কেনাকাটায় ভারতীয় টিভি চ্যানেলের প্রভাব

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মেয়ে লামাইয়াকে নিয়ে গ্রাম থেকে কুষ্টিয়া শহরে ঈদের কেনাকাটা করতে এসেছেন গৃহিণী শান্তা হাসান। শহরের এক বিপণিবিতানে ঢুকতেই একটি পোশাক লামাইয়ার নজর কাড়ে। ওই পোশাকটা নাকি ঝিলিক (কলকাতার স্যাটেলাইট বাংলা চ্যানেলের ধারাবাহিক নাটকের একটি চরিত্র) পড়ে। সঙ্গে সঙ্গে মায়ের কাছে আবদার। পোশাকটির দাম তিন হাজার টাকা। ওই টাকা দিয়ে মেয়েকে পোশাকটি কিনে দেওয়ার সামর্থ্য মা শান্তা হাসানের নেই। শুরু হয় মা-মেয়ের মান-অভিমান।শুধু লামাইয়া নয়, শহরে বাজার করতে আসা তার মতো অনেকেই ভারতের পশ্চিমবঙ্গের স্যাটেলাইট বাংলা চ্যানেলের সিরিয়ালে দেখানো অভিনেত্রীদের পোশাকে আকৃষ্ট। এ কারণে বিক্রেতারাও পোশাকের গায়ে ঝিলিক, টাপুরটুপুর, খুশি, রাশিসহ বিভিন্ন চরিত্র ও সিরিয়ালের নাম লিখে রেখেছেন। এসব পোশাকের দাম সর্বনিম্ন আড়াই হাজার থেকে সর্বোচ্চ আট হাজার টাকা পর্যন্ত।কুষ্টিয়া শহরের সিরাজদৌলা সড়কের একটি দোকানে শাড়ির গায়ে লেখা রয়েছে ‘রাশির শাড়ি’, ‘রাশির শাশুড়ির শাড়ি’। ওই দোকানের ব্যবস্থাপক ফজলুর রহমান বলেন, মূলত ক্রেতাদের আকৃষ্ট করতেই দোকানিরা কাপড়ের গায়ে এসব নাম লিখে রাখছেন। তা ছাড়া অনেক ক্রেতা দোকানে এসেই প্রথমে এসব পোশাকের কথা জিজ্ঞেস করেন। ফজলুর রহমান আরও বলেন, ভারতীয় সিরিয়ালের কারণে দেশীয় কাপড়ের বাজারে ভাটা পড়েছে। আর এ সুযোগটা দোকানিরাও নিচ্ছেন। লাভলী টাওয়ারের পাশের এক দোকানি বলেন, ভারতীয় এ পোশাকগুলো তাঁরা ঢাকা থেকে নিয়ে এসেছেন। কুষ্টিয়ার অতিরিক্ত পুলিশ সুপার জয়নুল আবেদিন বলেন, ভারতীয় পোশাকগুলো অবৈধভাবে শহরে প্রবেশ করছে। গত শুক্রবারও শহরের ত্রিমোহনী এলাকা থেকে ২৪০টি থ্রিপিসসহ একজনকে গ্রেপ্তার করা হয়েছে। পুলিশ যথাসাধ্য নজর রাখছে।