
রমজান মাসের প্রথম রোজা থেকেই সাতকানিয়া উপজেলার বিভিন্ন বিপণিকেন্দ্রে কেনাকাটা জমে উঠেছে। ঈদ উপলক্ষে বিভিন্ন দোকানে বিক্রি হচ্ছে দেশি–বিদেশি বাহারি ডিজাইনের শাড়ি, থ্রি–পিস, তৈরি পোশাক, পাঞ্জাবি, ফতুয়া, জুতা-স্যান্ডেল ও প্রসাধনসামগ্রী।
উপজেলা সদর, কেরানীহাট, মির্জাখীল বাংলা বাজার ও দেওদীঘি-ফুলতলা বাজারের বিপণিকেন্দ্রগুলোতে এখন ক্রেতাদের ভিড়।
বিক্রেতারা জানান, শাড়ির মধ্যে এবার চলছে বিভিন্ন রকমের কাতন ও জামদানি। মেয়েদের পোশাকের মধ্যে লম্বা ঝুলের ফ্রক ও কামিজই পছন্দ করছেন ক্রেতারা। বিক্রি হচ্ছে শিশুদের রং-বেরঙের ফ্রক, স্কার্ট, লেহেঙ্গা, শার্ট-প্যান্ট ও পাঞ্জাবি। ছেলেদের শার্ট, টি-শার্ট, জিনসের প্যান্ট ও হাতের কাজ করা পাঞ্জাবির বিক্রিও বেশ ভালো।
৮ জুলাই কেরানীহাটের বিপণিকেন্দ্র নিউ মার্কেটের উপহার দোকানে কথা হয় বাজালিয়া এলাকার বাসিন্দা মো. এনায়েত উল্লাহর (৫৬) সঙ্গে। তিনি বলেন, ‘রোজার প্রথম দিন ছেলেমেয়েদের জন্য স্যান্ডেল কিনেছি। আজ নিজের জন্য পোশাক কিনতে এসেছি। পছন্দ হলেই কিনে ফেলব, কারণ দেরি করে কিনলে পছন্দসই কাপড় পাওয়া যায় না।’
হক টাওয়ারে কথা হয় সাবিনা ইয়াসমিনের (২৫) সঙ্গে। তিনি বলেন, ‘কয়েকটি দোকান ঘুরে দেখেছি। প্রায় প্রত্যেক দোকানেই পছন্দসই পোশাক আছে। তবে দাম আগের তুলনায় অনেক বেশি। তাই দরদাম করে পোশাক কিনব।’
উপজেলা সদরের ‘সুন্দরী শাড়ি ও থ্রি-পিস’ দোকানের স্বত্বাধিকারী মো. রেজাউল করিম বলেন, ক্রেতাদের চাহিদামতো কাপড় থাকায় এবার রোজার শুরু থেকেই বিক্রি ভালো হচ্ছে। বিক্রেতাদের সঙ্গে কথা বলে জানা যায়, বিভিন্ন দোকানে মানভেদে কাতান ও জামদানি শাড়ি এক হাজার ৫০০ থেকে ১০ হাজার, সাধারণ সুতি শাড়ি ৩০০ থেকে তিন হাজার ৫০০, থ্রি-পিস ও ফ্রক ৭০০ থেকে ১৩ হাজার ৫০০ টাকা, শার্ট ও টি-শার্ট ৪০০ থেকে দুই হাজার টাকা এবং পাঞ্জাবি ৩০০ থেকে তিন হাজার টাকায় বিক্রি হচ্ছে।