কপালে টিপ, হাতে চুড়ি—এ যেন বাঙালি নারীর চিরায়ত রূপ। হালের ঈদ ফ্যাশনেও মেয়েরা খুঁজছেন টিপ আর চুড়ি। পোশাক যে রকমই হোক, পশ্চিমাধর্মী বা দেশীয় ঐতিহ্যবাহী, এর সঙ্গে মানানসই টিপ-চুড়ি চাই-ই চাই।আর এর সঙ্গে পাল্লা দিয়ে ছেলেরা খুঁজছে ব্রেসলেট। গলার জন্য ধাতব চেইন কেনার প্রতিযোগিতায়ও পিছিয়ে নেই তারা। মঙ্গলবার রাজধানীর ঈদের বাজার ঘুরে এ রকম দৃশ্য নজরে পড়ল।ঈদের কেনাকাটার তালিকার শেষে রয়েছে গয়নার বায়না। বিয়ের পর প্রথম ঈদ পাপিয়ার। তাই ঈদের দিন বাঙালি নারীর চিরায়ত পছন্দের পোশাক শাড়ি পরবেন। শাড়ি কেনা শেষে এর সঙ্গে মিলিয়ে কানের দুল আর মালা কেনার বায়না নিয়ে বরসহ এসেছেন ধানমন্ডির জেনেটিক প্লাজায়। ঈদে গ্রামের বাড়ি যাবেন রজনী আক্তার। তিনি কিনবেন কানের দুল ও মালা। সঙ্গে থাকবে হাতভর্তি কাচের চুড়ি। ধানমন্ডির রাপা প্লাজা, জেনেটিক প্লাজা ও মেট্রো শপিংমলের অলংকারের দোকানে জমজমাট ভিড়। সেই সঙ্গে রয়েছে চড়া দামের ধাক্কা। ধাতবের অলংকারের মালা পাওয়া যাচ্ছে ২৫০ থেকে ৩০০ টাকায়, কাচের চুড়ি পাওয়া যাবে ৩০ টাকা ডজন, হাতের চুড়ি ৪০০ টাকা জোড়া।জেনেটিক প্লাজার একটি দোকানের বিক্রয়কর্মী মাহফুজ জানান, এবার জমকালো পোশাকের সঙ্গে হালকা স্টোনের মালা ও দুল বেশ বিক্রি হচ্ছে। শুধু গয়না কেনা হলেই ঈদের কেনাকাটা শেষ হবে, জানালেন জুরাইন থেকে আসা শারমিন আজাদ। তিনি বলেন, বসুন্ধরা সিটিতে অলংকারের দাম এবার বেশি। তিনি অক্সিডাইজের একটা পায়েল কিনেছেন। দাম নিয়েছে ৩০০ টাকা। চাঁদনি চকে বাহারি অলংকারের দোকানের সারিতে দাঁড়িয়ে নিশিতা জানান, পুঁতি ও স্টোনের গলার সেট কিনতে এসেছেন। জামার রঙের সঙ্গে মিলিয়ে গয়না কিনতে হলে পুঁতির অলংকারের কোনো বিকল্প নেই। এ ছাড়া মাটি, কড়ি, ধাতব, অক্সিডাইজ, সুতা ও চামড়ার অলংকার পাওয়া যাচ্ছে কে ক্রাফট, বিবিয়ানা, নগর-দোলা, দেশাল, সাদাকালো, রং ও অঞ্জনসে। সুতা ও চামড়ার সঙ্গে পুঁতির অলংকারের বেশ চাহিদা লক্ষ করা যায়। ব্র্যান্ডের সব অলংকার পাওয়া যাবে বিভিন্ন দামে। যেমন কানের দুল ১০০ থেকে ৫০০, মালা ২০০ থেকে ৫৫০, চুড়ি ১০০ থেকে ৫০০, কানের সেট পাওয়া যাবে ২০০ থেকে দেড় হাজার টাকার মধ্যে। মেয়েদের পাশাপাশি ছেলেরাও ঘুরে ঘুরে পছন্দ করছে প্রিয় রঙের ব্রেসলেট। পাঞ্জাবির সঙ্গে ছেলেরা কিনছে রোদ-চশমা।