কেনাকাটায় যেতে পারছে না নারীরা, ব্যবসায়ীরা উদ্বিগ্ন
২৫ আগস্ট বিকেল সাড়ে পাঁচটা। কক্সবাজার শহরের লালদীঘির দক্ষিণপাড়ার অভিজাত বিপণি ইডেন গার্ডেন সিটি মার্কেটে ঈদের বাজার করতে ঢুকছেন কলেজপড়ুয়া দুই তরুণী। মার্কেটের সামনে খোলা জায়গায় রাখা তিনটি মোটরসাইকেলের ওপর বসা তিন তরুণ তাঁদের দেখে শুরু করে হাসাহাসি। তারপর গেয়ে ওঠে ‘সুন্দরী চলেছে একা পথে...।’ তরুণীরা ফিরে তাকালে দুই বখাটে তরুণ হাত তুলে তাঁদের টা-টা (ইশারা) দেয়। তরুণীরা অবস্থা বেগতিক দেখে দ্রুত মার্কেটের ভেতর ছুটলে এক বখাটে তরুণ তাঁদের পিছু নেয়। একপর্যায়ে সে এক মেয়ের সামনে গিয়ে বলে, ‘কিছু বলবে নাকি’? কোনো উত্তর না দিয়ে মেয়েটি একটি দোকানে ঢুকে পড়েন। পেছনে পেছনে বখাটে তরুণও। একপর্যায়ে দুই তরুণী দ্রুত বাইরে এসে একটি টমটমে (ব্যাটারিচালিত ট্যাক্সি) ওঠে পশ্চিম দিকে (ঝাউতলা) চলে যান। ইডেন গার্ডেন সিটি মার্কেট ও আশপাশের কয়েকটি প্রতিষ্ঠানের কয়েকজন ব্যবসায়ী ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, বিকেল চারটার পর থেকে গভীর রাত পর্যন্ত ঈদের কেনাকাটার জন্য আসা মেয়েরা বখাটে তরুণদের হাতে প্রতিনিয়ত নিগৃহীত হচ্ছেন। স্থানীয় বলে বখাটে তরুণদের কিছু বলা যায় না, তাদের বিরুদ্ধে কিছু করাও যায় না। তাঁরা আরও জানান, মার্কেটের সামনে প্রতিদিন বিকাল থেকে বখাটে তরুণেরা আড্ডা জমায়। এ কারণে মেয়েরা সন্ধ্যার পর ঈদের কেনাকাটার জন্য মার্কেটে আসতে নিরাপদবোধ করছেন না। এতে বেচা-বিক্রিও হচ্ছে কম।সরেজমিনে শহরের নিউমার্কেট, বার্মিজ মার্কেট, এ সালাম মার্কেট, সি-কুইন মার্কেট, ফজল মার্কেট, সুপার মার্কেট, হকার্স মার্কেটসহ বিভিন্ন বিপণিকেন্দ্রে বখাটে তরুণদের উৎপাত দেখা গেছে। এ সময় মার্কেটগুলোতে নারী ক্রেতাদের ভিড় তেমন নজরে পড়েনি, নজরে পড়েনি পুলিশের কোনো টহল। তবে একটি জিপ গাড়িতে কিছু পুলিশ সদস্যকে প্রধান সড়কে টহল দিতে দেখা গেছে। নিউমার্কেটের ব্যবসায়ী সিদ্দিক আহমদ জানান, বিকেল থেকে গভীর রাত পর্যন্ত বখাটে তরুণেরা দল বেঁধে মার্কেটের সামনে, প্রধান ফটকে বা গলিতে আড্ডা মারে। এদের ভয়ে মেয়েরা স্বাভাবিকভাবে কেনাকাটা করতে পারছেন না। নাম প্রকাশে অনিচ্ছুক আরও কয়েকজন দোকান মালিক জানান, ইডেন গার্ডেন সিটি, বিলকিস মার্কেট, এ সালাম মার্কেট, বার্মিজ মার্কেটে প্রতিদিন বিকেল পাঁচটা থেকে রাত ১০টা পর্যন্ত দুই শাতাধিক নিবন্ধনহীন মোটরসাইকেল নিয়ে বখাটে তরুণেরা আড্ডা মারে। লোডশেডিংয়ের সময় তারা মার্কেটের ভেতর ঢুকে ভিড়ের মধ্যে মেয়েদের উত্ত্যক্ত করে।কক্সবাজার শহরের ৩২টি দোকান মালিক সমিতির আওতাধীন প্রায় তিন হাজার দোকানপাট রয়েছে। এই ৩২টি সমিতি নিয়ে গঠিত কক্সবাজার দোকান মালিক ফেডারেশনের সভাপতি মোস্তাক আহমদ জানান, ঈদের কেনাকাটায় আসা মেয়েদের বখাটে তরুণদের উপদ্রপ থেকে রক্ষা করা যাচ্ছে না। বখাটে তরুণদের কারণে সন্ধ্যার পর মেয়েরা ঈদের বাজারে যেতে পারছেন না। ফলে বেচা-বিক্রিও কম হচ্ছে। তিনি অভিযোগ করেন, গত বছরের এই সময়ে প্রশাসন ও সমাজের বিভিন্ন স্তরের লোকজন দোকান মালিক ও ব্যবসায়ীদের নানাভাবে সহযোগিতা করছেন। আবার সেটা হচ্ছে না। বাজার এলাকায় যারা বখাটেপনা করছে, তারা সবাই একটি রাজনৈতিক দলের কিছু নেতার আশ্রয়ে চলে। বখাটে তরুণদের পুলিশে দিলে ওই নেতারা তাদের ছাড়িয়ে নেন। তখন উল্টো ব্যবসায়ীদের ওপর নেমে আসে নানা নির্যাতন। এ কারণে কোনো ব্যবসায়ী বখাটে তরুণদের বিরুদ্ধে মুখ খোলার সাহস পান না।এই প্রসঙ্গে পুলিশ সুপার (ভারপ্রাপ্ত) নুরে আলম জানান, ঈদের কেনাকাটায় মেয়েদের নিরাপত্তা, ইভ টিজিং প্রতিরোধ ও বখাটে তরুণদের গ্রেপ্তারে পুলিশের একাধিক দল মাঠে নেমেছে। এ জন্য সাদা পোশাকে ২০ জনের বেশি নারী পুলিশ সদস্যকে কাজে লাগানো হচ্ছে। সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা প্রদীপ কুমার দাশ জানান, নিবন্ধনহীন মোটরসাইকেল জব্দ ও বখাটে তরুণদের গ্রেপ্তারে পুলিশের দুটি ভ্রাম্যমাণ দল টহলে রয়েছে।