নামের পোশাকের। এ ছাড়া তরুণীদের রাখী বন্ধন, রাজকন্যা পোশাকের ওপরও আগ্রহ রয়েছে।
আদালতপাড়া এলাকার সোনারগাঁও ফ্যাশনের বিক্রয়কর্মী মো. জসিমউদ্দিন জানান, গতবারের চেয়ে এবার বেচাকেনা বেশি। আসলে দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে ক্রেতার উপস্থিতি কম ছিল। তবে এখন আবহাওয়া অনুকূলে, তাই ক্রেতাদের আগমন বাড়ছে এবং এ রকম আবহাওয়া থাকলে গ্রামগঞ্জের ক্রেতাদের আগমন আরও বাড়বে। তাঁদের বিক্রিও ভালো হবে।
তিনি জানান, বাহুবলী-১ ও বাহুবলী-২ নামের মেয়েদের থ্রি-পিস সাড়ে ৩ হাজার থেকে ৮ হাজার টাকায় বিক্রি হচ্ছে। একই নামে ছেলেদের পাঞ্জাবি বিক্রি হচ্ছে সাড়ে ৩ হাজার থেকে ৬ হাজার টাকায়। এ ছাড়া মেয়েদের থ্রি-পিস রাখী বন্ধন দেড় হাজার থেকে ৪ হাজার টাকা, রাজকন্যা বিক্রি হচ্ছে ২ হাজার ৮০০ থেকে সাড়ে ৩ হাজার টাকায়। ভারতীয় মটকা পাঞ্জাবি বিক্রি হচ্ছে ২ হাজার থেকে ৫ হাজার টাকায়।
পোস্ট অফিস রোডের জনতা বস্ত্রালয়ের মালিক মিহির পাল জানান, ঢাকার জামদানি ৩ হাজার থেকে ১০ হাজার টাকা, চেন্নাই জামদানি ২ হাজার থেকে ৫ হাজার টাকা, বেনারসি ৮ হাজার থেকে ২৫ হাজার টাকা, সিল্ক কাতান ৫ হাজার থেকে ২০ হাজার টাকায় বিক্রি হচ্ছে। এ ছাড়া টাঙ্গাইল, ধুপিয়ান, তসর সিল্ক, মসলিন, জর্জেট, কুড়িকাজ, ইন্ডিয়ান প্রিন্ট, পাকিস্তানি থ্রি-পিস, মেটাল থ্রি-পিস, লং ফ্রক, বুটিক সেট ও লং থ্রি-পিস পোশাকগুলো জনপ্রিয়তা পেয়েছে। এগুলো ২ হাজার থেকে ১০ হাজার টাকা পর্যন্ত দামে বিক্রি হচ্ছে। তৈরি পোশাকের মধ্যে বাচ্চাদের বাবাসেট, বয়শার্ট, নিমা, গেঞ্জি সেট, ফ্রক, স্কার্ট, থ্রি কোয়ার্টার, আর পুরুষের শর্ট ও লং পাঞ্জাবি, কেজুয়াল ও ফরমাল শার্টের চাহিদা মন্দ নয়।
শহরের আট-নয়জন দোকানির সঙ্গে কথা বলে জানা গেছে, এবারের ঈদেও টাঙ্গাইল শাড়ি, সুতি বুটিক, সুতি জামদানি, তাঁতের কাপড়, জর্জেট, ধারকান, তসর সিল্ক, মণিপুরি সিল্ক, মসলিন সিল্ক ও সিনথেটিক নেট মেটাল কাজের শাড়ির চাহিদা রয়েছে।
এদিকে শহরের পাদুকার দোকানগুলোতে উপচে পড়া ভিড় দেখা গেছে। তরুণ-তরুণীদের পাশাপাশি শিশুরাও নিজেদের পছন্দের পাদুকা কিনতে দোকানে ভিড় করছে। প্রসাধনী ও ইমিটেশনের গয়নার দোকানে ক্রেতাদের সমাগম রয়েছে। তবে স্থানীয় জুয়েলারি দোকানে ক্রেতাদের আনাগোনা খুব কম। স্বর্ণের উচ্চমূল্যের কারণে বিয়েশাদি কিংবা ঠেকা ছাড়া অনেকেই এখন আর শখ করে সোনার গয়না গড়াতে কিংবা কিনতে আসেন না বলে জানিয়েছে জুয়েলারি মালিক সমিতি।
এদিকে দোকানপাটের বেচাকেনা নির্বিঘ্ন করতে প্রশাসনের পক্ষ থেকে নেওয়া হয়েছে বাড়তি নিরাপত্তার ব্যবস্থা।